কোয়ান্টামের সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে কানাডার টরন্টো থেকে বক্তব্য দিচ্ছেন আলোচক শম্পা রায়
লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে কানাডার টরন্টো থেকে বক্তব্য দিচ্ছেন আলোচক শম্পা রায়

কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএর নিয়মিত সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় জ্যামাইকায় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির কার্যালয়ে এই সাদাকায়ন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোসাইটির দায়িত্বশীল ও ক্যাপিটাল ওয়ান ব্যাংকের সিনিয়র সফটওয়্যার প্রকৌশলী মো. সাইফুল আলম। বিষয়ভিত্তিক আলোচনায় লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে কানাডার টরন্টো থেকে সরাসরি আলোচনায় অংশ নেন শম্পা রায়। এবারের আলোচনার বিষয় ছিল—‘সুবচনের চর্চা বাড়াব, ফলে বাড়বে আমার কথার শুভ প্রভাব’।
ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আলোচক বলেন, ২১ ফেব্রুয়ারি ছিল মহান ভাষা আন্দোলন দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২০১০ সাল থেকে জাতিসংঘের সিদ্ধান্ত মোতাবেক বিশ্বব্যাপী এ দিনটি পালিত হয়। এ বাংলা ভাষাই আমাদের বাঙালির পরিচয় বহন করে। আর ভাষা শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানানোর জন্যই প্রয়োজন মাতৃভাষা বাংলাকে সুন্দরভাবে বলতে শেখা। তা না হলে তাঁদের কাছে আমরা ঋণী থেকে যাব। আজ থেকে ৬৮ বছর আগে সালাম, রফিক, জব্বার, বরকত এবং অন্যান্যরা জীবন বিলিয়ে দিয়েছিলেন আমরা যেন বাংলা ভাষায় কথা বলতে পারি। আর এখন? বাংলা বলার কারণে তো আমাদের জীবন দিতে হচ্ছে না। বরং সুন্দর করে বাংলা বলতে পারলে প্রশংসা পাই। আসলে আমাদের ভাষাটাই সুন্দর। এই যে আমরা ছোটকে তুমি, বন্ধুকে তুই এবং বড়দের আপনি বলি—বাংলা ভাষায় এই তিন ধরনের সম্বোধন আমরা ব্যবহার করি। একটি সমৃদ্ধ ভাষার পক্ষেই এটি সম্ভব। তাই বাংলা ভাষার যথাযথ মর্যাদা রক্ষায় আমরা যেন কথা সুন্দরভাবে বলতে পারি সেই চেষ্টাই করব।
আলোচক বলেন, ২০২০ সালকে আমরা সফল করতে চাচ্ছি সামাজিক যোগাযোগের বছর হিসেবে। তাই আমরা সচেতনভাবে খেয়াল রাখব, যেন আমাদের মুখ থেকে উচ্চারিত একটি কথায়ও কেউ কষ্ট না পান, আহত না হন, কিংবা তার মনটা বেজার হয়ে যেন না যায়। এ ব্যাপারে আমরা কোয়ান্টাম প্রকাশনার সুবচন কণিকার বাক্যগুলো এবং ‘শুদ্ধাচার’ বইটির সাহায্য নিতে পারি। সুবচন মানে কী? সুবচন মানে যে বচনে মানুষের মনে আশার সঞ্চার হয়। সুবচন মানে যে বচনে সত্য ছাড়া মিথ্যা নেই।
এ প্রসঙ্গে আলোচক বাংলার সুলতান গিয়াসউদ্দিন আযম শাহর আমলে চীনা দূতদের লেখা বাঙালিদের দুটি গুণের কথা উল্লেখ করে বলেন, এক. বাঙালি মিথ্যা বলে না। দুই. বাঙালি কারও সঙ্গে প্রতারণা করে না। আমাদের পূর্বপুরুষদের এই গুণ ধরে রাখতে আমরাও সত্য বলতে চাই। তিনি আরও বলেন, সুবচন মানে যে বচনে মমতার সুর আছে। সুবচন মানে যে বচনে কারও প্রতি কোনো তাচ্ছিল্য নেই। কোয়ান্টামে আমরা তাই আপনি সম্বোধন করাকে উৎসাহিত করি। আমরা বলি, আপন করে নেওয়ার জন্যই সবাইকে আপনি সম্বোধন করুন। এতে করে সম্পর্কের মাঝে সম্মান থাকবে, মমতা থাকবে, বাড়বে শ্রদ্ধাবোধ।
মুখের ভাষার মাধুর্য ধরে রাখতে আমাদের করণীয় সম্পর্কে আলোচক বলেন, আমাদের প্রথম ও প্রধান করণীয় হচ্ছে মনকে নির্মল রাখা, মনকে প্রশান্ত রাখা। হৃদয়ে মমতা লালন করা। মনের প্রশান্তি মুখের ভাষাকে মধুর ও ছন্দময় করে। হৃদয়ের মমতা মুখের কথা ও হাসিতে ফুটে ওঠে। এ জন্য আমাদের ধ্যানী হতে হবে। কারণ, ধ্যান বা মেডিটেশন ছাড়া অন্তরের প্রশান্তি, মনের আনন্দ কিংবা হৃদয়ের মমতা স্থায়ী হয় না। প্রতিদিনের জীবনে জমে থাকা রাগ, ক্ষোভ, ক্রোধ, উত্তেজনাকে প্রশমিত করে ধ্যান। আর নিয়মিত মেডিটেশন চর্চা করতে করতে একটা সময় এমন হয়, যখন এসব নেতিবাচক আবেগ আর আক্রান্ত করতে পারে না। তাই আমাদের ধ্যানী হতে হবে। সেই সঙ্গে ধ্যানীদের সহবতে থাকতে হবে। কারণ, কার সঙ্গে সময় কাটাচ্ছি, কোন পরিবেশে থাকছি, তা আমাদের কথা ও আচরণকে অনেক বেশি প্রভাবিত করে। এ জন্য আমরা নিয়মিত সাপ্তাহিক সাদাকায়নে আসব।
আলোচনার পাশাপাশি কোয়ান্টাম মেথড কোর্সে অংশগ্রহণকারীদের মেডিটেশন সংক্রান্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমেরিকার সাতটি স্টেট, কানাডার একাধিক প্রভিন্সসহ পাঁচটি দেশের ৫৭ জন অতিথি অনুষ্ঠানে অংশ নেন। যে কেউ ঘরে বসে বিনা মূল্যে এই প্রোগ্রামে অংশ নিতে পারেন। অনলাইনে অংশ নিতে ভিজিট করুন qms-usa.org/sadakayon ওয়েবসাইটে।
২৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় জ্যামাইকা কোয়ান্টাম লার্নিং সেন্টার হলে (৮৬-৪৭ ১৬৪ স্ট্রিট, সুইট-বি ই) পরবর্তী সাদাকায়নের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আগামী সপ্তাহের আলোচনার বিষয়—‘বয়োবৃদ্ধ মা-বাবার যত্ন নিন, তাঁদের দোয়াকে গুরুত্ব দিন’।
এ ছাড়া থাকবে মনোযোগ, সচেতনতা, সৃজনশীলতা, সাফল্য, সুস্বাস্থ্য, প্রশান্তি ও সুখানুভূতি বাড়ানোর বৈজ্ঞানিক প্রক্রিয়া মনের ব্যায়াম-মেডিটেশন। অসুস্থ ও সমস্যা পীড়িতদের জন্য হিলিং এবং বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে।