কোয়ান্টামের সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাপ্তাহিক সাদাকায়নে বক্তব্য দিচ্ছেন আলোচক মো. এমদাদ উল্লাহ ভূঁইয়া
সাপ্তাহিক সাদাকায়নে বক্তব্য দিচ্ছেন আলোচক মো. এমদাদ উল্লাহ ভূঁইয়া

কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএর নিয়মিত সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ সকাল ১০টায় জ্যামাইকায় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির কার্যালয়ে এই সাদাকায়ন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোসাইটির দায়িত্বশীল ও ইয়র্ক কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী মেহজাবিন আহমেদ। বিষয়ভিত্তিক আলোচনায় আলোচক ছিলেন কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির দায়িত্বশীল মো. এমদাদ উল্লাহ ভূঁইয়া। এবারের আলোচনার বিষয় ছিল—‘পরিবারে সালাম চর্চা বাড়ায় পারস্পরিক একাত্মতা’।

সালামের গুরুত্ব তুলে ধরে আলোচক মো. এমদাদ উল্লাহ ভূঁইয়া বলেন, সালাম মানে অন্যের জন্য শান্তি কামনা করা। বাংলায় বললে-আপনার ওপর শান্তি বর্ষিত হোক। সব কথার সেরা কথা এটি। এই কথাটি শুধু শান্তি কামনা করে না, এ কথার মধ্য দিয়ে সুখ সৃষ্টি হয়, পরস্পরের প্রতি সমমর্মিতা বাড়ে। আর শান্তি, সুখ, সমমর্মিতার সবচেয়ে বেশি প্রয়োজন পরিবারে। আসলে পরিবার খুব শক্ত একটি খুঁটি প্রতিটি মানুষের জীবনে। উচ্চশিক্ষা, ক্যারিয়ার, নিত্যনতুন যোগাযোগ প্রযুক্তির ব্যবহার-এ সবই আমাদের জীবনে কাজের জন্য প্রয়োজন। কিন্তু শান্তির জন্য প্রয়োজন পরিবার। প্রয়োজন পারিবারিক সম্পর্ক। আবহমানকাল ধরে প্রাচ্যের, বিশেষত আমাদের একটি বড় গর্বের বিষয় হলো পরিবার। স্থূল ভোগবাদী সংস্কৃতির আগ্রাসনে পড়ে পাশ্চাত্যের পরিবারগুলো বহুকাল ধরেই বিপর্যস্ত। যার ফলাফল ওদের আজকের ক্রমবর্ধমান সামাজিক জটিলতা, হিংস্র অপরাধপ্রবণ মনোবৃত্তি আর স্নায়বিক-মানসিক অসুস্থতা। যে কারণে পাশ্চাত্যের পরিবারগুলো আজ সত্যিকার অর্থেই ভাঙনের মুখে। সে বিবেচনায় আমরা এখনো ভাগ্যবান। যদিও ভুল দৃষ্টিভঙ্গি, ভায়োলেন্সপূর্ণ টিভি সিরিয়াল, অসুস্থ বিনোদন, ভার্চুয়াল ভাইরাস আর আর্থসামাজিক নানা কারণে আমাদের পরিবারগুলো একটি সংকটকাল অতিক্রম করছে। বাড়ছে স্বামী-স্ত্রী আর অভিভাবক-সন্তানের মধ্যে পারস্পরিক ভুল বোঝাবুঝি ও অকারণ দূরত্ব। এ থেকে মুক্তির জন্য কিছু একটা তো করতে হবে আমাদের।

আলোচক বলেন, কোয়ান্টাম অনেক দিন থেকেই বলে আসছে, পরিবার বাঁচলে সমাজ বাঁচবে, সমাজ বাঁচলে দেশ বাঁচবে। আমাদের এই প্রিয় দেশটিকে বাঁচাতে আগে আমাদের পরিবারগুলোকে বাঁচাতে হবে। পরিবারের বন্ধনকে অটুট করতে পারে একমাত্র শান্তি, সুখ আর পারস্পরিক সমমর্মিতা। এ জন্যই আমাদের পরিবার পরিজনদের প্রতি প্রথম করণীয় হচ্ছে সালাম চর্চা। নিজে আগে হাসিমুখে সালাম দেওয়া এবং সালাম পেলে হাসিমুখে তার উত্তর দেওয়া। তিনি বয়সে যত বড় বা ছোট হোন না কেন।

আলোচক আরও বলেন, সুসম্পর্ক গড়ে তোলার ভিত্তি হতে পারে সালাম বিনিময়। কারও সঙ্গে ভুল বোঝাবুঝি বা কথা-কাটাকাটি হয়েছে? সমঝোতার পথ তৈরি করতে চাচ্ছেন? হাসিমুখে সালাম দিয়ে নিজেই এগিয়ে যান। দেখবেন পুরো পরিবেশই বদলে গেছে। স্বামী/স্ত্রী বা ভাই/বোন অভিমান করে আছেন? আপনিও আরেকদিকে মুখ করে বসে থাকবেন না। আপনি বাসায় ফিরে সালাম দিন। দেখবেন, কত চমৎকারভাবে পরিস্থিতি বদলে গেছে। আমরা সবাই যদি পরস্পরকে সালাম দিই, সবাই যদি সবার শান্তি কামনা করি তাহলে অশান্তি থাকবে কোথায়? অশান্তি তো পালিয়ে যাবে।

এমদাদ উল্লাহ ভূঁইয়া বলেন, সুখী মমতাময় পারিবারিক আবহ সৃষ্টির জন্য একটি অনবদ্য উপায় হতে পারে এই সালাম। পরিবারের সদস্যদের মধ্যে সালাম বিনিময় হতে পারে একটি সুন্দর পারিবারিক সংস্কৃতি। এ জন্য আমরা মা-বাবারা ছেলেমেয়েদের আগে সালাম দেব। এতে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি হবে যে, না বাবা তো আমাকে সালাম দিয়েছেন, আমাকে তো বাবাকে আগে সালাম দিতে হবে। আমরা বিশ্বাস করি যে, প্রতিদিন হাসিমুখে এই কল্যাণ কামনা যদি চলতে থাকে, তাহলে আমাদের পরিবারগুলোতে আসবে ইতিবাচক পরিবর্তন। পরিবার হবে আমাদের সুখের নীড়, শান্তির উৎস।

আলোচনার পাশাপাশি কোয়ান্টাম মেথড কোর্সে অংশগ্রহণকারীদের মেডিটেশন সংক্রান্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমেরিকার সাতটি স্টেট, কানাডার একাধিক প্রভিন্সসহ ছয়টি দেশের ৫১ জন অতিথি অনুষ্ঠানে অংশ নেন। যে কেউ ঘরে বসে বিনা মূল্যে এই প্রোগ্রামে অংশ নিতে পারেন। অনলাইনে অংশ নিতে ভিজিট করুন qms-usa.org/sadakayon ওয়েবসাইটে।

১৪ মার্চ সকাল ১০টায় জ্যামাইকা কোয়ান্টাম লার্নিং সেন্টার হলে (৮৬-৪৭ ১৬৪ স্ট্রিট, সুইট-বি ই) পরবর্তী সাদাকায়নের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আগামী সপ্তাহের আলোচনার বিষয়—‘সমস্যার সঙ্গে টেনশন নয়, মেডিটেশনকে যুক্ত করে সমাধান করব’।
এ ছাড়া থাকবে মনোযোগ, সচেতনতা, সৃজনশীলতা, সাফল্য, সুস্বাস্থ্য, প্রশান্তি ও সুখানুভূতি বাড়ানোর বৈজ্ঞানিক প্রক্রিয়া মনের ব্যায়াম-মেডিটেশন। অসুস্থ ও সমস্যা পীড়িতদের জন্য হিলিং এবং বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে।