কোয়ারেন্টিনে পরিবারে ইতিবাচকতার চর্চা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএর নিয়মিত সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল সকাল ১০টায় করোনা পরিস্থিতির কারণে নিউইয়র্ক শহর লকডাউন থাকায় অনলাইনে এই সাদাকায়ন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির দায়িত্বশীল ও ইয়র্ক কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী মেহজাবিন আহমেদ। বিষয়ভিত্তিক আলোচনায় লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে অংশ নেন কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএর ভাইস প্রেসিডেন্ট ও ব্যাক ইন মোশন লিমিটেডের চেয়ারম্যান তাজিয়া সর্দার। এবারের আলোচনার বিষয় ছিল—‘কোয়ারেন্টিনের এই সময়ে পরিবারে ইতিবাচকতার চর্চা’।

আলোচক তাজিয়া সর্দার বলেন, আমরা এমন একটা সময়ে বসবাস করছি যখন মানুষ দূরে থাকাটাকেই ভালোবাসার বহিঃপ্রকাশ বলে গণ্য করছে। সামাজিক জীব হয়েও এখন আমরা একটা নিরাপদ শারীরিক দূরত্ব মেনে চলছি। কারণ বর্তমানে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়া করোনাভাইরাস যেকোনো সময় যে কারও কাছ থেকে ছড়িয়ে পড়তে পারে। যেহেতু এই ভাইরাসের কোনো ওষুধ নেই, তাই সব দেশই আশ্রয় নিয়েছে লকডাউন নামের এক কঠিন নিয়মের। পরিবারের দায়িত্বশীল যারা তাঁরা রয়েছেন প্রচণ্ড মানসিক চাপের মধ্যে। এই পরিস্থিতির কারণে আমরা বড়রা যখন আতঙ্কিত তা দেখে পরিবারের শিশুরা হারাচ্ছে তাদের মনোবল। তাদের মধ্যে সৃষ্টি হচ্ছে হতাশা ও উৎকণ্ঠা। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের ইতিবাচক হতে হবে।

আলোচক বলেন, সবাই মিলে সৃজনশীল কাজ করতে পারি। পরিবারের অন্য সদস্যের কাজে সাহায্য করতে পারি। টিভি, ইন্টারনেটে সময় নষ্ট না করে যার যার কাজে মনোযোগী থাকতে হবে। লম্বা সময় ঘরে থাকার সুযোগকে আশীর্বাদ হিসেবে গণ্য করা উচিত। এই সুযোগে নিজেদের শুদ্ধাচারী হওয়ার আহ্বান জানান আলোচক। তিনি আরও বলেন, কথাবার্তায় সংযত হতে হবে। পরিবারে শিশু, বয়স্ক বা কেউ যদি অসুস্থ তাকে তাদের যত্ন নিতে হবে। করোনা একদিন থাকবে না, এটা আমরা কাটিয়ে উঠব। কিন্তু আমাদের স্মৃতিতে থেকে যাবে এ সময়ের ভালো কিংবা মন্দ আচরণের ঘটনা। তাই আমরা আপনজনদের প্রতি কী ধরনের আচরণ করছি বা কতটুকু মানবিক হতে পারছি তা ভেবে দেখা উচিত। তাই ইতিবাচক থাকার চেষ্টা করব।

সাদাকায়নে সম্প্রচার করা হয় কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্ণধার শহীদ আল বোখারি মহাজাতকের বিশেষ অডিও স্পিচ ‘সন্তানের কাছ থেকে যা আপনি প্রত্যাশা করেন তা আপনার মা-বাবার জন্য করুন।’

আলোচনার পাশাপাশি কোয়ান্টাম মেথড কোর্সে অংশগ্রহণকারীদের মেডিটেশন সংক্রান্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমেরিকার সাতটি স্টেট, কানাডার একাধিক প্রভিন্সসহ ছয়টি দেশের শতাধিক মানুষ অনুষ্ঠানে অংশ নেন। যে কেউ ঘরে বসে বিনা মূল্যে এই প্রোগ্রামে অংশ নিতে পারেন। অনলাইনে অংশ নিতে ভিজিট করুন qms-usa. org/sadakayon ওয়েবসাইটে।

১৮ এপ্রিল সকাল ১০টায় অনলাইনে পরবর্তী সাদাকায়নের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আগামী সপ্তাহে থাকছে সংকটময় সময়ে মোকাবিলায় মানসিক দৃঢ়তা অর্জন ও করণীয় বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

এ ছাড়া থাকবে মনোযোগ, সচেতনতা, সৃজনশীলতা, সাফল্য, সুস্বাস্থ্য, প্রশান্তি ও সুখানুভূতি বাড়ানোর বৈজ্ঞানিক প্রক্রিয়া মনের ব্যায়াম-মেডিটেশন। অসুস্থ ও সমস্যা পীড়িতদের জন্য হিলিং এবং বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে।