কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির মাসিক পারিবারিক সাদাকায়ন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচনা অনুষ্ঠানে আলোচক ও কোয়ান্টাম মেডিটেশনের সদস্যরা
আলোচনা অনুষ্ঠানে আলোচক ও কোয়ান্টাম মেডিটেশনের সদস্যরা

কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি, ইউএসএর জ্যামাইকা কার্যালয়ে অনুষ্ঠিত হলো মাসিক পারিবারিক সাদাকায়ন। গত ২৯ জুন সোসাইটির নিয়মিত এই অনুষ্ঠানে বাংলাদেশের শ্রদ্ধেয়া মা’জি পরিচালিত ‘আলোকিত পরিবার কার্যক্রম’-এর চুম্বক অংশ প্রচার করা হয়। অনুষ্ঠানটি যথারীতি নিউইয়র্ক সময় সকাল ১০টায় শুরু হয়।
আলোচনা পর্বে ‘পরিবারে সৌহার্দ্য ও সম্প্রীতি’ বিষয়ে আলোচনা করেন বাণীবাহক ফাউন্ডেশনের আর্ডেন্টিয়ার ও ওরিয়ন ফার্মা লিমিটেডের উপব্যবস্থাপক কাজী শামীম। অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা কমবেশি ভার্চুয়াল ভাইরাসে আক্রান্ত; আমরা একে অন্যের সঙ্গে দুর্ব্যবহার করি এবং অতি সামান্য কারণেই বিরক্ত হই।’ এর সমাধান হিসেবে তিনি পবিত্র কোরআনের বাণী অনুসরণের কথা বলেন। তিনি বলেন, ‘কোরআনে আল্লাহ বলেছেন, “দয়াময়ের দাস তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে।” কোরআনের এই মর্মবাণী যদি আমরা হৃদয়ঙ্গম করে নিজেদের আচরণকে সংযত করি, তবেই আমাদের পরিবার হয়ে উঠবে সৌহার্দ্য ও সম্প্রীতিতে পরিপূর্ণ।’

এরপর বিশেষ আলোচনায় শ্রদ্ধেয়া মা’জি বলেন, ‘এখন বিশ্বের প্রায় সব দেশেই একটা নৈতিক অবক্ষয় চলছে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য মা’জি বাণীবাহকের দেওয়া দিক-নির্দেশনা অনুসরণের পরামর্শ দেন। পবিত্র কোরআন জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে পৃথিবীর সব মানুষের জন্য। এর মর্মবাণী যদি আমরা জানি ও মানি, তাহলেই আমরা গড়ে তুলতে পারব সৌহার্দ্য ও সম্প্রীতিপূর্ণ পরিবার।’

প্রাণবন্ত অনুষ্ঠানটি অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমেরিকার পাঁচটি অঙ্গরাজ্যে, কানাডার একাধিক প্রদেশসহ মোট ছয়টি দেশে সম্প্রচার করা হয়। ৬ জুলাই সকাল ১০টায় ৮৬-৪৭ ১৬৪ স্ট্রিট, সুইট বি ই, জ্যামাইকা কোয়ান্টাম লার্নিং সেন্টার হলে সোসাইটির নিয়মিত সাপ্তাহিক আয়োজন পরবর্তী সাদাকায়নে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।