কোয়ান্টামের সাপ্তাহিক সাদাকায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বক্তব্য দিচ্ছেন আলোচক তানিয়া তাহমিনা
লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বক্তব্য দিচ্ছেন আলোচক তানিয়া তাহমিনা

কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএর নিয়মিত সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ডিসেম্বর সকাল ১০ টায় জ্যামাইকায় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির কার্যালয়ে এই সাদাকায়ন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোসাইটির দায়িত্বশীল লিড আইটি বিজনেস অ্যানালিস্ট মো. রকিবুর রহমান।
বিষয়ভিত্তিক আলোচনায় লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে সরাসরি অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তানিয়া তাহমিনা। এবারের আলোচনার বিষয়—‘বিয়েতে অপচয় ও ঋণ যত বেশি, সুখ তত কম’।
আলোচক তানিয়া তাহমিনা বলেন, বিয়ে শব্দ শুনলেই কেমন আনন্দ আনন্দ ভাব চলে আসে। বিয়ে হচ্ছে একটা চুক্তি। বিয়ে হচ্ছে দায়িত্ব নেওয়া। এটা কোনো হালকা বিষয় নয়। যখন আমরা শুনি কারও বিয়ে ঠিক হয়েছে, তখন সবার মনে একটা আনন্দের জোয়ার বয়ে যায়। ভোগবাদী ও সোশ্যাল মিডিয়া আসক্ত সমাজব্যবস্থার প্রভাবে আমরাও মেতে উঠি বিয়ে উপলক্ষে লোক দেখানো ব্যয়বহুল প্রদর্শনীর এক অশুভ প্রতিযোগিতায়। টাকা না থাকলে ঋণ করছি, জমি বন্ধক দিচ্ছি, কখনো কখনো বিক্রিও করছি। জাঁকজমক করতেই হবে, না হলে লোকে কী বলবে? আয় বুঝে ব্যয় করতে হবে এ কথা যেন আমরা ভুলেই গেছি। এসব বিয়ে প্রথমে এনগেজমেন্ট দিয়ে শুরু হয়। এরপর আক্দ, মেহেদি সন্ধ্যা, সংগীত সন্ধ্যা, (ইদানীং যোগ হয়েছে ব্রাইডাল শাওয়ার) তারপর বিয়ে, বউভাত, ফিরানি, পাল্টা ফিরানি আরও কত কী! সব যেন বাধ্যতামূলক হয়ে উঠেছে। এর সঙ্গে রয়েছে সেই পুরোনো ব্যাধি যৌতুক।
আলোচক বলেন, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর তিন হাজার দম্পতির ওপর গবেষণা করে দেখেছেন, যেসব বিয়েতে বেশি খরচ করা হয়েছে সেগুলোর স্থায়িত্ব কম হয়েছে। এসব বাহারি আয়োজন করতে গিয়ে আমরা করছি অপচয়। আমরা যে ঋণগ্রস্ত হয়ে পড়ছি, সেটা বুঝতেই পারছি না। যে বিয়েতে অতিরিক্ত ব্যয় ও অপচয় যত বেশি, সেই পরিবারের স্থায়িত্ব তত কম, সুখ তত কম এই কথাটি এখন গবেষণায় প্রমাণিত সত্য।
এ ব্যাপারে করণীয় সম্পর্কে আলোচক বলেন, আমরা বরপক্ষ ও কনেপক্ষ মিলে একটা অনুষ্ঠান করতে পারি। পছন্দসই নির্দিষ্ট কিছু রুচিশীল খাবারের পদ রাখতে পারি। সব অতিথিকে একই ব্যবস্থাপনায় আপ্যায়ন করতে পারি। বিয়েতে অপ্রয়োজনীয় সামাজিক উপহারের ব্যাপারে কোয়ান্টামের দৃষ্টিভঙ্গি হচ্ছে, আমরা এ ধরনের উপহার দেব না, নেব না। কারণ বেশির ভাগ উপহার পরিবারের কোনো কাজে আসে না। কোয়ান্টামে আমরা বলি, বিয়েতে আনন্দ চিত্ত নিয়ে যাবেন, তৃপ্তি সহকারে খাবেন এবং প্রাণভরে দোয়া করবেন।
আলোচনার পাশাপাশি কোয়ান্টাম মেথড কোর্সে অংশ গ্রহণকারীদের মেডিটেশন সংক্রান্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমেরিকার সাতটি স্টেট, কানাডার একাধিক প্রভিন্সসহ মোট ছয়টি দেশের ৪২ জন অতিথি অনুষ্ঠানে অংশ নেন। ৪ জানুয়ারি সকাল ১০টায় জ্যামাইকা কোয়ান্টাম লার্নিং সেন্টার হলে (৮৬-৪৭ ১৬৪ স্ট্রিট, সুইট-বি ই) পরবর্তী সাদাকায়নের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আগামী সপ্তাহে আলোচনার বিষয়-‘২০২০ সাল হোক সামাজিক যোগাযোগের বছর’।
এ ছাড়া থাকবে মনোযোগ, সচেতনতা, সৃজনশীলতা, সাফল্য, সুস্বাস্থ্য, প্রশান্তি ও সুখানুভূতি বাড়ানোর বৈজ্ঞানিক প্রক্রিয়া মনের ব্যায়াম-মেডিটেশন। অসুস্থ ও সমস্যা পীড়িতদের জন্য হিলিং এবং বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে।