ক্যানসার জয়ে চাই মনোবল
‘ক্যানসার’, শব্দটি এত নিষ্ঠুর একটি শব্দ, যার নাম শুনলে আমরা যত বড় সাহসী ও শক্তিশালী ব্যক্তিই হই না কেন, কম-বেশি সবাই আঁতকে উঠি। আর এই আঁতকে ওঠা অস্বাভাবিক কিংবা আদিখ্যেতাও নয়। কিন্তু তারপরও আল্লাহর অশেষ কৃপায় অনেক সময় আমরা কেউ না কেউ এই নিষ্ঠুর হন্তারকের থাবা থেকে বেঁচে যেতে পারি। যদিও তার সংখ্যা খুব কম। তবে এই ফিরে আসাটা অনেকাংশে নির্ভর করে আল্লাহর অশেষ করুণা তো অবশ্যই, সেই সঙ্গে যদি রোগটা প্রথম ধাপে ধরা পড়ে ও উপযুক্ত চিকিৎসা এবং পর্যাপ্ত সেবা ও মানসিক শান্তির ওপর।
ক্যানসার এমন এক রোগ, যা শরীরে বাসা বাঁধলে মানুষ জেনে যায় তার মৃত্যুর ডাক চলে এসেছে। এ নির্মম বিষয়টি নিয়ে কেন লিখছি? মূলত আমরা যারা এই মহাব্যাধিতে আক্রান্ত হয়ে এখনো বেঁচে আছি, তাদের জন্য অন্যদের করণীয়ই আমার মূল আলোচ্য বিষয়। এ ক্ষেত্রে ভুক্তভোগীর করণীয় নিয়েও দু-একটি কথা থাকবে, যার উৎসব, নিজের অভিজ্ঞতা, কিছু পড়াশোনা এবং সর্বোপরি অস্ট্রেলীয় এক চিকিৎসকের লেখা ‘ক্যানসার বিজয়’ শীর্ষক বই।
ইয়ান গালার নামের ওই চিকিৎসকের ‘You can Conquer Cancer’ নামের বইটি পড়ার পর মনে হলো, বিষয়টি নিয়ে লেখার ক্ষেত্রে এর সাহায্য তো আমি নিতেই পারি। এই রোগ নিয়ে লেখার ইচ্ছা থাকলেও আমার তো এত যোগ্যতা নেই। তাই সাহস করে লিখেই ফেললাম, যা থেকে আমার মতো ভুক্তভোগী, যারা ক্যানসার আক্রান্ত হয়েও এখনো টিকে আছে, তারা হয়তো কিছুটা উপকৃত হলেও হতে পারেন।
আমি একজন ক্যানসার সারভাইভর। ২০১১ সাল, আমি তখন বাংলাদেশে ছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে ও চারপাশের সব আত্মীয়, শুভাকাঙ্ক্ষী ও আমার তৎকালীন কর্মস্থলের সহকর্মীদের আন্তরিক সহযোগিতা (আর্থিক ও মানসিক) ও দোয়ায় আমার সফল চিকিৎসা বাংলাদেশেই হয়েছিল। এমনকি আমার কর্মস্থলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল, তাঁদের অনেকের সহযোগিতা ও দোয়া আমার ভাগ্যে জুটেছিল। আমি আজীবন তাঁদের সবার কাছে কৃতজ্ঞ থাকব। অবশ্য ক্যানসার এমন এক রোগ, যা থেকে পুরোপুরি আরোগ্যের নিশ্চয়তা চিকিৎসা বিজ্ঞান এখনো দিতে পারেনি।
ক্যানসার রোগী ও ক্যানসারমুক্ত হয়েছেন এমন ব্যক্তিদের সঙ্গে পরিবার-পরিজনসহ সবার একটু সৌহার্দ্যপূর্ণ আচরণ করা জরুরি। না, কোনো করুণা নয়, মানবিক আচরণের কথা বলা হচ্ছে। এ ধরনের রোগী সুস্থ হলে এবং বেঁচে থাকলেও তারা খুবই সংবেদনশীল হয়ে যায়। সামান্য কারণেই আবেগপ্রবণ হয়ে যায়। এমনকি নিজেকে খুব অসহায় কিংবা অবাঞ্ছিতও মনে করে। এমন রোগী কিংবা সারভাইভার সবার কাছ থেকে একটু কোমলতার ছোঁয়া, ভালোবাসা ও সম্মান প্রত্যাশা করে।
ছয়টি কেমোথেরাপি দেওয়ার পর আমার চিকিৎসক সব ধরনের স্বাস্থ্য পরীক্ষার একটি তালিকা দেন। পরীক্ষাগুলো করাতে আমি ভারতের নয়াদিল্লির রাজীব গান্ধী ক্যানসার হাসপাতালে যাই। সেটা ২০১২ সালের কথা। সেখানে চিকিৎসকেরা বারবার একটি কথাই বলেছেন, মানসিক প্রশান্তির জন্য একটি সুস্থ ও প্রীতিকর পরিবেশ এমন রোগীর জন্য খুব প্রয়োজন—সবাই যেন কথাটি মনে রাখেন। এ ছাড়া বিভিন্ন জায়গায় ক্যানসার বিষয়ক আলোচনা সভা, বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের এ সম্পর্কিত সেমিনারে যোগ দিয়েও আমি এমন পরামর্শই পেয়েছি। তাঁদের সবাই অনুকূল পরিবেশের ওপর জোর দিয়েছেন।
বাংলাদেশ থেকে শুরু করে ভারত ও আমেরিকায় এ পর্যন্ত যেসব চিকিৎসকের সঙ্গে এ ব্যাপারে আমার কথা হয়েছে, তাঁদের সবাই মানসিক শান্তির ওপর গুরুত্বারোপ করেছেন। কারণ, মানসিক চাপ ও কষ্ট থেকে এসব রোগের পুনরায় আক্রমণের ঝুঁকি থাকে। আমাকে তো এখানকার এক চিকিৎসক এমনও বলেছিলেন, ‘তোমার মনের বিরুদ্ধে কোনো মানুষের সঙ্গে তুমি কোনো সম্পর্কে জড়িও না। এমনকি সে যদি তোমার অতি আপন কেউও হয়। কারণ সুস্থভাবে বেঁচে থাকাটা তোমার প্রথম ও প্রধান অধিকার।’ এ ক্ষেত্রে আমি অবশ্যই সৌভাগ্যবান। দু-একটি ব্যতিক্রম ছাড়া সবখানে সবার কাছ থেকেই মানবিক আচরণ ও ভালোবাসা পেয়েছি। এটি খুবই জরুরি। নিজের অভিজ্ঞতা দিয়েই বুঝেছি আমি, ক্যানসার আক্রান্ত বা চিকিৎসার পর আরোগ্য লাভ করা সবার জন্য তার চারপাশের মানুষের কাছ থেকে সহমর্মী, মানবিক ও ভালোবাসাপূর্ণ আচরণ কতটা জরুরি।
এসব রোগী কিংবা রোগমুক্ত মানুষেরা আগের তুলনায় একটু বেশি কথা বলতে চায়, একটু সঙ্গ চায়। আত্মীয়-বন্ধুরা যদি এমন ব্যক্তিদের সঙ্গে দুটি কথা বলেন, একটু সাহস দেন, যদি তাঁর মনে এই বিশ্বাস সঞ্চার করতে পারেন যে, তিনি পারবেন, তাহলেই তিনি মনে ও শরীরে শক্তি পাবেন। এমন কাজগুলো করতে কিন্তু আর্থিক কিংবা অন্য কোনো ক্ষতির আশঙ্কা থাকে না।
ক্যানসারের মুখোমুখি হয়ে তাকে প্রতিহত করার মনোবল যাদের আছে, রোগমুক্তির পথও তাদের জন্য অনেকটাই সহজ। আর সেই পথটি পেতে হলে রোগীদের যা করতে হবে—
আশাবাদ
এই শব্দটি বা এই ধাপটি ভুক্তভোগীকে নিজে নিতে হবে। এর মাধ্যমেই বাকি পথ আমাদের দৃষ্টিগোচর হবে। ভাবতে হবে, ‘আমি সুস্থ আছি’। চিকিৎসকের ওপর নিজেকে একদম ছেড়ে দেওয়া নয়। চিকিৎসকের পরামর্শকে সুস্থতার একটা অংশমাত্র মনে করে জেনে নিতে পারেন এই অবস্থায় নিজের করণীয় কী? সব বিষয়ে জানার পর সিদ্ধান্ত আপনিই নেবেন। স্মরণ করুন সৃষ্টিকর্তাকে। প্রয়োজনীয় ওষুধ ঠিকমতো গ্রহণ করুন।
ধ্যান
রোগমুক্ত হয়ে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার সবচেয়ে শক্তিশালী একটি উপায় হলো ধ্যান। সুস্বাস্থ্যের মূল উপকরণগুলো এর থেকে পাওয়া সম্ভব। এর প্রত্যক্ষ প্রভাবগুলোর মধ্যে রয়েছে দৈহিক চাপের নিরসন থেকে শুরু করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে পুনরুজ্জীবিত করা। মন ও মেজাজের ভারসাম্য বজায় রাখা, ইতিবাচক মানসিকতার সৃষ্টি করা, স্বয়ংক্রিয়ভাবে ও সহজে বর্ধিত সুস্থতাবোধ এনে দেওয়ার কাজ টিও ধ্যান করে থাকে। ধ্যানের জন্য উপযোগী নির্দিষ্ট স্থানে আসন গ্রহণ করে কোনো একটি বিষয়ের ওপর পূর্ণ মনোযোগ নিবদ্ধ করবেন। শারীরিক শিথিলতা ও মনোযোগ পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করবে। এ ক্ষেত্রে শ্বাস-প্রশ্বাসের ছন্দ অনেকে অনুসরণ করে থাকে। কোনো একটি শব্দের পুনরাবৃত্তি করা যেতে পারে, যা সংখ্যা হতে পারে, হতে পারে আপনার ধর্মবিশ্বাসের সঙ্গে যুক্ত কোনো শব্দ। এ সময় সততা, সত্যবাদিতা, ন্যায়বিচার ইত্যাদির ওপর মনোযোগ নিবিষ্ট করতে হবে। মনোযোগের কেন্দ্রবিন্দু যা-ই হোক না কেন, অন্য সব চিন্তা মন থেকে দূর করে কেবল সেই বিষয়টির ওপর মনোনিবেশ করাই হবে এর উদ্দেশ্য। একবার এই লক্ষ্যে পৌঁছাতে পারলে ধ্যানের সূচনা ঘটে। অক্রিয় ধ্যান কাজ করে সূক্ষ্মভাবে। ধ্যানের সুফল ভোগের সহজ উপায় হলো এ সম্পর্কিত বিভিন্ন কৌশল নিয়মিত প্রয়োগ করা ও ধৈর্য ধারণ করা।
সক্রিয় মন আমাদের বিশাল ও বাস্তব সম্পদের সন্ধান দিতে পারে। মনোবল আমাদের ভাবনার বস্তুকে বাস্তবে রূপ দিতে পারে। এ ব্যাপারে মনোবল অত্যন্ত ফলপ্রসূ। এটি যেমন সম্পূর্ণভাবে আমাদের চেষ্টাকে সফল করতে পারে, তেমনি পারে সুস্থ থাকার প্রেরণা জোগাতে। যুক্তরাজ্যের ক্যানসার গবেষকেরা জানাচ্ছেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গিসম্পন্ন ক্যানসার রোগীদের বাঁচার হার বেশি। দেখা গেছে, নেতিবাচক মানসিকতার রোগীদের ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট চিকিৎসাও ব্যর্থ হয়।