কোয়ান্টামের সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠিত

কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএর নিয়মিত সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ সকাল ১০টায় জ্যামাইকায় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির কার্যালয়ে এই সাদাকায়ন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোসাইটির দায়িত্বশীল ও ক্যাপিটাল ওয়ান ব্যাংকের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. সাইফুল আলম। । বিষয়ভিত্তিক আলোচনায় আলোচক ছিলেন কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির দায়িত্বশীল ও ইয়র্ক কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী মেহজাবিন আহমেদ। এবারের আলোচনার বিষয় ছিল—‘সমস্যার সঙ্গে টেনশন নয়, মেডিটেশনকে যুক্ত করে সমাধান করব’।
ছোটবেলা থেকে মেডিটেশন করে সফল হয়েছেন এমন কয়েকজন শিশু ও শিক্ষার্থীর অভিজ্ঞতার কথা উল্লেখ করে আলোচক মেহজাবিন আহমেদ বলেন, এদের মতো আরও শিশু, কোয়ান্টাম পরিবারে যারা বেড়ে উঠেছে, তারা এখন জানে যে কোনো পরিস্থিতি সামাল দিতে কী করতে হবে। আমাদের প্রতিটি শিশু যেন এমন বুদ্ধিমান হয়। কারণ জীবনে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। কখন কী করতে হবে তা বুঝতে পারা এবং সেটি বিশ্বাস নিয়ে করা, তারপর কাঙ্ক্ষিত ফল লাভ করা। এভাবেই তো সমস্যার সমাধান করতে হয়, এভাবেই তো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। দুশ্চিন্তা তো আমাদের ভালো কিছু দিতে পারে না। তাহলে তা করে লাভ কী? সে জন্যই আজকের আলোচনার মূল বক্তব্য এটিই যে, সমাধান করতে চাইলে সমস্যার প্রেক্ষিতে টেনশন না করে মেডিটেশন করা।
মেডিটেশন কীভাবে কাজ করে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে গিয়ে আলোচক বলেন, গবেষক রিচার্ড ডেভিডসন গবেষণা করে দেখেছেন যে, যেসব মানুষ নেতিবাচক চিন্তা ও দুশ্চিন্তায় অভ্যস্ত তাদের ব্রেনের ডান দিকের প্রি-ফ্রন্টাল কর্টেক্স বেশি কাজ করে। যারা বেশি উদ্যমী, আগ্রহী, সুখী, আত্মতৃপ্ত তাদের বাম দিকের প্রি-ফ্রন্টাল কর্টেক্স বেশি কাজ করে। মেডিটেশন ব্রেনের কাজকে ডান দিকের এই দুঃখ, কষ্ট, হতাশা, নেতি চিন্তা থেকে সরিয়ে বাম দিকের ইতিবাচক, সুখী, আত্মবিশ্বাস, উদ্যমী অংশে নিয়ে যায়। এ থেকে প্রমাণিত হয় মেডিটেশন মানুষকে দুশ্চিন্তার পরিবর্তে প্রশান্ত, আত্মতৃপ্ত, সুখী ও সুচিন্তায় অভ্যস্ত করে তোলে।
আলোচক বলেন, বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ম্যাথু রিকার্ড ৩৫ বছর ধরে মেডিটেশন চর্চা করছেন। ২৫৬টি ইলেকট্রোড দিয়ে বিজ্ঞানীরা তাঁর মাথা মুড়িয়ে ফেলেছিলেন। সীমাহীন উৎসাহ নিয়ে তাঁরা রিকার্ডের ব্রেনের ওপর মেডিটেশনের প্রভাব অনুসন্ধান করতে থাকেন। তাঁর ব্রেনের বাম দিকের প্রি-ফ্রন্টাল কর্টেক্স সুতীক্ষ্ণ। এ জন্য তিনি সুখী হতে পেরেছেন। নিয়মিত মেডিটেশনের ফলে সুখের দৃষ্টিভঙ্গি তাঁর মধ্যে সৃষ্টি হয়েছে। অর্থাৎ, মেডিটেশন আমাদের প্রশান্ত রেখে সঠিক জায়গায় মনোযোগ দিতে সাহায্য করে।
মেহজাবিন আহমেদ বলেন, পানিতে হাবুডুবুর জন্য ট্রেনিংয়ের কোনো প্রয়োজন নেই। কিন্তু পানিতে ভেসে থাকার জন্য ট্রেনিংয়ের প্রয়োজন আছে। নিয়মিত মেডিটেশন করার মধ্য দিয়ে আপনি এই জীবনকে সহজ ও গতিময় করার সূত্র পাবেন। প্রত্যেক যুগেরই কিছু সমস্যা, নিজস্ব যন্ত্রণা রয়েছে, নিজস্ব কষ্ট রয়েছে এবং সেই যুগের আলোকেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। নিয়মিত মেডিটেশন করার মাধ্যমে যে কেউ জীবনের সত্যকে বুঝতে পারবেন। উপলব্ধি করতে পারবেন এবং সমস্যার জট খুলতে পারবেন, সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তাই আসুন, নিয়মিত মেডিটেশন করুন। সমস্যার জট উপড়ে ফেলুন। আপনার জন্য অপেক্ষা করছে টেনশনমুক্ত এক সফল জীবন।
আলোচনার পাশাপাশি কোয়ান্টাম মেথড কোর্সে অংশগ্রহণকারীদের মেডিটেশন সংক্রান্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমেরিকার সাতটি স্টেট, কানাডার একাধিক প্রভিন্সসহ ছয়টি দেশের ৬১ জন অতিথি অনুষ্ঠানে অংশ নেন। যে কেউ ঘরে বসে বিনা মূল্যে এই প্রোগ্রামে অংশ নিতে পারেন। অনলাইনে অংশ নিতে ভিজিট করুন qms-usa. org/sadakayon ওয়েবসাইটে।
২১ মার্চ সকাল ১০টায় জ্যামাইকা কোয়ান্টাম লার্নিং সেন্টার হলে (৮৬-৪৭ ১৬৪ স্ট্রিট, সুইট-বি ই) পরবর্তী সাদাকায়নের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আগামী সপ্তাহের আলোচনার বিষয়—‘সাফল্য ও কল্যাণের জন্যই ব্যয় করব আমার দিনের প্রতিটি মুহূর্ত’।
এ ছাড়া থাকবে মনোযোগ, সচেতনতা, সৃজনশীলতা, সাফল্য, সুস্বাস্থ্য, প্রশান্তি ও সুখানুভূতি বাড়ানোর বৈজ্ঞানিক প্রক্রিয়া মনের ব্যায়াম-মেডিটেশন। অসুস্থ ও সমস্যা পীড়িতদের জন্য হিলিং এবং বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে।