ক্যাপিটল ভবনের কাছে হামলার হুমকি, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাপিটল ভবন এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান। বৃহস্পতিবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে।
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে কাছে বোমা হামলা চালানোর হুমকি দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গাড়িতে এসে ওই ব্যক্তি এই হামলার হুমকি দেন। হুমকি পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুতই জোরালো পদক্ষেপ নেন। ঘটনাস্থল থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর তৎপরতার কারণে ওই ব্যক্তি আত্মসমর্পণ করতে বাধ্য হন। তাঁকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশ টুইট করে জানিয়েছে, পুলিশ ওই ব্যক্তির নাম ফ্লয়েড রয় রোজবেরি বলে নিশ্চিত হয়েছে। তাঁর বয়স ৪৯ বছর। বোমা হামলার হুমকি পাওয়ার পর ওই এলাকার আশপাশের বেশ কিছু ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।

ক্যাপিটল পুলিশের প্রধান টম ম্যানেজারের তথ্যমতে, স্থানীয় সময় সকাল ৯ টা ১৫ মিনিটে একটি কালো রঙের একটি পিকআপ গাড়ি রাজধানী ওয়াশিংটন ডিসির গুরুত্বপূর্ণ এলাকা লাইব্রেরি অব কংগ্রেসের সামনে ফুটপাতে উঠিয়ে দেন চালক রোজবেরি। এরপর ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তাকে বিস্ফোরকদ্রবের মতো একটি বস্তু দেখিয়ে বলেন, তাঁর কাছ বোমা রয়েছে। এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে আটকাতে দ্রুত পদক্ষেপ নেন।

গত ৬ জানুয়ারি এই ক্যাপিটল ভবনে ঢুকে ধ্বংসযজ্ঞ চালান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা। এরপর থেকে ওই ভবনের আশপাশে নিরাপত্তা বলয় বাড়ানো হয়েছে। তবে গতকাল ওই হামলার হুমকির সময় ক্যাপিটল ভবনে কোনো মার্কিন আইনপ্রেণতা ছিলেন না। কারণ, বর্তমানে তাঁদের অবকাশযাপন চলছে। তবে ওই সময় ক্যাপিটল ভবনে কর্মীরা কাজ করছিলেন।

বিবিসির খবরে বলা হয়েছে, রোজবেরিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তাঁর কাছে থাকা বস্তুটি আসলে বিস্ফোরকদ্রব কি না, তা জানায়নি মার্কিন পুলিশ। এই ঘটনার উদ্দেশ্যও সুনির্দিষ্ট করে জানাতে পারেননি নিরাপত্তা বাহিনীর সদস্যরা।