কোয়ান্টামের সাপ্তাহিক সাদাকায়ন

কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএর নিয়মিত সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি সকাল ১০টায় জ্যামাইকায় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির কার্যালয়ে এই সাদাকায়ন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোসাইটির দায়িত্বশীল ও ইয়র্ক কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী মেহজাবিন আহমেদ।
বিষয়ভিত্তিক আলোচনায় লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে সরাসরি অংশ নেন রেহানা আক্তার। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ ট্রেনার্স অ্যাসোসিয়েশন অ্যান্ড রিপ্রেজেনটেটিভ অব বিটিএ, ওয়ার্ল্ড ব্যাংকের সহকারী সচিব। এবারের আলোচনার বিষয় ছিল—‘সন্তান বেড়ে উঠুক শ্রম ও সহিষ্ণুতায়’।
আলোচক রেহানা আক্তার বলেন, কোনো বাবা-মাকে যদি প্রশ্ন করা হয়, আপনার কাছে সবচেয়ে প্রিয় বা আদরের বিষয় কি? আমার মনে হয় সব মা-বাবাই বলবেন সন্তান। সন্তানকে ভালোবাসে না এমন মা-বাবা দুনিয়াতে একটিও নেই। ভালোবাসাটা এমন পর্যায়ে থাকে যে নিজের জীবনের চেয়েও বাবা-মা সন্তানকে বেশি ভালোবাসেন। সব বাবা-মা সন্তানকে সামর্থ্যের সর্বোচ্চটাই দিতে চান। এই সাপোর্ট দিতে গিয়েই মা-বাবারা ভুলটা করেন। আমাদের মূল লক্ষ্য সন্তানকে ভালোভাবে মানুষ করা। আমরা সে জায়গা থেকে বিচ্যুত হয়ে যাই। কারণ বাবা-মায়েরা সন্তানের প্রতি ভালোবাসায় অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ি। এতে আর ভালো-মন্দের পার্থক্য করতে পারা যায় না। তখন সন্তানের অন্যায় আবদারও মেনে নেয়। সন্তানের বেশির ভাগ কাজ মা-বাবা অথবা কাজের লোক দিয়ে করিয়ে দিতে চাই। এতে সন্তানের হাতে কাজ না থাকায় তারা সময় ব্যয় করছে স্মার্ট ফোন, টিভি কিংবা ইন্টারনেটে অহেতুক আড্ডায়। বেড়ে উঠছে স্ক্রিন আসক্তিতে। আর আমরা এত দিনে জেনে গেছি, স্ক্রিন সম্পর্কিত যত গবেষণা হয়েছে তার সবগুলোই বলেছে—স্ক্রিন আসক্তি আর মাদকাসক্তির মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। এ ভাবে কিছুদিন চলতে থাকলে মস্তিষ্কের স্বাভাবিক কর্মক্ষমতা কমতে থাকে। তখন তাদের জীবনের যে একটা লক্ষ্য ছিল, সেখান থেকে তারা দূরে সরে আসতে থাকে।
আলোচক বলেন, আমরা নিজের সিদ্ধান্ত সন্তানদের ওপরে চাপিয়ে দিই। এতে তাদের মেধার বিকাশ ঠিক যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে আর হয় না। আমরা যদি সন্তানকে কষ্ট-সহিষ্ণু করে বড় না করি, তাহলে সে তো আত্মকেন্দ্রিক হয়ে বড় হবে। সে তো জানবেই না সহ্য ক্ষমতা কি জিনিস বা সমমর্মিতা কি। তাই শুধু জিপিএ ফাইভের পেছনে ছুটলে হবে না। পরিবারে সামর্থ্যের কথা সন্তানকে মমতা দিয়ে বোঝাব। এতে সে সমমর্মী হতে শিখবে। ছোটবেলা থেকেই আমরা সন্তানের বয়স অনুসারে পরিবারের ছোট খাট কাজে অংশ নেওয়ার সুযোগ দেব। তাহলে সে দায়িত্বশীল ও পরিশ্রমী হয়ে বড় হবে। শাসন করার সময় খেয়াল রাখব, আমরা যেন কঠোর না হয়ে উঠি। এতে সন্তানের সঙ্গে দূরত্বের সৃষ্টি হয়। তাদের ভুল মমতা দিয়ে বোঝাব। ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে সময় নষ্ট না করে সন্তানকে কোয়ালিটি সময় দেব। নিয়মিত সন্তানদের সাদাকায়নে নিয়ে আসব। মেডিটেশন মা-বাবা এবং সন্তানের মাঝে এক চমৎকার সেতুবন্ধন রচনা করে। সন্তানদের সামাজিক অনুষ্ঠানে অবশ্যই সঙ্গে নেওয়াসহ সেবামূলক কাজে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। এতে তার হৃদয়ের মমতা যেমন বাড়বে, তেমনি মেধা বিকশিত হতে থাকবে। একইভাবে অপরাপর মানুষদের দেখে নিজেকে মূল্যায়ন করতে শিখবে।
আলোচনার পাশাপাশি কোয়ান্টাম মেথড কোর্সে অংশগ্রহণকারীদের মেডিটেশন সংক্রান্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমেরিকার সাতটি স্টেট, কানাডার একাধিক প্রভিন্সসহ মোট ছয়টি দেশের ৪৭ জন অতিথি অনুষ্ঠানে অংশ নেন। যে কেউ ঘরে বসে বিনা মূল্যে এই প্রোগ্রামে অংশ নিতে পারেন। অনলাইনে অংশ নিতে ভিজিট করুন qms-usa.org/sadakayon ওয়েবসাইটে।
আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১০টায় জ্যামাইকা কোয়ান্টাম লার্নিং সেন্টার হলে (৮৬-৪৭ ১৬৪ স্ট্রিট, সুইট-বি ই) পরবর্তী সাদাকায়নের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আগামী সপ্তাহের আগামী সপ্তাহের আলোচনার বিষয়—‘সংঘবদ্ধ দানে বহমান থাকে কল্যাণের স্রোতোধারা’।
এ ছাড়া থাকবে মনোযোগ, সচেতনতা, সৃজনশীলতা, সাফল্য, সুস্বাস্থ্য, প্রশান্তি ও সুখানুভূতি বাড়ানোর বৈজ্ঞানিক প্রক্রিয়া মনের ব্যায়াম-মেডিটেশন। অসুস্থ ও সমস্যা পীড়িতদের জন্য হিলিং এবং বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে।