কোয়ান্টামের সাপ্তাহিক সাদাকায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বক্তব্য দিচ্ছেন আলোচক তানজিনা রহমান
লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বক্তব্য দিচ্ছেন আলোচক তানজিনা রহমান

কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএর নিয়মিত সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর সকাল ১০ টায় জ্যামাইকায় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির কার্যালয়ে এই সাদাকায়ন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোসাইটির দায়িত্বশীল ইয়র্ক কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী মেহজাবিন আহমেদ।

বিষয়ভিত্তিক আলোচনায় লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে টেক্সাস থেকে সরাসরি অংশ নেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানজিনা রহমান। এবারের আলোচনার বিষয়—‘সংঘবদ্ধ দানের মাধ্যমে জীবনকে করব বরকতময়’।

আলোচক তানজিনা রহমান বলেন, যখন শরীর সুস্থ থাকে, মন ফুরফুরে থাকে, সুন্দর ভাবে কাজ হতে থাকে তখন বরকত আসে। সাফল্যের সরল পথে চলাটা তখন হয় স্বতঃস্ফূর্ত। এই সহজ সরল পথেই আমরা চলতে চাই। তবে জীবন চলার পথ পিচ্ছিলও হতে পারে। সে রকম পথে চলতে গিয়ে যেন আমরা পিছলে না যাই, হোঁচট না খাই, সে জন্য কিন্তু প্রভুর কাছে প্রার্থনা করা প্রয়োজন। এই প্রার্থনার সঙ্গে করণীয় হিসেবে প্রচেষ্টার পাশাপাশি প্রভু আমাদের শিখিয়ে দিয়েছেন আরও অন্তত তিনটি করণীয় বিষয়। যার প্রথমটি হচ্ছে দান, দ্বিতীয়টি প্রভুর স্মরণ ও তৃতীয়টি ভালো এবং কল্যাণের বিধান মেনে চলা।

আলোচক বলেন, আমরা উদ্‌যাপন করতে চাচ্ছি কোয়ান্টাম মাটির ব্যাংক সালতামামি উৎসব। ২০১৯ সাল প্রায় শেষের দিকে। ৩১ ডিসেম্বর পর্যন্ত আমরা এই দান সংগ্রহ কার্যক্রমকে আরও বেগবান করতে চাই। যেন আমরা এবং আমাদের পরিচিত চারপাশের সবাই দানের মাধ্যমে শেষ করতে পারি ২০১৯ সাল। আর শুরু করতে পারি ২০২০ সাল এক নতুন প্রত্যয় ও প্রত্যাশা নিয়ে যাতে নতুন বছরটি সবদিক থেকে আমাদের জীবনে স্মরণীয় একটি বছর হয়।

আলোচক বলেন, দান শুধু করলেই হয় না, দানের অর্থ কোথায়, কীভাবে ব্যয় হচ্ছে তা-ও দেখা প্রয়োজন। মনে হতে পারে যে, ভিক্ষুককে দান করলেই তো হয়ে যায়। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, এত এত দানের টাকা, জাকাতের টাকা, কোরবানির পশুর চামড়ার টাকা কোথায় যায়? শুধু দান করা পর্যন্তই দাতার দায়িত্ব সীমাবদ্ধ থাকে না। দানের টাকা গ্রহীতা যদি বিড়ি-সিগারেট, মদ, জুয়ার পেছনে ব্যয় করে, তাহলে সেই দানের বরকত কী হবে? দানের অর্থ সঠিকভাবে ব্যবহার করে কোয়ান্টাম ফাউন্ডেশন বহুমুখী সেবা কার্যক্রম পরিচালনা করছে। মাতৃমঙ্গলের মাধ্যমে গর্ভবতী মায়েরা সেবা পাচ্ছেন আর দাফন ও সৎকারের মাধ্যমে একজন মানুষকে সম্মানের সঙ্গে পৃথিবী থেকে শেষ বিদায় দেওয়া হচ্ছে। আরও রয়েছে চিকিৎসা সেবা, প্রবীণদের আশ্রম, বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন, গৃহনির্মাণ ও পুনর্বাসন এবং স্বনির্ভর প্রকল্প যেখানে কাজ শিখিয়ে বা উপকরণ কিনে দিয়ে তাকে নিজের উপার্জন নিজে করার সুযোগ করে দেওয়া হচ্ছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হচ্ছে বান্দরবানের লামায়। সুবিধাবঞ্চিত শিশুদের উদারনৈতিক পরিবেশে আলোকিত মানুষ করে গড়ে তোলার কার্যক্রম। অপূর্ব সুন্দর পরিবেশে বেড়ে উঠছে প্রায় আড়াই হাজার ছেলে-মেয়ে। যাদের আমরা বলি কোয়ান্টা। কোয়ান্টা তারা, যারা ক্লাসে প্রথম, জীবনেও প্রথম; কোয়ান্টা মানে যারা সবকিছুতে সেরা। এই সেরা পরিচয়ের প্রমাণও দিচ্ছে তারা প্রতি বছর। লেখাপড়ায় যেমন ভালো করছে, তেমনি দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে খেলাধুলায় অংশ নিয়ে অর্জন করেছে মেডেল ও পুরস্কার। ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে ক্রীড়া নৈপুণ্যে দেশের সেরা স্কুল নির্বাচিত হয়েছে কোয়ান্টাম কসমো ইস্কুল। এ বছর ২৪ জন কোয়ান্টা পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেলে ভর্তির চান্স পেয়েছে। গত মাসে একজন কোয়ান্টা বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় কাবাডি দলের সদস্য হয়ে খেলতে গিয়েছিল ইরানে। ২০২০ সালে উদ্বোধন হতে যাচ্ছে কসমো স্কুলের এক নতুন শিক্ষাঙ্গন। যোগ হচ্ছে আরও এক হাজার নতুন শিশু। এই বিশাল কার্যক্রমের সঙ্গে আমরাও সাধ্য মতো দানের মাধ্যম অংশ নিতে পারি।

আলোচনার পাশাপাশি কোয়ান্টাম মেথড কোর্সে অংশ গ্রহণকারীদের মেডিটেশন সংক্রান্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমেরিকার সাতটি স্টেট, কানাডার একাধিক প্রভিন্সসহ মোট ছয়টি দেশের ৫০ জন অতিথি অনুষ্ঠানে অংশ নেন। ২৮ ডিসেম্বর সকাল ১০টায় জ্যামাইকা কোয়ান্টাম লার্নিং সেন্টার হলে (৮৬-৪৭ ১৬৪ স্ট্রিট, সুইট-বি ই) পরবর্তী সাদাকায়নের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আগামী সপ্তাহে আলোচনার বিষয়—‘সন্তান বেড়ে উঠুক শ্রম ও সহিষ্ণুতায়’।

এ ছাড়া থাকবে মনোযোগ, সচেতনতা, সৃজনশীলতা, সাফল্য, সুস্বাস্থ্য, প্রশান্তি ও সুখানুভূতি বাড়ানোর বৈজ্ঞানিক প্রক্রিয়া মনের ব্যায়াম-মেডিটেশন। অসুস্থ ও সমস্যা পীড়িতদের জন্য হিলিং এবং বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে।