ক্যালিফোর্নিয়ায় পার্টিতে আগুনে নয়জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ড শহরে এক প্রমোদপার্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ২৫ জন।
ওকল্যান্ডের ফায়ার সার্ভিসের প্রধান তেরেসা ডিলোচ রিড বলেন, সানফ্রান্সিসকো শহরের কাছে দৃশ্যত একজন শিল্পীর স্টুডিও হিসেবে ব্যবহৃত দোতলা একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটেছে। মৃত ব্যক্তিদের অধিকাংশের লাশ দোতলা থেকে উদ্ধার করা হয়।
ওই কর্মকর্তা বলেন, আগুন লাগার পর অতি দ্রুতই তা ছড়িয়ে পড়ে। নাচ–গানের এ পার্টিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে লাগা আগুন ভোরে নিয়ন্ত্রণে আসে। ধ্বংসস্তূপের নিচে আরও লাশ আছে কি না, তার সন্ধানে অগ্নিনির্বাপণকর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
রিড বলেন, ভবনজুড়ে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপে তল্লাশি অব্যাহত থাকায় আরও কেউ মারা গেছেন কি না, তা এখনো স্পষ্ট নয়। ভবনটিতে প্রবেশ ও সেখান থেকে বেরোনোর পথও ঠিকমতো চিহ্নিত করা যাচ্ছে না। আবার ভবনটিতে কেউ থাকতেন কি না, তা পরিষ্কার নয়।
রিড আরও বলেন, ভবনের কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত, তা জানা না গেলেও এটি এমন এক স্থানে অবস্থিত যেখান থেকে কারও পালানো কঠিন। ভবনটির এখানে-সেখানে আসবাব ও নানা জিনিসপত্রে ঠাসা থাকায় অগ্নিনির্বাপণকর্মীদের কাজে ব্যাঘাত ঘটে। এক গোলকধাঁধায় পড়েন তাঁরা। ভবনে ধোঁয়া শনাক্তকরণ বা পানি ছিটানোর ব্যবস্থা ছিল না।
গণমাধ্যমের খবরে বলা হয়, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে পিছু হটেন অগ্নিনির্বাপণকর্মীরা।