
মাত্র ২৯ বছর বয়স হয়েছিল তাঁর। হাড়ভাঙা পরিশ্রম আর মেধার গুনে নামকরা রেস্টুরেন্টের ‘টপ শেফ’ কনসালট্যান্ট হয়েছিলেন। কিন্তু বিধি বাম। ক্যানসার এসে নিভিয়ে দিয়ে গেল তাঁর জীবনপ্রদীপ। এক বছর ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে গত ২৫ জানুয়ারি পৃথিবী ছেড়ে চলে যান তিনি।
“সত্যি বলতে, প্রথম কেমো পর্যন্ত, আপনি ভাবতে পারবেন না এটা সত্যিই কত ভয়ংকর। তারপর আপনার চুল পড়া শুরু হয়, এবং সবশেষে আপনি বিশ্বাস করতে আরম্ভ করেন-এটা আসলে ঘটবেই। এই বাকি জীবনটা আমাকে এভাবেই কাটাতে হবে।’ এভাবেই ফাতেমা আলী তাঁর আবেগময় রচনা লিখেছেন। ‘বন এপিটাইট’ তাদের মার্চ মাসের সংখ্যায় ফাতেমার রচনা প্রকাশ করার পরিকল্পনা করেছিল, কিন্তু তার মৃত্যুর পর এটি অনলাইনে প্রকাশ করা হয়।
২০১৭ সালের ডিসেম্বর মাসে ভক্ত নন্দিত ফাতেমা আলীর ‘ইউং সারকোমা’ ধরা পড়ে। এটি ক্যানসারের এক বিরল ধরন, যা ‘হাড় বা হাড়ের চারপাশে নরম টিস্যুতে থাকে’। মায়ো ক্লিনিক এই বিষয়ে তাদের একটি বিবৃতি দেয়, তিনি (ফাতেমা) আট রাউন্ড কেমো নিয়েছেন এবং ভেবেছিলেন যে তিনি ক্যানসারকে পরাজিত করতে পারবেন। কিন্তু এটা আরও বেশি মারাত্মক হয়ে উঠেছে।’
তরুণী ফাতেমার শেষ লেখার কথাগুলো পাঠককে অশ্রুসজল করে তোলে—‘আমি ঠিক করেছি চলে যাওয়ার আগে আমার ভাবনাগুলো সবার সঙ্গে ভাগ করে নেব। জীবন আসলেই একটা রহস্যমাত্র। আমি আর কত দিন বাঁচব? হয়তো এটা এক বছর, এক মাস, কিংবা দশ বছর। তুমি তো জানো না, যে পর্যন্ত না তুমি চলে যাও। আসলে সবকিছু খুব অনিশ্চিত। এ জন্য আমি বেশি কিছু করতে চাই। আমি ক্যানসার আক্রান্ত হওয়ার কারণেই বুঝতে পেরেছি, আমার আরও বেশি কাজ করা প্রয়োজন। এবং আরও মানুষের সঙ্গে আমার চিন্তা ভাগ করে নেওয়া দরকার। যাতে সবাই আমাকে সামান্য হলেও মনে রাখে।’
ফাতেমা আলী পাকিস্তানে বেড়ে ওঠেন। ছয় বা সাত বছর বয়সের সময় তার দাদির সঙ্গে রান্না শুরু করেন। তিনি ২০১১ সালে আমেরিকার রন্ধন প্রতিষ্ঠান থেকে স্নাতক করেন। এবং অল্প সময়ের মধ্যে একটি ভারতীয়-ল্যাটিন রেস্টুরেন্টে কাজ আরম্ভ করেন। সপ্তাহে সাত দিন কাজ করতেন তখন। ওখানে ফ্লোর ম্যানেজার এবং সস বাবুর্চি হিসেবে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেছেন। অন্য একটি রেস্টুরেন্টে প্রধান বাবুর্চি করা হয়। তিনি মাত্র ২১ বছর বয়সে পুরো রেস্টুরেন্টের দায়িত্ব পান তিনি।
মৃত্যুর আগের শেষ লেখায় ফাতেমা আলী লিখেছেন, ‘মাঝেমধ্যে ভাবি আমার জীবনের উদ্দেশ্য কী? আমার সব স্বপ্ন পূরণ করার জন্য যতটুকু জীবন দরকার, সেটা কী পাব? আরামদায়ক পাজামা পরে বিছানায় শুয়ে আর নেটফ্লিক্সে ‘গসিপ গার্ল’ দেখে সময় কাটানোর স্বপ্ন কী আমি দেখিনি! তোমরা হেসোনা, আমি এখনো গসিপ গার্ল দেখছি। কিন্তু এখন আমি কিছু কাজ করছি। আমি বাইরে গিয়ে খেতে যাচ্ছি। আমি পরিকল্পনা করছি। আমি রান্না করছি। আমি লিখছি। কিন্তু জানি না শেষ পর্যন্ত কী হবে?’
ফাতেমা আলী ও তার ভাই প্রতিদিন একটি নতুন রেসিপি লিখতে পরস্পরকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। এভাবে অনেক নতুন রেসিপি লেখেন ২৯ বছর বয়সী মেয়েটি। তাঁর ভাই চান, সেই রেসিপিগুলো একত্র করে একটা বই বের করতে। রেসিপি লেখার জন্য দুই ভাই বোন প্রায়ই বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যেতেন। সেখানকার সবচেয়ে সুস্বাদু খাবারটি খেতেন। আর আলোচনা করতেন সেই খাবার নিয়ে। ফাতেমা আলী তাঁর শেষ লেখায় ভাইয়ের কথা লিখেছেন বিশেষভাবে, ‘জীবনকে বুঝতে আমার ভাই অনেক সাহায্য করেছেন। আমরা দুই ভাইবোন মিলে খরগোশ শিকার করেছি। ভেড়ার বাচ্চা কোরবানি করেছি। আমরা মাছ আর চিংড়ি পরিষ্কার করেছি দুজনে মিলে। আর কথা বলতাম তাদের জীবনচক্র নিয়ে।’
ফাতেমা তাঁর লেখার শেষ দিকে বলেন, ‘অনেক দিন আছে আমি আসলেই খুব ভয় পেয়েছি সামনের দিনগুলোর কথা ভেবে। অনেক দিন আমি একা বসে কাঁদতাম। কারণ আমি আমার পরিবারের সামনে এটা করতে চাইতাম না। আরও কিছুদিন আছে যে আমরা সবাই একসঙ্গে বসে কেঁদেছি। কিন্তু পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ভয়টা এতটাই মারাত্মক যে এটা চাইলেও আপনি চাপা রাখতে পারেন না।’