কোয়ান্টামের সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাপ্তাহিক সাদাকায়নে বক্তব্য দিচ্ছেন আলোচক মো. রকিবুর রহমান
সাপ্তাহিক সাদাকায়নে বক্তব্য দিচ্ছেন আলোচক মো. রকিবুর রহমান

কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএর নিয়মিত সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় জ্যামাইকায় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির কার্যালয়ে এই সাদাকায়ন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোসাইটির দায়িত্বশীল ও ইয়র্ক কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী মেহজাবিন আহমেদ। বিষয়ভিত্তিক আলোচনায় আলোচক ছিলেন কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির দায়িত্বশীল ও লিড আইটি বিজনেস অ্যানালিস্ট মো. রকিবুর রহমান। এবারের আলোচনার বিষয় ছিল—‘আমি আমারই মতো সুন্দর! আমি অনন্য!’
আলোচনার শুরুতে আলোচক রকিব বলেন, আমরা কোয়ান্টাম মেডিটেশনে মনে মনে বলি, আমি আমারই মতো সুন্দর! আমি অনন্য! আমি আমার অনন্য মেধাকে শত ধারায় বিকশিত করব। অর্পিত মহান দায়িত্ব পালন করব। মেডিটেশনরত অবস্থায় এটি বলার মানে হচ্ছে, আমি আমার চেহারাকে বরণ করে নিলাম সেই সঙ্গে মনোযোগ দিলাম আমার অনন্য মেধার দিকে। মেধার সৌন্দর্যও আঁচ করতে শুরু করি আমরা। আমি কী পারি, আমার কী আছে যার জন্য আমাকে শোকর গোজার হতে হবে—এটি উপলব্ধি করতে শিখি। তারপর নিজের কাছে শপথ গ্রহণ করি যে, আমি আমার অনন্য মেধাকে শত ধারায় মানে যতদিকে মেধাবী হওয়া সম্ভব, হওয়ার চেষ্টা করব, মেধাকে বিকশিত করব। কেন এটা করব? কারণ, আমি পৃথিবীতে যে দায়িত্ব নিয়ে এসেছি, সেই মহান দায়িত্ব যেন পালন করতে পারি। জীবনে যেন সবদিক দিয়ে ভালো থাকতে পারি।
আলোচক এরপর আলোকপাত করেন মানুষের হীনমন্যতার দিকে। এর কারণেই মানুষ কুশল জিজ্ঞাসার উত্তরে বলেন, ‘এই আর কি! চলে যাচ্ছে কোনো রকম।’ তাহলে আমরা ধরে নিতেই পারি তিনি ভালো নেই। আসলে ভালো না থাকার হাজারটা কারণ থাকতে পারে। তবে ভালো থাকতে চাইলে নিজের ইচ্ছাই সাহায্য করবে। আর ইচ্ছার সঙ্গে সঙ্গে জীবনের অন্যতম দুষ্টক্ষত ‘হীনম্মন্যতা’ থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে। আসলে হীনম্মন্যতা হচ্ছে মানুষের অসীম সম্ভাবনার পথে, আত্মবিকাশের পথে এক বড় অন্তরায়। হীনম্মন্যতা দূর হলেই আমরা বলতে পারব, আমি আমারই মতো সুন্দর! আমি অনন্য!
আলোচক বলেন, আমাদের জানতে হবে এই হীনম্মন্যতার বাস কোথায়? মনের গভীরে। এটির জন্ম হয় কী করে? ক্রমাগত নেতি চিন্তা করতে করতে। হীনম্মন্যতা কী কী ক্ষতি করে? দুটি প্রধান ক্ষতি যা করে তা হলো—এক, মনোদৈহিক জটিলতা সৃষ্টি করে। দুই, সাফল্য ও প্রাচুর্যের পথে অলঙ্ঘনীয় প্রতিবন্ধকতার কারণ হয়। কেউ চেহারা, রং, রূপ নিয়ে হীনম্মন্যতায় ভোগেন। কেউ আবার নিজের অযোগ্যতার কারণে হীনম্মন্য হতে পারেন। সাময়িক ব্যর্থতা ও আমাদের অনেক সময় হীনম্মন্য করে তোলে। খুঁটিনাটি আরও নানা কারণে যেমন কারও রান্না ভালো না, কারও রেজাল্ট ভালো না, কারও পরিচয় দেওয়ার মতো ভিজিটিং কার্ড নেই ইত্যাদি ইত্যাদি কারণে হীনম্মন্যতা আসতে পারে। তবে কারণ যা-ই হোক, এর মূলে রয়েছে শুকরিয়ার অভাব। এর ফলে সৃষ্টি হয় অশান্তি, অস্থিরতা। একবার কী নেই সেটা নিয়ে চিন্তা শুরু করলে দেখা যাবে ‘নেই’ এর কোনো শেষ নেই। একটা পাওয়ার পর মনে হবে আরও অনেক কিছুই তো পাওয়ার বাকি থেকে গেল এবং হীনম্মন্যতার এক অনন্ত চক্রে আবর্তন চলতে থাকবে।
আলোচক বলেন, সাময়িক ব্যর্থতা কখনোই সাফল্যের পথে অন্তরায় নয়। লক্ষ্যে অবিচল থাকলে, সাফল্য আসবেই। আর এটাই হওয়া উচিত সঠিক দৃষ্টিভঙ্গি। তারপরও কেউ কেউ আমরা এই সঠিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানার পরও হীনম্মন্যতায় ভুগি। কারণ, মনের ওপর আমাদের দখল কম। অথচ যারা নিজের মনের ওপর দখল নিতে পারেন, নিতে পেরেছেন, তাঁরাই সত্যিকারের বীর এবং জয়ী। তিনি বলেন, মনের শক্তিকে কাজে লাগানোর জন্য আমরা মেডিটেশন শিখছি। যারাই মেডিটেশন করছি, তাঁদের কেউ কখনো হীনম্মন্যতায় ভুগতে দেখেন না। কারণ, মেডিটেশন এবং হীনম্মন্যতা এক সঙ্গে থাকতে পারে না। আর এ জন্যই আমাদের নিয়মিত কোয়ান্টামে আসা, মেডিটেশন করা। এখানে এসে আমরা নিজেকে নতুন করে ফিরে পাই। বিশ্বাসের সঙ্গে, নিজের জীবনের সঠিক সিদ্ধান্ত বেছে নিতে পারি।
পরিশেষে রকিব বলেন, পৃথিবী আসলে বিশ্বাসী, সাহসী এবং মনের শক্তিকে কাজে লাগাতে সক্ষম মানুষের জন্যই। তাই আসুন, আমরা একবার সবাই বিশ্বাসের সঙ্গে আরও একবার বলি—আমি আমারই মতো সুন্দর! আমি অনন্য! আমি আমার অনন্য মেধাকে শত ধারায় বিকশিত করব। অর্পিত মহান দায়িত্ব পালন করব।
আলোচনার পাশাপাশি কোয়ান্টাম মেথড কোর্সে অংশগ্রহণকারীদের মেডিটেশন সংক্রান্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমেরিকার সাতটি স্টেট, কানাডার একাধিক প্রভিন্সসহ ছয়টি দেশের ৫৪ জন অতিথি অনুষ্ঠানে অংশ নেন। যে কেউ ঘরে বসে বিনা মূল্যে এই প্রোগ্রামে অংশ নিতে পারেন। অনলাইনে অংশ নিতে ভিজিট করুন qms-usa. org/sadakayon ওয়েবসাইটে।
আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় জ্যামাইকা কোয়ান্টাম লার্নিং সেন্টার হলে (৮৬-৪৭ ১৬৪ স্ট্রিট, সুইট-বি ই) পরবর্তী সাদাকায়নের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আগামী সপ্তাহের আলোচনার বিষয়—‘সুবচনের চর্চা বাড়াব, ফলে বাড়বে আমার কথার শুভ প্রভাব’।
এ ছাড়া থাকবে মনোযোগ, সচেতনতা, সৃজনশীলতা, সাফল্য, সুস্বাস্থ্য, প্রশান্তি ও সুখানুভূতি বাড়ানোর বৈজ্ঞানিক প্রক্রিয়া মনের ব্যায়াম-মেডিটেশন। অসুস্থ ও সমস্যা পীড়িতদের জন্য হিলিং এবং বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে।