কোয়ান্টামের সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠিত

কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএর নিয়মিত সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠিত হয়েছে।
১৯ অক্টোবর সকাল ১০ টায় জ্যামাইকায় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির কার্যালয়ে এই সাদাকায়ন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোসাইটির দায়িত্বশীল ও ইয়র্ক কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী মেহজাবিন আহমেদ।
এবারের আলোচনার বিষয় ছিল—‘সময় ও কাজের সুবিন্যাসায়ন হোক আমার অগ্রগতির ভিত্তি’। আলোচক ছিলেন কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএর দায়িত্বশীল রকিবুর রহমান। তিনি লিড আইটি বিজনেস অ্যানালিস্ট হিসেবে কর্মরত আছেন।
আলোচক রকিবুর রহমান বলেন, জীবনে অগ্রগতির ভিত্তি হলো সঠিক সময়ে, সঠিক পদ্ধতিতে, সঠিক কাজ করা। এটি করতে পারার প্রথম ধাপই হলো কাজ ও সময়ের যথাযথ সুবিন্যাসায়ন। সময় ও কাজের যোগফলই জীবন। সবার জন্যই দিনের দৈর্ঘ্য ২৪ ঘণ্টা। কিন্তু এই একই দৈর্ঘ্যের সময়ের মধ্যে কে কী পরিমাণ কাজ করবেন তা নির্ভর করছে তাঁর সময় ও কাজের সুবিন্যাসায়নের ওপর। সফল মানুষেরা সময়কে পরিকল্পিত ও পরিপূর্ণভাবে কাজে লাগান বলেই তাঁরা জীবনে সফল।
আলোচক বলেন, সুবিন্যাসায়নের দুটি ধরন। একটি কাজের বিন্যাস এবং অপরটি হচ্ছে সময়ের বিন্যাস। কাজের বিন্যাস বলতে বোঝায় কাজের প্রাধান্য ঠিক করা। অর্থাৎ কোন কাজের পর কোন কাজ করতে হবে তার তালিকা করা এবং সে অনুযায়ী কাজ সাজানো। আর সময়ের বিন্যাস বলতে কোন কাজ কখন কতটুকু সময় করতে হবে তার পরিকল্পনা করাকে বোঝায়। সুন্দর পরিকল্পনা একটি কাজ সম্পন্ন করার অর্ধেক।
আলোচক আরও বলেন, সুন্দরভাবে সময়কে কাজে লাগানোর চাবিকাঠি হলো মেডিটেশন। ২৪ ঘণ্টার মধ্যে এক ঘণ্টা মেডিটেশনে ব্যয় করলে বাকি ২৩ ঘণ্টার মধ্যে সুন্দর ভাবে ব্যয় করতে পারবেন। আমরা যদি রাতের মেডিটেশনে পরদিনের কাজ ও কীভাবে করব সেই পরিকল্পনা করি এবং ভোরের মেডিটেশনে সকালের পরিকল্পনা ঝালিয়ে নিই তাহলে সম্ভাব্য চ্যালেঞ্জ সম্পর্কে আগে থেকেই প্রস্তুতি থাকবে। ফলে আমরা যেকোনো পরিস্থিতি সহজে মোকাবিলা করতে পারব।
আলোচনার পাশাপাশি কোয়ান্টাম মেথড কোর্সে অংশ গ্রহণকারীদের প্রত্যয়ন ভিডিও ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমেরিকার সাতটি স্টেট, কানাডার একাধিক প্রভিন্সসহ মোট ছয়টি দেশের অর্ধ শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশ নেন।
২৬ অক্টোবর সকাল ১০টায় জ্যামাইকা কোয়ান্টাম লার্নিং সেন্টার হলে (৮৬-৪৭ ১৬৪ স্ট্রিট, সুইট-বি ই) পরবর্তী সাদাকায়নের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আগামী সপ্তাহে থাকছে কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএর ১০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ওয়ার্কশপ ‘সাফল্য ও শুকরিয়ায় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএর ১০ বছর’। ব্যর্থতার চক্র থেকে বেরিয়ে কীভাবে সফলতাকে নিজের দিকে আকৃষ্ট করবেন, এ বিষয় নিয়েও থাকবে গুরুত্বপূর্ণ আলোচনা।
এ ছাড়া থাকবে মনোযোগ, সচেতনতা, সৃজনশীলতা, সাফল্য, সুস্বাস্থ্য, প্রশান্তি ও সুখানুভূতি বাড়ানোর বৈজ্ঞানিক প্রক্রিয়া মনের ব্যায়াম-মেডিটেশন। অসুস্থ ও সমস্যা পীড়িতদের জন্য হিলিং এবং বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে।