
বাংলাদেশি বংশোদ্ভূত মেয়ে সায়নী দাস (২১) ইংলিশ চ্যানেল বিজয়ের পর এবার ক্যাটালিনা চ্যানেল পাড়ির স্বপ্ন দেখছেন। আগামী ৭ জুন তিনি এই স্বপ্ন বাস্তবায়নের পথে যাত্রা করবেন। ক্যাটালিনা আইল্যান্ড থেকে লস অ্যাঞ্জেলেসের পারলোস ভাডিস সমুদ্রের তীর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ ক্যাটালিনা চ্যানেল পাড়ি দিতে সময় লাগবে কমবেশি ১৩ ঘণ্টা।
সায়নীর বাবা ও কোচ রাধেশ্যাম দাস জানান, ক্যাটালিনা আইল্যান্ডে থেকে উজানে সাঁতরাতে হবে সায়নীর। সে সঙ্গে রয়েছে হাঙরের ভয় ও হিমশীতল সমুদ্রের জল। ইতিমধ্যে সায়নী লস অ্যাঞ্জেলেসে পৌঁছে গেছেন। চূড়ান্ত চ্যালেঞ্জ গ্রহণের আগে নিয়মিত প্রতিদিন ৮ ঘণ্টা করে সাঁতারের অনুশীলন করছেন।
সায়নী সাঁতার কেটে লস অ্যাঞ্জেলেসে এসে প্রবাসী বাঙালিদের সঙ্গে মিলিত হতে চান। সেখানে বাংলাদেশের প্রখ্যাত ইংলিশ চ্যানেল বিজয়ী মোশারফ হোসেন তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
প্রথম বাঙালি নারী সাঁতারু হিসেবে ক্যাটালিনা চ্যানেল পাড়ি দিয়েছিলেন বুলা চৌধুরী। তাঁর পর সায়নী দাসই প্রথম নারী, যিনি এই চ্যানেল পাড়ি দেওয়ার স্বপ্ন দেখছেন। এই স্বপ্ন পূরণে ব্যয় করতে হচ্ছে প্রায় ৬ লাখ টাকা। তাই সায়নীর বাবা ও কোচ রাধেশ্যাম দাস এ মুহূর্তে স্পনসরের সন্ধান করছেন। ইতিপূর্বে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য অর্থ জোগান দিতে তিনি বাড়ি বন্ধক দিয়েছিলেন। এ ছাড়া সায়নীর দ্বিতীয় টার্গেট ছিল অস্ট্রেলিয়ার রটনেস্ট বিজয়। সে সময় অঙ্গরাজ্য সরকারের সহযোগিতা পেয়েছিলেন তিনি। এটি তাঁর তৃতীয় চ্যালেঞ্জ। সায়নী ও তাঁর বাবার আশা স্পনসর পাবেন। তবে না পেলেও তাঁরা রণে ভঙ্গ দেবেন না। ধার করে হলেও হাঙর-ডলফিনের দেশ ক্যাটালিনা চ্যানেল পাড়ি দেবেন।
বাঙালি মেয়ের স্বপ্ন সফল করতে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব শঙ্কু আইচ ও মমিনুল হক বাচ্চু সবার কাছে সহযোগিতা চেয়েছেন। একই সঙ্গে এই চ্যালেঞ্জের মোকাবিলার সময় সায়নীর পাশে থেকে তাঁকে উৎসাহ দেওয়ারও আহ্বান জানান তাঁরা।