কোয়ান্টামের সাপ্তাহিক সাদাকায়ন

কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএর নিয়মিত সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠিত হয়েছে।
৭ ডিসেম্বর সকাল ১০ টায় জ্যামাইকায় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির কার্যালয়ে এই সাদাকায়ন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোসাইটির দায়িত্বশীল ও লিড আইটি বিজনেস অ্যানালিস্ট মো. রকিবুর রহমান।
বিষয়ভিত্তিক আলোচনায় লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে কানাডা থেকে সরাসরি অংশ নেন শম্পা রায়। এবারের আলোচনার বিষয়-‘ঋণের ফাঁদ: অপ্রয়োজনীয় কেনাকাটা’।
আলোচক শম্পা রায় বলেন,বর্তমান বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে পণ্যাসক্তি, সোশ্যাল মিডিয়া আসক্তি ও ক্রেডিট কার্ড আসক্তি। একটা সময় ছিল যখন মানুষ কেনাকাটা করত প্রয়োজন বুঝে। আর এখন কেনাকাটা করে হুজুগে। সোশ্যাল মিডিয়া ক্রমাগত লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে পণ্যে আসক্ত করে তুলছে। সেই সঙ্গে ক্রেডিট কার্ডের নানাবিধ অপশন মানুষকে এই দুষ্টচক্রে বেঁধে ফেলছে। আমরা অপ্রয়োজনীয় কেনাকাটা করতে গিয়ে যে ঋণগ্রস্ত হয়ে পড়ছি, সেটা বুঝতেই পারছি না। অথচ ঋণগ্রস্ত জীবন এক ধরনের দাসের জীবন। ঋণ ও কিস্তির চাপ মানুষকে হয় দাসে পরিণত করে, নয়তো সে হয়ে ওঠে দুর্বৃত্ত। ঋণ মানুষের সম্ভাবনাকে নষ্ট করে দেয়। ধ্বংস করে দেয় তার নৈতিক চরিত্র ও দৃঢ়তাকে।
শারীরিক-মানসিক স্বাস্থ্যের ওপর ঋণের কুপ্রভাবের কথা উল্লেখ করে আলোচক বলেন, ২০১৮ সালে রয়্যাল সোসাইটি অব পাবলিক হেলথ, ইউকে ঋণ গ্রহীতাদের ওপর গবেষণা করেছে। এই জরিপে ৬৫% মানুষ বলেছে তারা এত চিন্তিত ও মানসিক ভোগান্তিতে থাকে যে, চারপাশের লোকজনের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছে। এতে তারা আরও একা হয়ে গেছে। ৭৬% বলেছে, ঋণের কারণে তাদের ঘুম খারাপ হচ্ছে। পারিবারিক সুখকে প্রভাবিত করেছে। যার প্রভাবে নানাবিধ রোগ বাসা বাঁধছে শরীরেও।
ঋণের এই দুষ্টচক্র থেকে মুক্তি পেতে করণীয় সম্পর্কে আলোচক বলেন, যত দূর সম্ভব ডেবিট কার্ডে কেনাকাটা করা উচিত। ঋণ করে কখনো ভোগ্য পণ্য না কিনে আবেগকে নিয়ন্ত্রণ করে শুধুমাত্র প্রয়োজনীয় পণ্যটি কেনা উচিত। ঋণ করে ভোগ্য পণ্য কেনার মতো বোকামি আর হয় না। কারণ পণ্যে আসক্তি দেহ-মনে অস্থিরতা সৃষ্টি করে। এই অস্থিরতা থেকে মুক্তির অত্যন্ত কার্যকরী উপায় হতে পারে মেডিটেশন। নিয়মিত মেডিটেশন চর্চায় মনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। মনে প্রশান্তি আসে। ফলে সুখের সন্ধানে কেনাকাটা বা অযথা ব্যয়ের প্রতি আকর্ষণ দূর হয়। মেডিটেশনের পাশাপাশি সাধ্যানুযায়ী দান আমাদের মিতব্যয়ী হতে সাহায্য করবে, মানসিক তৃপ্তি দেবে।
আলোচনার পাশাপাশি কোয়ান্টাম মেথড কোর্সে অংশ গ্রহণকারীদের মেডিটেশন সংক্রান্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমেরিকার সাতটি স্টেট, কানাডার একাধিক প্রভিন্সসহ মোট ছয়টি দেশের ৪৪ জন অতিথি অনুষ্ঠানে অংশ নেন।
১৪ ডিসেম্বর সকাল ১০টায় জ্যামাইকা কোয়ান্টাম লার্নিং সেন্টার হলে (৮৬-৪৭ ১৬৪ স্ট্রিট, সুইট-বি ই) পরবর্তী সাদাকায়নের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আগামী সপ্তাহে আলোচনার বিষয়—‘দিন শুরু হোক দানে, কাজ শুরু হোক ধ্যানে’।
এ ছাড়া থাকবে মনোযোগ, সচেতনতা, সৃজনশীলতা, সাফল্য, সুস্বাস্থ্য, প্রশান্তি ও সুখানুভূতি বাড়ানোর বৈজ্ঞানিক প্রক্রিয়া মনের ব্যায়াম-মেডিটেশন। অসুস্থ ও সমস্যা পীড়িতদের জন্য হিলিং এবং বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে।