কোলন শহরে বিক্ষোভে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিক্ষোভকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু করে।  ছবি: প্রথম আলো
বিক্ষোভকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু করে। ছবি: প্রথম আলো

নানা দাবিতে পানামার কোলন শহরে বিক্ষোভ চলছে। বিক্ষোভে শহরটিতে অচলাবস্থা বিরাজ করছে।
৭ জানুয়ারি সকাল থেকে প্রায় সাত ঘণ্টা কোলন শহর অচল করে রেখেছিল বিক্ষোভকারীরা। এ সময় কোনো যান চলাচল করতে দেওয়া হয়নি।
পানামার রাজধানী পানামা সিটি থেকে ৩০ মাইল দূরের এই শহরে ৭ জানুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভকারীরা নানা দাবিতে রাস্তায় নেমে আসে। দাবিগুলোর মধ্যে রয়েছে—উচ্চ বেকারত্বের হার হ্রাস, বিশুদ্ধ পানির পর্যাপ্ত সরবরাহ, সাশ্রয়ী মূল্যে আবাসন, কমিউনিটি পুনর্জাগরণ এবং নিরাপত্তাহীনতা কমিয়ে আনা।
বিক্ষোভকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু করে। এ ঘটনায় পানামা হাইওয়ে পুলিশ দুজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। সকাল থেকে বিক্ষোভকারীরা কোলন শহরের প্রায় ছয়টি স্থানে রাস্তা অবরোধ করে রাখে।
আর্নাল্ডো নুনেজ (৩৪) নামের একজন বিক্ষোভকারী প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেন, ‘সরকারের কাছে বহুদিন থেকে নিকাশি ব্যবস্থা ও বিশুদ্ধ পানি সরবরাহের দাবি জানিয়ে আসছি। নানা অজুহাতে সরকার এই কার্যক্রম ধীর গতিতে চালাচ্ছে। আমরা এর প্রতিবাদ করছি।’
হিমানেজ (৪৫) নামের আরেকজন বিক্ষোভকারী বলেন, ‘এই গভর্নর ক্ষমতায় আসার পর শহরটাকে ধ্বংস করে দিয়েছে। বহু লোক এখন চাকরিচ্যুত, বেকার দিন কাটাচ্ছে।’
এদিকে শ্রম উন্নয়নমন্ত্রী ডরিস জাপাটা সাংবাদিকদের বলেন, কোলোনবাসীরা যে পরিস্থিতিতে জীবনযাপন করছে সে সম্পর্কে সরকার অবগত। এই বিষয়টিকে প্রথম থেকেই তাঁরা মূল্যায়ন করে আসছে। তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের প্রয়োজন মেটাতে মন্ত্রিসভাতে একটি জরুরি পরিকল্পনা উত্থাপিত করেছি।’