নুর আলম-মোশাররফ পরিষদের প্রতিবাদ সভা
কোম্পানীগঞ্জ সমিতির নির্বাচন প্রক্রিয়া এক সপ্তাহের মধ্যে শুরুর দাবি

কোম্পানীগঞ্জ সমিতির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী নুর আলম-মোশাররফ পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর সন্ধ্যায় নিউইয়র্কের চার্চ ম্যাকডোনাল্ড এলাকার এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ সভা থেকে এক সপ্তাহের মধ্যে সমিতির নির্বাচনী কার্যক্রম শুরুর দাবি জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জহির উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জের ব্যবসায়ী, মেট্রো হোমসের মালিক ফখরুল ইসলাম। নঈম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আল হারুন, গোলাম সরোয়ার, আবু সুফিয়ান, সমিতির উপদেষ্টা শাহ আলম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব জাহাঙ্গীর আলম, সভাপতি পদপ্রার্থী নুর আলম সিদ্দিক, বর্তমান সেক্রেটারি মোশাররফ হোসেন, প্রধান সমন্বয়কারী নাঈম টুটুল, কার্যকরী কমিটির সদস্য মোতাছিম বিল্লা সিরাজী, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, এনামুল হক, আব্দুর রহিম, শাহাদাত হোসেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন নুর আলম চাষী, নুরুল করিম মোল্লা, জিয়া উদ্দিন, শওকত মাসুদ প্রমুখ।
সভায় বক্তারা নির্বাচন কমিশন ও ট্রাস্টি বোর্ডের অনিয়ম এবং প্রতিদ্বন্দ্বী পরিষদের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানান। সভা থেকে, এক সপ্তাহের মধ্যে নির্বাচনী কার্যক্রম শুরুর দাবি জানানো হয়। এ সময়ের মধ্যে স্থগিত ঘোষিত নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে ব্যর্থ হলে নির্বাচন কমিশনকে পদত্যাগ করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা বলেন, সমিতির সাধারণ সভা সংবিধান পরিবর্তনের জন্য সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ। সাধারণ সভায় পাস করা সংবিধান ট্রাস্টি বোর্ডের সদস্যদের একাংশ কোনোভাবেই পরিবর্তন করতে পারেন না। এটি গঠনতন্ত্রবিরোধী।
সভায় সমিতির বর্তমান কমিটির সেক্রেটারি মোশাররফ হোসেন প্রতিদ্বন্দ্বী পরিষদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি বর্তমান কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত, যৌথসভায় গৃহীত সিদ্ধান্তের লিখিত অনুলিপি সবাইকে প্রদর্শন করেন। ‘সমিতির বাড়ি ক্রয় নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে’ বলেও তিনি মন্তব্য করেন।