ক্যাপিটল হিলের বাইরে গুলি করে আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলের বাইরে অস্ত্রধারী এক ব্যক্তি গুলি করে আত্মহত্যা করেছেন। ওই ঘটনার পর দুই ঘণ্টার জন্য ওই ভবন ও আশপাশের এলাকা বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় সময় গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে নিরাপত্তামূলক পদক্ষেপ নেয়। ক্যাপিটল হিলের পশ্চিম পাশের সিঁড়ির নিচের ধাপ থেকে উদ্ধার করা একটি প্যাকেটের তদন্ত করে দেখছে পুলিশ। প্যাকেটটি ওই অস্ত্রধারীর বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সময় কংগ্রেস অধিবেশন ছিল না। ফলে সেখানে অল্প কয়েকজন আইনপ্রণেতা উপস্থিত ছিলেন। তবে বার্ষিক চেরি ফুল ফোটার উৎসব উপলক্ষে দর্শনার্থীদের ভিড় ছিল। ঘটনার পর তাঁদের সেখানেই অবস্থান করতে বলা হয়। ঘটনাটি স্বেচ্ছাপ্রণোদিত বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছেন ওয়াশিংটন পুলিশের মুখপাত্র কিম্বারলি স্নেইডার। পুলিশ জানিয়েছে, তদন্তের জন্য আশপাশের রাস্তা ঘেরাও করে ফেলা হয়। এর সঙ্গে সন্ত্রাসের কোনো যোগসূত্র নেই।