কোয়ান্টামের সাপ্তাহিক সাদাকায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোয়ান্টামের সাপ্তাহিক সাদাকায়নে বক্তব্য দিচ্ছেন আলোচক এমদাদ উল্লাহ ভূঁইয়া
কোয়ান্টামের সাপ্তাহিক সাদাকায়নে বক্তব্য দিচ্ছেন আলোচক এমদাদ উল্লাহ ভূঁইয়া

কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএর নিয়মিত সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি সকাল ১০টায় জ্যামাইকায় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির কার্যালয়ে এই সাদাকায়ন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোসাইটির দায়িত্বশীল লিড আইটি বিজনেস অ্যানালিস্ট মো. রকিবুর রহমান।
বিষয়ভিত্তিক আলোচনায় আলোচক ছিলেন কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির দায়িত্বশীল এমদাদ উল্লাহ ভূঁইয়া। এবারের আলোচনার বিষয়—‘২০২০ সাল হোক সামাজিক যোগাযোগের বছর’।
সবাইকে শুভ নববর্ষ ২০২০ ও শুভ কোয়ান্টাম বর্ষের শুভেচ্ছা জানিয়ে আলোচক এমদাদ উল্লাহ ভূঁইয়া বলেন, ইংরেজি নববর্ষ হিসেবে এবার খুব সুন্দর একটি সংখ্যা পেয়েছি। টুয়েন্টি টুয়েন্টি মানে ২০-এ ২০। আর যে ২৮তম বছর কোয়ান্টাম শুরু করতে যাচ্ছে সংখ্যাতত্ত্বের হিসাবে এটি দাঁড়ায় ১। ১ মানে প্রথম, ১ মানে শীর্ষ। আমরা চাই যেন এই বছরে জ্ঞানে, গুণে ও অর্জনে শীর্ষে থাকতে পারি। যখনই কোনো জাতি বা দেশে সমৃদ্ধি আসতে শুরু করে তখন সেখানে সারা পৃথিবীর শোষকদের আগ্রাসন শুরু হয়। বর্তমানে আমাদের মনজাগতিক শান্তি, সুখ এবং সমৃদ্ধির ওপরে এখন এক নম্বর আগ্রাসন ভার্চুয়াল ভাইরাস। সোশ্যাল মিডিয়ার নামে ফেসবুক আমাদের ওপর আগ্রাসন শুরু করছে। এর সঙ্গে ইন্টারনেট গেম, ইন্টারনেট জুয়া থেকে শুরু করে এই ভার্চুয়াল জগতের যত ধরনের আগ্রাসন সম্ভব সব একে একে আগ্রাসী হয়ে হতে শুরু করল। কেন? কারণ মানুষকে যদি আসক্ত করে রাখা যায়, সে মাদকাসক্ত হোক, জুয়া আসক্ত হোক আর ভার্চুয়াল আসক্ত হোক; তাহলে তাকে দাস বানানোটা সহজ হয়। সে তার ভালো-মন্দ বুঝতে পারবে না। সে নিঃসঙ্গ, অসহিষ্ণু এবং নিষ্ঠুর মানুষে রূপান্তরিত হবে। এ কাজটি তথাকথিত সোশ্যাল মিডিয়া খুব দক্ষতার সঙ্গে করছে। সাম্প্রদায়িক দাঙ্গা, সামাজিক বুনন নষ্ট করে হানাহানি, অশ্লীলতা সৃষ্টি করাই এই বায়বীয় মিডিয়ার মূল কাজ। ২০০৯ সালে যখন আমাদের দেশে সবে আসতে শুরু করেছে ফেসবুক আইডি খোলার চল, তখন থেকেই কোয়ান্টাম দৃঢ়তার সঙ্গে বলেছে, এর মাঝে যাবেন না। এই ভার্চুয়াল সম্পর্কের কোনো ভিত্তি নেই, এই সোশ্যাল মিডিয়া হবে একটা গজব। আজকে দেখুন, ১০ বছর পরে তা-ই আমরা দেখছি। আমাদের সমাজে যত অনাচার, যত পারিবারিক অশান্তি এর পেছনে এই সোশ্যাল মিডিয়া তথা ফেসবুক দায়ী। তাই সুখী জীবনের পথে এগোতে হলে প্রথম পদক্ষেপ হতে পারে ডিলিট ফেসবুক।
আলোচক বলেন, বিশ্বায়নের ফলে এই মুহূর্তে পৃথিবীর গহিন প্রান্তের আপডেট সব খবর হাতের মুঠোয়। কিন্তু পাশের ফ্ল্যাটের প্রতিবেশী রোগ-শোক-মৃত্যুর সঙ্গে লড়াই করে ধুকে ধুকে যে বেঁচে আছে, সেই সব খবর অনেকের কাছেই অজানা। বিচ্ছিন্নতার রূপ এতটাই ভয়াবহ! যোগাযোগের জন্য প্রযুক্তির সাহায্য নেওয়া দোষের কিছু নয়। কিন্তু যখন প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করার বদলে, প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ করা শুরু করে তখন সমস্যা হয়। স্মার্টফোন ও ট্যাব দিয়ে সামাজিক যোগাযোগের নামে পাশের রুমে থাকা বাবাকে ছেলে মেসেজ পাঠায়, আজ বাবা দিবস। ইউ আর অ্যা গ্রেট বাবা। বাবাও ফেসবুকে মেসেজের রিপ্লাই দেন, তুমিও গ্রেট সান। বাবার কাছে এসে জড়িয়ে ধরে কথাগুলো বলতে পারছে না। এটাকে কি যোগাযোগ বলে? এত পালিয়ে বেড়ানো। এই ফেসবুক আসক্তি তরুণদের করেছে মেধাশূন্য, অমনোযোগী, একাকী, বিধ্বস্ত, বিকৃত মানসিক রোগী। তাই এই ফেসবুক ডিলিট করার মধ্য দিয়েই আমরা এক ধাপ এগিয়ে যাব ২০২০ সালে ২০-এ ২০ অর্জনের পথে। আমরা সুযোগ পেলেই আত্মীয়ের বাড়ি বেড়াতে যাব পরিবারের সবাইকে নিয়ে। নিয়মিত সাদাকায়নে আসব। এতে আমাদের সত্যিকারের সামাজিক সম্পর্ক গড়ে উঠবে। নিজে নিয়মিত মেডিটেশন বা ধ্যান করব। অন্যকেও ধ্যানী হতে সাহায্য করব। একজন ধ্যানী মানে যিনি অন্যের জন্য নিরাপদ। যিনি নিজের এবং অন্যের কল্যাণ ছাড়া আর কিছু ভাবতে পারেন না। যার হৃদয় ভরা মমতা ও প্রশান্তি। সন্তানকেও সাদাকায়নে নিয়ে আসুন। তাকে সংঘের সেবামূলক কাজে সম্পৃক্ত করুন। এই করতে করতে সে যেমন হবে স্বাবলম্বী, হবে বিনয়ী, হবে ভালো মানুষ, হবে সত্যিকারের সামাজিক। যন্ত্রের সামনে মুখ গুঁজে বসে সে রোবট হবে না। সুন্দর মানব হতে শিখবে। ২৭ বছর আগে কোয়ান্টাম যেভাবে নতুন ভাবনা, নতুন চিন্তা নিয়ে এসেছিল দেশবাসীর সামনে—আসুন ধ্যানী হোন, জ্ঞানী হোন; সুস্থ হবেন, সফল হবেন। ২৮তম বছরেও আমরা এই বাণী নিয়ে এগিয়ে যাব। যেন নিজের ও অন্যের এবং দেশের সত্যিকার কল্যাণ ও সমৃদ্ধি আনতে পারি। কোয়ান্টামের ২৮তম বছরে ২০২০ সালকে ঘোষণা করেছে সামাজিক যোগাযোগের বছর হিসেবে। তাই সবার সঙ্গে আমরা সরাসরি, বাস্তবে যোগাযোগ করব। তথাকথিত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নয়, যোগাযোগ বাড়াব সামাজিক ভাবে।
আলোচনা শেষে বর্ষায়ন উপলক্ষে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশন করা হয় গান, কবিতা ও সমাজ সচেতনতামূলক নাটিকা। অনুষ্ঠানে চটপটি ও খেজুরের কেক দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়।
আলোচনার পাশাপাশি কোয়ান্টাম মেথড কোর্সে অংশ গ্রহণকারীদের মেডিটেশন সংক্রান্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমেরিকার সাতটি স্টেট, কানাডার একাধিক প্রভিন্সসহ মোট ছয়টি দেশের অর্ধ শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশ নেন।
১১ জানুয়ারি সকাল ১০টায় জ্যামাইকা কোয়ান্টাম লার্নিং সেন্টার হলে (৮৬-৪৭ ১৬৪ স্ট্রিট, সুইট-বি ই) পরবর্তী সাদাকায়নের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আগামী সপ্তাহে আলোচনার বিষয়—‘আস্থা ও কুশলতার সঙ্গে জীবনের সংকট কাটাতে সাহায্য করবে মেডিটেশন’।
এ ছাড়া থাকবে মনোযোগ, সচেতনতা, সৃজনশীলতা, সাফল্য, সুস্বাস্থ্য, প্রশান্তি ও সুখানুভূতি বাড়ানোর বৈজ্ঞানিক প্রক্রিয়া মনের ব্যায়াম-মেডিটেশন। অসুস্থ ও সমস্যা পীড়িতদের জন্য হিলিং এবং বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে।