ক্যারাভান-ক্যারাভান বলে মুখে ফেনা ট্রাম্পের

গত এক সপ্তাহ ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাঙা রেকর্ডের মতো একই কথা বলে চলছেন। লাতিন আমেরিকার তিনটি দেশ—হন্ডুরাস, এল সালভাদর ও গুয়াতেমালা থেকে হাজার হাজার অবৈধ বহিরাগত যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে। এদের পেছনে আছে ডেমোক্রেটিক পার্টি ও দলটির ধনী চাঁদাদাতারা। আমেরিকাকে বাঁচাতে হলে এদের থামাতেই হবে। আর থামানোর একটাই পথ, ৬ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পক্ষে ভোট প্রদান।
মেক্সিকো হয়ে প্রায় চার হাজার নারী, পুরুষ ও শিশু যুক্তরাষ্ট্র সীমান্তের দিকে হেঁটে আসছে। তাদের লক্ষ্য যুক্তরাষ্ট্রে উদ্বাস্তু হিসেবে আশ্রয় প্রার্থনা। হাঁটাপথে আসা কয়েক মাইল লম্বা এই কাফেলাকে ট্রাম্প ‘ক্যারাভান’ নামে অভিহিত করছেন। তাঁর অভিযোগ, এই উদ্বাস্তুদের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে আসা লোকজনও রয়েছে, যারা সম্ভবত সন্ত্রাসী।
মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে এক সাংবাদিক জানতে চান, তিনি যে কথা বলছেন, তাঁর এ দাবির পক্ষে কোনো প্রমাণ আছে কি না।
জবাবে ট্রাম্প বলেন, কোনো প্রমাণ নেই। কিন্তু তাতে কী হয়েছে! ক্যারাভানে মধ্যপ্রাচ্যের লোক থাকতেও তো পারে।
চার হাজার মানুষের উদ্বাস্তু ক্যারাভানকে এতটা গুরুত্ব দেওয়ার কারণ, ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের মনে ভীতির সঞ্চার করতে চান।
‘পলিটিকো’ জানিয়েছে, মাঠপর্যায়ের এক জরিপের পর রিপাবলিকান নেতারা এ কথায় নিশ্চিত হয়েছেন যে অবৈধ অভিবাসন প্রশ্নটি তাঁদের দলীয় ভোটারদের জন্য এখনো একটি প্রধান বিবেচনা। যত বেশি এ বিষয়টি নিয়ে কথা বলা যাবে, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে তত উৎসাহিত করা যাবে।
ট্রাম্প একই সঙ্গে যুক্তি দেখাচ্ছেন, এই অবৈধ উদ্বাস্তুদের পেছনে রয়েছে ডেমোক্র্যাটরা। এদের একবার যুক্তরাষ্ট্রে ঢোকানো গেলে তাদেরও ভোটকেন্দ্রে পাঠানো যাবে।
ট্রাম্প এমন কথাও বলেন, অবৈধ উদ্বাস্তুদের যুক্তরাষ্ট্রে ঠেলে পাঠাতে টাকা ঢালছেন ডেমোক্রেটিক চাঁদাদাতারা। তাঁরা এসব লোককে চাকরি, এমনকি গাড়ি দেওয়ারও প্রতিশ্রুতি দিচ্ছেন।
ট্রাম্প তাঁর এই নির্বাচনী রণকৌশলের ব্যাপারে কোনো রাখঢাক করছেন না। এক দিন আগে এক টুইটে তিনি লিখেছেন, ‘যখনই কোনো ক্যারাভান দেখবে, অথবা দেখবে কেউ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে চেষ্টা করছে, অমনি সে জন্য ডেমোক্র্যাটদের দোষ দেবে। মনে রেখো, সামনেই মধ্যবর্তী নির্বাচন।’
অথচ পুরো ব্যাপারটাই মিথ্যা। যে উদ্বাস্তুরা আসছে, তারা এখনো যুক্তরাষ্ট্র সীমান্ত থেকে প্রায় হাজার মাইল দূরে। এদের পেছনে ডেমোক্র্যাটরা রয়েছে কি না, তার কোনো প্রমাণ মেলেনি। ট্রাম্প নিজেও সে কথা স্বীকার করেছেন। সীমান্ত পর্যন্ত আসার আগেই উদ্বাস্তুদের থামানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো একযোগে কাজ করছে। ট্রাম্পের এই রণকৌশলের ব্যাপারে ‘ওয়াশিংটন পোস্ট’ মন্তব্য করেছে, মধ্যবর্তী নির্বাচনে পরাজয় এড়াতে রিপাবলিকান দল (অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প) মিথ্যা ও ভীতিকেই বেছে নিয়েছেন।
ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সাবেক রিপাবলিকান স্পিকার ন্যুট গিংগ্রিচ উদ্বাস্তু ক্যারাভানকে আমেরিকার বিরুদ্ধে ‘যুদ্ধাভিযান’ নামে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ভোটারদের উৎসাহিত করার দুটি পথ রয়েছে—ভীতি ও ক্রোধ।
আংশিক হলেও এই রণকৌশল কাজে দিচ্ছে বলে মনে হয়। একজন রিপাবলিকান নির্বাচনী বিশেষজ্ঞ বলেছেন, ট্রাম্পের জন্য এই ক্যারাভান হলো রীতিমতো একটি রাজনৈতিক উপহার।
ডেমোক্রেটিক বিশেষজ্ঞেরাও একমত, অন্য কারও ক্ষেত্রে না হলেও রিপাবলিকান ভোটারদের ওপর এই কৌশল কাজে লাগতে পারে। তাঁদের মধ্যে ভোটের ব্যাপারে অনুৎসাহ দেখা গিয়েছিল। কিন্তু এখন অবৈধ অভিবাসনের প্রশ্নে ভীতির সঞ্চার করে তাঁদের ভোট দিতে আগ্রহী করা সম্ভব হবে।