কোমিকে সরিয়ে ট্রাম্প নার্ভাস?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসিডেন্ট ট্রাম্প ও এফবিআই–এর সাবেক প্রধান জেমস কোমি l ছবি: রয়টার্স
প্রেসিডেন্ট ট্রাম্প ও এফবিআই–এর সাবেক প্রধান জেমস কোমি l ছবি: রয়টার্স

আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) লাখ লাখ অতি স্পর্শকাতর নথিপত্র ফাঁস করে রাশিয়ায় আশ্রয় নেওয়া সিআইএর সাবেক আইটি কর্মী অ্যাডওয়ার্ড স্নোডেনকে ধরে এনে জেলে পোরার কম চেষ্টা করেননি এফবিআইয়ের বরখাস্ত হওয়া পরিচালক জেমস কোমি। কোমি শুরু থেকেই স্নোডেনকে একজন ‘বিশ্বাসঘাতক’ ও ‘দাগি আসামি’ বলে প্রচার করে এসেছেন। তা সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প কোমিকে বরখাস্ত করার পর স্নোডেন গত সপ্তাহে টুইট করেছেন, ‘আমার রাজনৈতিক কার্যকলাপের জন্য আমাকে জেলে ঢোকানোর জন্য এই এফবিআই পরিচালক বছরের পর বছর চেষ্টা চালিয়েছেন। সেই আমি যদি তাঁর বরখাস্তের বিরোধিতা করতে পারি, তবে আপনিও পারেন।’ সম্পূরক এক টুইটে স্নোডেন বলেন, ‘রাজনীতি থেকে সরে এসে প্রত্যেক আমেরিকানের উচিত ব্যুরোর (এফবিআই) কাজে এসব রাজনৈতিক হস্তক্ষেপের বিরোধিতা করা।’
পুলিৎজার পাওয়া মার্কিন সাংবাদিক গ্লেন অ্যাডওয়ার্ড গ্রিনওয়াল্ড যিনি দীর্ঘদিন এফবিআইয়ের চক্ষুশূল ছিলেন, তিনিও কোমির বরখাস্তের প্রতিবাদ করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, কোমির বরখাস্তের বিষয়ে তাঁর বিরোধিতার মানে এই নয় যে তিনি কোমির সব কাজ সমর্থন করছেন। তিনি বলেছেন, ট্রাম্প ও তাঁর সহযোগীরা প্রতিনিয়ত আমেরিকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক জাগানোর মতো যেসব কাজ করছেন, তার একটা বড় দৃষ্টান্ত হলো কোমিকে সরিয়ে দেওয়া।
তার মানে, বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিসহ আমজনতা এমনকি কোমির ঘোর শত্রুরাও কোমিকে সরিয়ে দেওয়াটা মেনে নিতে পারেননি। ট্রাম্পের নিজের দলেরই উচ্চপর্যায়ের অনেক নেতাও বিষয়টিকে ভালো চোখে নেননি। সংবাদমাধ্যমে এখন পর্যন্ত যা এসেছে, তাতে দেখা যাচ্ছে, নির্বাচনে ট্রাম্পের জয়ের পেছনে রাশিয়ার কতটুকু হাত ছিল, তা জনসমক্ষে উন্মোচিত হওয়ার একটা আশঙ্কা থেকে ট্রাম্প কোমিকে সরিয়ে দিয়েছেন।
রাশিয়ার সঙ্গে নির্বাচনের সময় থেকেই ট্রাম্প শিবিরের যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, তা এখন পরিষ্কার। ট্রাম্প শপথ নেওয়ার আগেই তাঁর উপদেষ্টা মাইকেল ফ্লিন ওয়াশিংটনে রুশ কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। এর জের ধরেই ফ্লিনকে সরে যেতে হয়। গণমাধ্যমের খবর অনুযায়ী, নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি তদন্ত করতে কোমি জাস্টিস ডিপার্টমেন্টের কাছে ট্রাম্প-সংশ্লিষ্ট তথ্য চেয়েছিলেন। কোমির এই ‘বেয়াদবি’ মেনে নিতে পারেননি ট্রাম্প। কোমি ‘থলের বিড়াল’ বের করে ফেলতে পারেন—এটা জেনেও তাঁকে গদিতে বসিয়ে রাখার সাহস ট্রাম্পের হয়নি। ফলে কোমিকে যেতেই হলো।
একইভাবে, ওয়াটারগেট কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার জন্য প্রেসিডেন্ট নিক্সন ওই ঘটনার তদন্ত কর্মকর্তা আর্চিব্যাল্ড কক্সকে সরিয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত পার পাননি নিক্সন। সরে তাঁকে যেতেই হয়েছিল। ট্রাম্পকে হয়তো সরতে হবে না। কিন্তু কোমি ইস্যু আস্তে আস্তে যেভাবে পাকিয়ে উঠছে, তা তাঁকে প্রচণ্ড বিপদে ফেলতে যাচ্ছে—এটি পরিষ্কার।
কোমি যাতে মিডিয়ার কাছে মুখ না খোলেন, সে জন্য তাঁকে আগাম একটা হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। এক টুইট বার্তায় ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তাঁর ও কোমির মধ্যে যেসব কথা হয়েছে, গোপনে তা রেকর্ড করা আছে। কোমি মুখ খুললেই সেসব প্রকাশ করা হবে।
এ ধরনের কোনো রেকর্ড সত্যি সত্যি আছে কি না, সে বিষয়ে চুপ আছে হোয়াইট হাউস। এর অর্থ, রেকর্ড থাকতেও পারে, আবার না-ও পারে। ডেমোক্রেটিক পার্টির পাশাপাশি ক্ষমতাসীন রিপাবলিকান দলেরও শীর্ষস্থানীয় নেতারা এ বিষয়টি ট্রাম্পকে খোলাসা করতে বলেছেন।
সিনেটে ডেমোক্রেটিক পার্টির নেতা চার্লস শুমার বলেছেন, কোমির সঙ্গে ট্রাম্পের কথোপকথনের কোনো টেপ থাকলে তা ট্রাম্পকে প্রকাশ করতে হবে। আর টেপ না থাকলে ট্রাম্পকে জেমস কোমি এবং আমেরিকার জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ ধরনের টেপ নষ্ট করা হলে তা আইনের লঙ্ঘন হবে। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, এ ধরনের টেপ থেকে থাকলে হোয়াইট হাউসকে অবশ্যই তা প্রকাশ করতে হবে।
ট্রাম্প দৃশ্যত এসব প্রতিক্রিয়াকে পাত্তা দিচ্ছেন না। কিন্তু তাঁর অতি সাবধানতা ও আক্রমণাত্মক কথাবার্তায় মোটা দাগে মনে হয়, তিনি বেশ নার্ভাস হয়ে পড়েছেন। ট্রাম্প কোমিকে হুমকি দিয়ে যে টুইট করেছেন তাতে বোঝা যায়, কোমির কাছে যে তথ্য আছে, তা ফাঁস করলে তাঁর সরকার বড় ধরনের ঝাঁকুনি খাবে। কোমি যদি শেষ পর্যন্ত সে ধরনের কোনো বোমা ফাটান এবং ঝাঁকুনিটা দেন, তাহলে সেই ঝাঁকুনি ট্রাম্প সামলে উঠতে পারবেন তো?—উপলব্ধির অন্তর্লোকে এমন একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।