ক্যানসারের কারণে ক্ষতিপূরণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন এক নারীর পরিবারকে ৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে দেশটির বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসনকে নির্দেশ দিয়েছেন আদালত। ওই কোম্পানির তৈরি বেবি ট্যালকম পাউডার ব্যবহার করার কারণেই ওই নারী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন, এমন দাবির পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। খবর বিবিসির।
জ্যাকি ফক্স (৬২) নামের ওই নারী যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়ে গত বছর মারা যান। কয়েক দশক ধরে তিনি জনসন অ্যান্ড জনসনের পাউডার ব্যবহার করেন।
জ্যাকির পরিবারের দাবি, জনসন অ্যান্ড জনসন কোম্পানি ঝুঁকির বিষয়টি জানলেও ব্যবহারকারীদের এ বিষয়ে সতর্ক করেনি। তবে কোম্পানিটি এ দাবি নাকচ করে দিয়েছে। আদালতের এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করতে পারে। অবশ্য গবেষকেরা বলছেন, ডিম্বাশয়ের ক্যানসারের সঙ্গে ট্যালকম পাউডারের সম্পৃক্ততা এখনো প্রমাণিত নয়।
জনসন অ্যান্ড জনসনের একজন মুখপাত্র বলেন, ‘ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষার চেয়ে আমাদের কাছে বড় কোনো দায়িত্ব নেই। বিচারে যে রায় এসেছে, তাতে আমরা হতাশ।’