কৌতুকশিল্পী নাভেদ মাহবুব আসছেন নিউইয়র্কে

নিউইয়র্ক মাতাতে আসছেন জনপ্রিয় কৌতুকশিল্পী নাভেদ মাহমুদ। ১০ ডিসেম্বর রোববার সন্ধ্যা ছয়টায় জ্যামাইকা হিলসাইডের তাজমহল রেস্টুরেন্টে দেখা মিলবে তাঁর। বাংলাদেশ অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন অ্যাসোসিয়েশন-আশার উদ্যোগে একটি ফান্ড রেইজিং ডিনারের অংশ হিসেবেই তিনি নিউইয়র্কে আসছেন।
নাভেদ মাহমুদ বলেন, ১০ দিনের সফরে তিনি আসছেন নিউইয়র্কে। আশার ফান্ড রেইজিং ডিনারে অংশ নেওয়া ছাড়াও দুটি শোতে অংশ নেওয়ার ইচ্ছা আছে তাঁর। ইউনিভার্সিটি অব মিশিগান থেকে তড়িৎ প্রকৌশলে মাস্টার্স করার আগে বুয়েট থেকে একই বিষয়ে স্নাতক পাস করেন নাভেদ। যুক্তরাষ্ট্রে থাকাকালে তিনি এখানকার কমেডি শোগুলোতে নাম লেখান। দ্য কমেডি সেন্ট্রালের স্ট্যান্ডআপ এশিয়া বিভাগে কাজ করেছেন অনেক দিন। ২০০৭ সালে লাস ভেগাসের কমেডি শোতে সেরা পুরুষ কমেডিয়ান হিসেবে পদক জেতেন।
এই অনুষ্ঠানের আয়োজক রুবাইয়া জানিয়েছেন, নাভেদের কৌতুক অভিনয় দেখতে খরচ করা ৫০ ডলারের প্রতিটি টাকা যাবে অটিজমে আক্রান্ত বাংলাদেশি শিশুদের কল্যাণে। টিকিট পাওয়া যাবে ৩৪৭-৮৭৩-৯৯৬২ নম্বরে।