ক্যানসার আক্রান্ত বাবার জন্য দৌড়াবেন ইফতি

ইফতি চৌধুরী দৌড়াবেন। ক্যানসার আক্রান্ত মুক্তিযোদ্ধা বাবার জন্য দৌড়াবেন। আমেরিকান ক্যানসার সোসাইটির হয়ে দৌড়াবেন। আগামী ১৪ই অক্টোবর নিউইয়র্কের প্রসপেক্ট পার্ক, ব্রুকলিনে আয়োজিত রক এন রোল হাফ ম্যারাথনে ইফতি চৌধুরী তেরো মাইল পথ এক নাগাড়ে দৌড়ে ক্যানসার সোসাইটির পক্ষে সচেতনতা সৃষ্টি ও অর্থ সংগ্রহ করবেন।
ইফতি বিগত পনেরো বছর ধরে বিভিন্ন ক্যাম্পেইন প্রোমোট করতে ম্যারাথনে অংশ নিয়েছেন। কিন্তু এবারের অংশগ্রহণ নিয়ে কমিউনিটিতে ব্যাপক আগ্রহ। ২০১১ সাল থেকে ইফতির বাবা মুক্তিযোদ্ধা আবু চৌধুরী কিডনি ক্যানসারে (রেনাল সেল কার্সিনোমা) আক্রান্ত। প্রায় অর্ধযুগ ধরে কঠিন মনোবল আবু চৌধুরীকে যথেষ্ট সবল রেখেছে। আর এই মনোবলটাই ক্যানসারকে জয় করার অন্যতম শক্তি। ইফতি সেই দৃঢ় মনোবলের কথা তাঁর ম্যারাথনে জানান দিতে চায়ন।
এ বছর রক এন রোল ম্যারাথন সিরিজ ২০ বছর উদ্যাপন করবে। সান ডিয়েগোতে ১৯৯৮ সালে এ ম্যারাথনের সূচনা হয়। বাফেলো ইউনিভার্সিটির ব্যাচেলর ইফতি চৌধুরী একজন প্রতিষ্ঠিত আইটি কনসালট্যান্ট। নিউইয়র্কের জ্যামাইকায় ইফতিদের বাসায় আলাপচারিতায় প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাওয়া হয় ম্যারাথনে অংশ নেওয়ার মাধ্যমে কীভাবে সচেতনতা তৈরি হবে?
ইফতি বলেন, ‘গত ছয় বছর আমার বাবাকে ক্যানসারের বিরুদ্ধে দৃঢ় মনোবল নিয়ে লড়ে যেতে দেখেছি। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চিকিৎসা সেবা পাওয়ার কারণেই যে, তিনি এখনো মৃত্যুকে জয় করে বেঁচে আছেন এমনটা ভাবার সুযোগ নেই। তিনি এখনো আমাদের মাঝে ছায়াবৃক্ষ হয়ে আছেন মনের জোরে। আর হাফ ম্যারাথনে আমি অংশ নিচ্ছি, আমার বাবার সেই মনের জোরকে পুঁজি করে।’
ইফতি বলেন, ‘আমার বাবা আবু চৌধুরী সিলেটের এক সময়ের তুখোড় ছাত্রনেতা ছিলেন। মুক্তিযুদ্ধের সূচনাপর্বেই মাঝ এপ্রিলে পাক হানাদার বাহিনীর গুলিতে গুরুতরভাবে আহত হয়েছিলেন সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুরে। কয়েকজন মুক্তিযোদ্ধা সে হামলায় নিহত হয়েছিলেন। তাঁকে কমলগঞ্জের সীমান্তবর্তী পাত্রখোলা বাগানে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসা নেন। কঠিন মনোবল তাঁকে স্বাভাবিক জীবনে নিয়ে আসে।’
ইফতি বলেন, বাবার এই কঠিন মনোবল তাঁকে তেরো মাইল ম্যারাথনে অংশগ্রহণের অনুপ্রেরণা দিয়েছে। ম্যারাথনে যে কেউ অংশ নিতে পারে। পাঁচ/ছয় মাইল এক নাগাড়ে ক্লান্তিহীনভাবে হয়তো দৌড়াবেও অনেকে। কিন্তু এরপরেই অবসাদের কাছে হার মানতে হয়। কোনোভাবেই পা চলতে চায় না। প্রতিটা পদক্ষেপ কঠিন থেকে কঠিন হয়।
ইফতি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমি হার মানব না। আমার বাবার প্রেরণায় শেষ গন্তব্য অর্থাৎ তেরো মাইল পথ এক নাগাড়ে দৌড়াব। আর আমার পরনে থাকবে আমেরিকান ক্যানসার সোসাইটির পক্ষ থেকে দেওয়া টি-শার্ট। সেই টি শার্টে থাকবে আমার পরিচিত ১৩ জন ক্যানসার আক্রান্তের নাম। এদের কেউ আমার আত্মীয়, কেউ আমার বন্ধুদের স্বজন। একেক মাইল পথ আমি একেক জনকে ভেবে ভেবেই দৌড়াব। ইতিমধ্যে আমার এই হাফ ম্যারাথনের ক্যাম্পেইন শুরু করেছে আমেরিকান ক্যানসার সোসাইটি। আমার দিকে ১৪ অক্টোবর সবার দৃষ্টি থাকবে। অনেকে ডোনেট করবে। যা আমেরিকান ক্যানসার সোসাইটির ফান্ড রাইজিংয়ে ভূমিকা রাখবে।
প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় ইফতির বাবা আবু চৌধুরী প্রথম আলোকে জানান, ‘ইফতি প্রায় দেড় যুগ ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছে। সে বাংলা অ্যাভিনিউ নামের একটি বাংলা ব্যান্ডের সঙ্গে জড়িত। এ ছাড়া ‘রয়েল বেঙ্গল টি হাউস’ নামে নিউইয়র্ক কেন্দ্রিক একটি সামাজিক সংগঠনের সে প্রতিষ্ঠাতা। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে এ সংগঠন নিউইয়র্কে সরব থাকে।’ আবু চৌধুরীর আশা, ইফতির ক্যানসার সচেতনতার এ ম্যারাথন সফলভাবে শেষ হবে।