ক্যানসারের ব্যাপারে সচেতন হোন
ক্যানসার সারানোর জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি প্রয়োগের কথা বলেছিলাম আগে। তবে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এই রোগ সারানোর সম্ভাবনা অনেকাংশ বেড়ে যায়। এ কারণে সচেতনতাই এ রোগ থেকে বাঁচার একটা বড় উপায়। দুই শতাধিক রকমের ক্যানসার রয়েছে। প্রত্যেকটি ক্যানসারের চিকিৎসা পদ্ধতিও আলাদা।
বর্তমানে ক্যানসার নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে। এ সম্পর্কে নতুন নতুন অনেক তথ্য পাওয়া যাচ্ছে। ক্যানসার কীভাবে নীরবে মানবদেহে বাসা বাঁধে, কোন প্রকার ক্যানসারের কী কী লক্ষণ দেখা দেয় এবং এমন লক্ষণ দেখা দিলে আমাদের করণীয় কি—এসবই বলব আজকে। এর চিকিৎসা কীভাবে করতে হবে? চিকিৎসা করতে গিয়ে কেমন পরিস্থিতির মোকাবিলা করতে হয়, তা নিয়েও চেষ্টা করব আমার অভিজ্ঞতা ও অন্যান্য সূত্রের মাধ্যমে।
প্রথমে বলা যাক স্কিন ক্যানসার কীভাবে বুঝবেন? স্কিন বা ত্বকের ক্যানসার সাধারণত সবচেয়ে বেশি হয়ে থাকে। কারণ বেশির ভাগ মানুষই জানে না কীভাবে সান প্রটেক্ট করতে হয়। সূর্যের রশ্মি থেকে নিজের ত্বককে কীভাবে রক্ষা করতে হয়। সূর্য রশ্মিতে একটা অতিবেগুনি এ ও অতিবেগুনি বি থাকে। এই অতিবেগুনি এ ও বি ত্বকের ক্যানসারের জন্য দায়ী। সান বার্ন বা রোদে পোড়া স্থান, পুড়ে যাওয়া স্থান অতিবেগুনি রশ্মিতে বেশিক্ষণ থাকলে, ধূমপান করলে, কোনো নিকট আত্মীয়ের এই রোগ হলে এবং চিকিৎসার জন্য অতি মাত্রায় এক্স-রে করলেও এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি হয়।
আমেরিকার এক ত্বক বিশেষজ্ঞের মতের ভিত্তিতে ত্বকের ক্যানসারের কিছু লক্ষণের ধারণা দিই। শরীরে যদি অপ্রতিসম আকৃতির আঁচিল বা তিল অথবা কোনো ব্রণ দীর্ঘদিন ধরে থাকে তা আসলে স্বাস্থ্যের জন্য ভালো নয়। এসব আঁচিল বা তিল থেকে স্কিন ক্যানসার হয় সেটা আমরা অনেকেই হয়তো জানি না। তাই এদের থেকে সৃষ্ট ক্যানসার খুব মারাত্মক, কারণ এটি সহজে ধরা পড়ে না। এরা নীরবে ত্বকে বাসা বাঁধে এবং তা প্রাণঘাতী হয়ে দেখা দেয়। আঁচিল যদি মসৃণ না হয়, আঁচিলের রং যদি বদলাতে থাকে, দিন দিন যদি গাঢ় হতে থাকে, এর আকৃতি যদি দিন দিন বৃদ্ধি পেতে থাকে এমনকি তা যদি পেনসিলের পেছনের রাবারের চেয়ে বড় হয়, আঁচিল থেকে যদি রক্তপাত হয় এবং ব্যথা থাকে, পায়ের ওপর যদি কালশিটে দাগ পড়ে এবং তা সহজে ভালো না হয়, অনেক সময় ধূমপানের কারণে মুখের ভেতরে ঘা হয়, হাতের ও পায়ের আঙুলের নখে কালো দাগের সৃষ্টি হয়, শেভিংয়ের সময় গাল থেকে রক্ত ঝরে এবং তা সহজে বন্ধ হয় না—এ রকম অনাকাঙ্ক্ষিত দাগ ও লক্ষণ তৈরি হলে সবাইকে সতর্ক থাকতে হবে। ত্বক যদি অত্যন্ত শুষ্ক, খসখসে এবং কাঁট কাঁটা অনুভূত হয়, যদিও অনেক সময় একজিমা হলে এ রকম হয়ে থাকে। তবে জেনে রাখা ভালো, সাধারণ সমস্যা ও ক্যানসারের মধ্যে পার্থক্য থাকে। ক্যানসার হলে সাধারণ ওষুধ বা লোশনে কাজ হবে না। এমন লক্ষণ দেখা গেলে অবশ্যই সতর্ক হতে হবে এবং দ্রুত ভালো অভিজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। ত্বকের ক্যানসারের মধ্যে মেলেনোমা (melanoma) জাতীয় ক্যানসার আঁচিল থেকে হয়ে থাকে। এটি বিরল হলেও প্রাণঘাতী ক্যানসার।
আমেরিকার খ্যাতনামা সার্জিক্যাল ও কসমেটিকস ডার্মাটোলজিস্ট অ্যাডেলে বলেন, ‘সমস্যা শনাক্তকরণ গুরুত্বপূর্ণ’। তিনি বলেন, কিছু মোনালেমা তিল বা আঁচিল ত্বকের বর্ণের মতো হয়ে থাকে অথবা ফ্যাকাশে লাল। ওগুলো অ্যামেলাটিক মেলানোমা নামে পরিচিত। এই ধরনের মেলানোমা শনাক্ত করা চ্যালেঞ্জিং ব্যাপার। এ জন্য স্কিন বিশেষজ্ঞরা নিয়মিত ত্বক পরীক্ষা করার ওপর জোর দেন।
হারবাল স্কিন কেয়ারের প্রতিষ্ঠাতা ওয়াং বলেছেন, অনেক তিলের মধ্যে লালচে বা হালকা বাদামি তিল ত্বকের ক্যানসারের লক্ষণ হতে পারে। এমন অবস্থায় যথাসম্ভব দ্রুত অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
হাত-পায়ের নখের দাগ: আমরা যখন হাত পায়ের নখে কোনো কালো বা বাদামি রঙের দাগ দেখব, তখন যেন তা অবহেলার বিষয় মনে না করি। ওয়াং বলেন, এমন কোনো দাগ যদি কারও হাত পায়ের নখে দেখা যায় তাহলে তা উদ্বেগের বিষয়।
শেভিংয়ে সমস্যা: যদি দেখেন, শেভ করার সময় কোনো কাটায় বা শেভ করার পর রক্তক্ষরণ হচ্ছে, তবে এ বিষয়টিকে অবহেলা করা ঠিক হবে না। এটাও এক ধরনের ক্যানসারের লক্ষণ।
এই রোগে আক্রান্ত হওয়া থেকে বাঁচার জন্য প্রথমত বলি, এমন একটি মরণব্যাধি থেকে নিজেকে রক্ষা করতে বাইরে বেরোনোর সময় ছাতাকে ঝামেলা মনে না করে নিজের একজন ভালো সঙ্গী হিসেবে সঙ্গে রাখুন। বাংলাদেশে আমরা সাধারণত ছাতাকে কেবল বৃষ্টির দিনের সঙ্গী মনে করি, আর রোদে গেলে প্রায় কেউই ছাতা তো নিই না, বরং সচেতন কেউ রোদের মধ্যে ছাতা নিয়ে বের হলে অনেকে হাসাহাসি করে থাকি। কিন্তু সূর্যরশ্মি থেকে ত্বককে বাঁচাতে ছাতাটি যে কতটুকু প্রয়োজনীয় তা বুঝি না। আমাদের মধ্যে যারা আমেরিকায় থাকেন তাঁরা সবাই নিশ্চয়ই খেয়াল করেছেন, এ দেশের মানুষ পোশাক যাই পরুক রোদের সময় বড় একটি ছাতা নিয়ে রাস্তায় বের হয়। তাদের সঙ্গে সব সময় একটা ছাতা অবশ্যই থাকে। এটা কিন্তু একটা বড় রকমের আত্ম সচেতনতা। এ ছাড়া আমরা ঘরের বাইরে যাওয়ার সময় ছাতার সঙ্গে একটু লম্বা হাতা ও কলারের পোশাকটি পরে বের হই। এতে আমাদের হাতের ও ঘাড়ের ত্বক অনেকটা সূর্যরশ্মি থেকে রক্ষা পাবে।
দ্বিতীয়ত, সান প্রোটেকশন লোশন ব্যবহার। সানস্ক্রিন লোশনের এমন একটি ক্ষমতা যা রোদে পোড়ার (Sunburn) কারণে সৃষ্ট অতিবেগুনি বি রশ্মিকে ব্লক করতে পারে। তাই শীতের দিনে হোক বা গরমের দিনের রোদে হোক পুরুষ-মহিলা, শিশু-কিশোরসহ সবাই বাইরে বের হওয়ার সময় সান প্রোটেকশন লোশন ব্যবহার করে বের হতে হবে। এই পরামর্শ ইউরোপ আমেরিকা ও অন্যান্য দেশ মহাদেশের স্বনামধন্য বিশেষজ্ঞরা সবার জন্য দিয়েছেন।
গলার ক্যানসার: গলার ক্যানসারের কারণ হলো শ্বাসনালি, অন্ননালি ও কণ্ঠনালীর টিউমার। তবে শরীরের অন্য কোনো অংশ থেকেও এ অঞ্চলে ক্যানসার ছড়াতে পারে। অনেক সময় নিয়ে ধীরে ধীরে রোগটি দেখা দেয়। সাধারণত এটি বয়সকালেই দেখা যায়। তবে কম বয়সে একদম হতেই পারে না, তা বলা ঠিক নয়। সব বয়সের মানুষেরই যেকোনো ক্যানসার এখন হয়ে থাকে। তাই সচেতনতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।
লক্ষণ: আগেও বলা হয়েছে যে, বিভিন্ন রকমের ক্যানসারের বিভিন্ন লক্ষণ থাকতে পারে। যেমন—গলায় ক্যানসারের লক্ষণগুলো এমন হয়ে থাকে, অনেক দিন ধরে গলাব্যথা হওয়া, শ্বাস-প্রশ্বাস নিতে ও খাবার গিলতে অসুবিধা হওয়া, স্বর ভেঙে যাওয়া, শ্বাস-প্রশ্বাসের সময় গলায় ঘড়ঘড় আওয়াজ ইত্যাদি। এ ছাড়া কাশি বা বমির সঙ্গে রক্ত ওঠা, গলায় চাকা দেখা যায়, দ্রুত ওজন কমে যেতে পারে, চোখ চোয়াল এবং গলায় ফোলা থাকা, কানে ব্যথা ইত্যাদি। গলা ব্যথা বা কর্কশ স্বর এক সপ্তাহের বেশি থাকলে, কফ বা লালার সঙ্গে রক্ত এলে, গলায় চাকা দেখা দিলে বা ওজন কমে গেলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বিভিন্ন বিশেষজ্ঞের পরামর্শ ও আমার দেখা অনেক ভুক্তভোগীর অভিজ্ঞতা থেকে পরামর্শ রাখতে পারি—এসব রোগের জন্য সচেতনতার কথা বললে বলতে হবে ব্যক্তিগত জীবন থেকে কিছু অভ্যাস ত্যাগ করুন। যেমন—ধূমপান ত্যাগ করুন, সুপারি, জর্দা ও তামাক জাতীয় সবকিছুকে পরিহার করুন, মদ্যপানের অভ্যাসটাকে একদম মুছে ফেলুন জীবন থেকে। অতিরিক্ত ঠান্ডা জাতীয় যেকোনো খাবার খাওয়া বা পানীয় পান থেকে দূরে থাকুন।
আমি কোনো চিকিৎসক নই। অতি সাধারণ একজন ভুক্তভোগী মানুষ। আমার জীবন থেকে নেওয়া কষ্টের অভিজ্ঞতা থেকে এবং যখন যেখানে এ বিষয়ে আলোচনা বা সেমিনারে যোগ দিয়ে এসব বিষয়ে আলোচনা শোনার সুযোগ পেয়েছি সেখানে যোগ দিয়েছি। নিজের আত্মীয় যারা এই রোগের ওপর বিশেষজ্ঞ চিকিৎসক এবং আমার চিকিৎসা যেসব ডাক্তার করেছেন তাঁরা কেউ বাংলাদেশের, কেউ ভারতের আবার কেউ কেউ আমেরিকার অথবা অন্য দেশের। তাঁদের কাছ থেকে জানা এবং অনেক সময় বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের লেখা বই ঘেঁটে এ বিষয়গুলো আপনাদের জন্য শেয়ার করছি। এর উদ্দেশ্য একটাই আমরা সবাই যেন যত দিন বাঁচব তত দিন চেষ্টা করব সুস্থ থাকার।
উপরিউক্ত লক্ষণ দেখা দিলে অবশ্যই অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হন। প্রয়োজনে একাধিক চিকিৎসকের পরামর্শ নিন, ভালো চিকিৎসকের উপযুক্ত চিকিৎসা ধারা এমন রোগ থেকে যেসব রোগী সুস্থ হয়ে এখনো বেঁচে আছেন তাদের কাছ থেকে জানুন কোথায়, কীভাবে, কেমন এবং কোন চিকিৎসকের চিকিৎসা তারা নিয়েছেন।