কোয়ান্টামের সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠিত

কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএর নিয়মিত সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর সকাল ১০ টায় জ্যামাইকায় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির কার্যালয়ে এই সাদাকায়ন অনুষ্ঠিত হয়।
এবারের আলোচনার বিষয় ছিল—‘আমি ঋণ থেকে সব সময় দূরে থাকব’। আলোচক ছিলেন শাখার দায়িত্বশীল এমদাদ উল্লাহ ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়র্ক কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী মেহজাবিন আহমেদ।
আলোচক এমদাদ উল্লাহ ভূঁইয়া বলেন, আমরা গ্রহীতা নয়, দাতা হতে চাই। তবে নিজেকে নির্মাণের ক্ষেত্রে অনেক সময় চোরাবালিতে পা আটকে যায়। এ রকম একটি ভয়ংকর চোরাবালি হচ্ছে ঋণ। ঋণ ও দাসত্ব সমার্থক। যিনি ঋণগ্রস্ত হন তিনি মানসিক দাসত্বের সম্মুখীন হন।
প্রতিটি দিন ও রাত ঋণগ্রস্তের জন্য দুঃসহ যন্ত্রণার। আসলে ঋণ যার জীবনে ঢুকবে তাঁর নৈতিক অবক্ষয় দেখা দেবে। কারণ ঋণের টাকা শোধ করতে না পারার কারণে তিনি মিথ্যা বলবেন। আর মিথ্যা সব পাপের রাজা। নৈতিক শক্তিতে যদি ধস নামে তাহলে কখনো মাথা উঁচু করে দাঁড়ানো যায় না। দুঃখজনক হলেও সত্য, আমরা সবাই কম-বেশি ঋণগ্রস্ত। ঋণগ্রহীতারা এক সংস্থা থেকে ঋণ নিয়ে আরেক সংস্থার ঋণ শোধ করেন। ঋণের এই কুচক্রে আবদ্ধ হয়ে যান। সময়মতো ঋণের অর্থ শোধ দিতে না পারায় সৃষ্টি হয় হতাশা আর আতঙ্ক। দেহ আক্রান্ত হয় নানাবিধ মনোদৈহিক রোগে। ঋণের এই চোরাবালিতে আটকা পড়ে অনেক টিএলসি ড্রাইভার আত্মহত্যা করেছেন।
আলোচক বলেন, ঋণ করে কখনো ভোগ্য পণ্য কিনবেন না। উপার্জন করার আগে কিনে ফেললে, আপনার দুর্দশা কখনো মোচন হবে না। সঞ্চয়ী হোন, দাতা হোন। ঘরে বসে অপ্রয়োজনীয় অনলাইন শপিং থেকে বিরত থাকুন। মনোবিদদের মতে, অনলাইন শপিং একধরনের নেশা।
তাই নিয়মিত মেডিটেশন করুন। মেডিটেশন আপনার আবেগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সহায়তা করবে। নিজের কাছে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে পারবেন। আসলে সাফল্যের রহস্য লুকিয়ে আছে স্ব-অর্থায়নে কোনো কিছু অর্জনের মাধ্যমে। নিজস্ব অর্থায়নে ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপের মধ্য দিয়ে বড় কিছু অর্জন করা সম্ভব।
আলোচক আরও বলেন, নিয়মিত ফাউন্ডেশনের আত্ম নির্মাণমূলক কাজে সক্রিয় অংশ নিন। কারণ ফাউন্ডেশন সব সময় চেষ্টা করে, শোষকের ফাঁদ থেকে নিজেকে কীভাবে দূরে রাখা যায় তা নিয়ে সচেতন করতে।
আলোচনার পাশাপাশি কোয়ান্টাম মেথড কোর্সে অংশগ্রহণকারীদের প্রত্যয়ন ভিডিও ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমেরিকার সাতটি স্টেট, কানাডার একাধিক প্রভিন্সসহ মোট ছয়টি দেশের অর্ধশত অতিথি অনুষ্ঠানে অংশ নেন।
২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ৮৬-৪৭ ১৬৪ স্ট্রিট, সুইট-বি ই-তে জ্যামাইকা কোয়ান্টাম লার্নিং সেন্টার হলে পরবর্তী সাদাকায়নের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আগামী সপ্তাহে থাকছে মানব শিশুর ব্যক্তিত্ব ও মেধা বিকাশে পরিবারের ভূমিকা নিয়ে আলোচনা ‘ব্যক্তিত্ব ও মেধা বিকাশে প্রয়োজন অনুকূল পারিবারিক পরিবেশ’।
এ ছাড়া থাকবে মনোযোগ, সচেতনতা, সাফল্য, সুস্বাস্থ্য, প্রশান্তি ও সুখানুভূতি বাড়ানোর বৈজ্ঞানিক প্রক্রিয়া মনের ব্যায়াম-মেডিটেশন। অসুস্থ ও সমস্যা পীড়িতদের জন্য হিলিং এবং বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা আছে।