কোরীয় উপসাগর মুখে মার্কিন রণতরি
মার্কিন সেনাবাহিনী কোরীয় উপসাগরের দিকে রণতরি পাঠানোর নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে বিমানবাহী রণতরি ও কয়েকটি যুদ্ধজাহাজ। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে চলমান উদ্বেগের মধ্যে এ ঘটনা ঘটল।
বিবিসি ও এএফপির খবরে জানা যায়, নৌবাহিনীর এই ‘স্ট্রাইক গ্রুপে’ কার্ল ভিনশনসহ আরও কয়েকটি রণতরি রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় (প্যাসিফিক) কমান্ডের মুখপাত্র ডেভ বেনহাম বলেন, দায়িত্বজ্ঞানহীন এবং ধ্বংসাত্মক পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাওয়ায় উত্তর কোরিয়া হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু হুমকি একাই মোকাবিলা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়া বেশ কয়েকটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়া পরমাণু ক্ষেপণাস্ত্র উন্নয়নের কাজ চালাচ্ছে। দেশটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে বলেও বিশেষজ্ঞদের ইঙ্গিত রয়েছে।
তবে উত্তর কোরিয়া বলছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সামরিক মহড়ার কারণে তারা এ রকম কর্মসূচি চালাচ্ছে। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের দিকেও নজর রাখছে উত্তর কোরিয়া। সিরিয়ায় ট্রাম্পের ক্ষেপণাস্ত্র হামলাকে অসহনীয় ও আক্রমণাত্মক বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া।