ক্যাবের ভেতরে গুলি করে চালককে হত্যা
নিউইয়র্কের অদূরে রকল্যান্ড কাউন্টিতে এক ট্যাক্সিক্যাব চালককে উপর্যুপরি গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই চালকের নাম লুইস গুয়েম্যান। ল্যাটিন অভিবাসী এই ট্যাক্সিক্যাব স্ত্রী ও চার বছরের মেয়েকে নিয়ে নিউইয়র্কে থাকতেন। তিনি পরিবারের স্বচ্ছলতার জন্য দুটি চাকরি করতেন।
গুয়েম্যানের পরিবার জানিয়েছে, তিনি গত ২৭ জনু রাতে লিভারি ড্রাইভার হিসেবে তার সিফ্ট করার জন্য কাজে গিয়েছিলেন। পরদিন ২৮ জুন শুক্রবার সকালের দিকে তাকে স্প্রিংভ্যালির একটি সিভিএস ফার্মেসির পেছনে পার্ক করা তাঁর ট্যাক্সিক্যাবের ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ওইদিন সকাল ৮টার দিকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, খুনিরা তার বা গাড়ির কোনো জিনিস নেয়নি। ওয়ালেটও তাঁর কাছে ছিল। কোনো অর্থও খুনিরা ধরেনি। এ কারণে পরিবারের সদস্যরা তাঁকে হত্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। নিছক ছিনতাই বা ডাকাতির উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়নি বলে পরিবারের সদস্যরা সন্দেহ করছেন। এ অবস্থায় তাঁর হত্যা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
ধারনা করা হচ্ছে, খুনিরা গাড়ির ভেতরে গুলি করে হত্যা করে গুয়েম্যানকে সিভিএস ফার্মেসির পেছনে নির্জন জায়গায় ফেলে রেখে চলে গেছে।
পরিবারের এক সদস্য বলেন, ‘আমরা হতাশায় আছি, আমরা শান্তি পেতে চাই। আমরা খুনির উপযুক্ত বিচার চাই। আমরা জানতে চাই, খুনিরা কী কারণে গুয়েম্যানকে করেছে।’
লুইসের পরিবারের হতাশার আরেকটি কারণ হচ্ছে পুলিশ এ বিষয়ে মুখ খুলছে না। হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তথ্যই প্রকাশ করছে না পুলিশ। তারা বলছে, অপরাধী যে বা যারাই হোক, তারা পলাতক আছে।
এ ঘটনার ব্যাপারে কোন ব্যক্তির কাছে কোনো তথ্য থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।