কোয়ান্টামের সাপ্তাহিক সাদাকায়ন

কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএর নিয়মিত সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ নভেম্বর সকাল ১০ টায় জ্যামাইকায় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির কার্যালয়ে এই সাদাকায়ন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোসাইটির দায়িত্বশীল ও ইয়র্ক কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী মেহজাবিন আহমেদ।
বিষয়ভিত্তিক আলোচনায় লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে সরাসরি অংশ নেন শাহিদা রহমান। এবারের আলোচনার বিষয়-‘প্রশান্তিময় জীবনের জন্য পরিবারে প্রো-অ্যাকটিভ থাকুন’।
আলোচক শাহিদা রহমান বলেন, আমরা সবাই প্রশান্তিময় জীবন চাই। কিন্তু অনেকেই জানি না, ব্যক্তি জীবনে সুখী ও সফল হতে হলে আমাদের পারিবারিক জীবনে সুখী হতে হবে। পরিবারে যদি শান্তি না থাকে, সুখ না থাকে, তাহলে সব অর্জন শূন্য হয়ে যাবে। সারা দিন বাইরে যতই কর্মব্যস্ত সময় কাটুক, দিন শেষে আমরা সবাই ঘরে ফিরে আসি একটু সুখের আশায়, প্রশান্তির আশায়।
আলোচক বলেন, আমরা অনেক মা-বাবা সন্তানকে প্রতিনিয়তই নেতিবাচক কথা বলে থাকি। ক্রমাগত নেতিবাচক কথা বলতে থাকলে সন্তান সেটাকেই সত্যি বলে ভাবতে শুরু করে। সেটা তাকে আত্মবিশ্বাসহীন মানুষে পরিণত করে এবং সে জীবনে সফল হতে পারে না। এমনকি অনেক সময় তারা মানসিক রোগী হয়ে যেতে পারে।
শাহিদা রহমান বলেন, পরিবারে অনেক কিছুই ঘটে। কিন্তু সব পরিস্থিতিতে আমরা যদি প্রো-অ্যাকটিভ থাকতে পারি তাহলে শান্তি পাব। সুন্দর, আলোকিত ও প্রশান্তিময় জীবন গড়তে পারব। যেকোনো পরিস্থিতিতে উত্তেজিত বা আবেগপ্রবণ না হয়ে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করা হলো প্রো-অ্যাকটিভ থাকা। অর্থাৎ অন্যের কথা বা আচরণে প্রভাবিত না হয়ে সবর করা, নীরবে কাজ করা এবং পরিস্থিতি পরিবর্তনের জন্য অপেক্ষা করা। বিশেষ করে পরিবারে প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক কথা ও আচরণের চর্চা করা। আমরা যদি সন্তানের ভুল বা অন্যায়কে সহজভাবে নিতে পারি, মমতা দিয়ে ঠিক ও ভুলের পার্থক্য বোঝাতে পারি, তাহলে নিঃসন্দেহে তারা আমাদের বন্ধু হয়ে উঠবে। পরবর্তীতে ভুলের পরিমাণ কমবে। আমরাও প্রশান্তিতে থাকতে পারব।
আলোচক আরও বলেন, আসলে আমরা সবাই প্রশান্তি চাই। কারণ প্রশান্তি ছাড়া সাফল্য আসে না। আর প্রশান্তিময় জীবনের জন্য প্রো-অ্যাকটিভ থাকা সবচেয়ে জরুরি। তাই আমরা নিয়মিত মেডিটেশন চর্চা করব। মেডিটেশন আমাদের মধ্যে ইতিবাচক গুণাবলি তৈরি করে প্রশান্ত থাকতে সাহায্য করবে। এ জন্য আমরা নিয়মিত সংঘে আসব। তাহলে আমরা সুন্দর আলোকিত জীবন ও আলোকিত পরিবার গড়তে পারব।
এরপর সমাপনী বক্তব্য রাখেন কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএর নির্বাহী পরিচালক মো. আবদুল্লাহ ইউসুফ।
আলোচনার পাশাপাশি কোয়ান্টাম মেথড কোর্সে অংশ গ্রহণকারীদের মেডিটেশন সংক্রান্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমেরিকার সাতটি স্টেট, কানাডার একাধিক প্রভিন্সসহ মোট ছয়টি দেশের ৪৮ জন অতিথি অনুষ্ঠানে অংশ নেন।
৭ ডিসেম্বর সকাল ১০টায় জ্যামাইকা কোয়ান্টাম লার্নিং সেন্টার হলে (৮৬-৪৭ ১৬৪ স্ট্রিট, সুইট-বি ই) পরবর্তী সাদাকায়নের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আগামী সপ্তাহে আলোচনার বিষয় বর্তমান ভোগবাদী সমাজের ভয়ংকর সমস্যা ‘ঋণের ফাঁদ: অপ্রয়োজনীয় কেনাকাটা’।
এ ছাড়া থাকবে মনোযোগ, সচেতনতা, সৃজনশীলতা, সাফল্য, সুস্বাস্থ্য, প্রশান্তি ও সুখানুভূতি বাড়ানোর বৈজ্ঞানিক প্রক্রিয়া মনের ব্যায়াম-মেডিটেশন। অসুস্থ ও সমস্যা পীড়িতদের জন্য হিলিং এবং বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে।