কোয়ান্টামের সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদাকায়নে আলোচক ও শ্রোতারা
সাদাকায়নে আলোচক ও শ্রোতারা

কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএর নিয়মিত সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ জুলাই জ্যামাইকায় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির কার্যালয়ে এই সাদাকায়ন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি নিউইয়র্ক সময় সকাল ১০টায় শুরু হয়। এবারের আলোচনার বিষয় ছিল—‘সুখের সূতিকাগার হোক আমাদের পরিবার’। আলোচক ছিলেন শাখার দায়িত্বশীল রকিবুর রহমান।

রকিবুর রহমান বলেন, মানুষের প্রথম আশ্রয় তার পরিবার। পরিবার এক বন্ধনের নাম, প্রশান্তি আর সুখের উৎস। গাছের শেকড় যেভাবে মাটিকে আটকে রাখে, তেমনি পরিবারগুলো সমাজ টিকিয়ে রাখে। ১৯৯৫ সালে সুখী মানুষের দেশের তালিকায় বাংলাদেশ ছিল শীর্ষে। এর মূল ভিত্তি ছিল এই মমতাময় পরিবার। কিন্তু এখন পারিবারিক এই ঐতিহ্যে, এই মমতায় ফাটল ধরতে শুরু করছে। বর্তমানে প্রযুক্তির আগ্রাসন ও ভার্চুয়াল ভাইরাস পারিবারিক এই বুননকে তছনছ করে দিচ্ছে। অথচ কোয়ান্টাম প্রথম থেকেই এই পরিবারকে গুরুত্ব দিয়ে এসেছে।

সুখী পরিবারের জন্য আলোচক কিছু করণীয় সম্পর্কে বলেন। এগুলো হলো—১. মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল হোন। কোনো নির্দিষ্ট দিবসে সীমাবদ্ধ না থেকে প্রতিদিন মা-বাবার খোঁজ নিন। আমি যদি আমার বাবাকে সম্মান করি তাহলে আমার সন্তানও আমাকে সম্মান করবে। ২. পারস্পরিক সম্মান ও সমমর্মিতাবোধ গড়ে তুলুন। ৩.পরিবারে ইতিবাচক কথা ও আচরণের চর্চা করুন। যিনি যত বেশি প্রো-অ্যাকটিভ ও ধৈর্যশীল তিনি পারিবারিক জীবনে তত সুখী হতে পারেন। ৪.পরিবারে আত্মিক ও নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দিন। ৫.মেডিটেশনে পারিবারিক মনছবি দেখুন। আসলে সুখের প্রক্রিয়াই শুরু হয় মাথা ঠান্ডা রাখার মধ্য দিয়ে।

অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমেরিকার পাঁচটি স্টেট, কানাডার একাধিক প্রভিন্সসহ মোট ছয়টি দেশের অর্ধ শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশ নেন।

৩ আগস্ট সকাল ১০টায় ৮৬-৪৭ ১৬৪ স্ট্রিট, সুইট-বি ই-তে পরবর্তী সাদাকায়নে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আগামী সপ্তাহে থাকছে সুখী ও পরিতৃপ্ত জীবন লাভের প্রয়োজনীয় নির্দেশনা নিয়ে বিশেষ আলোচনা।