ক্যালিফোর্নিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ১৩ জন নিহত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুরুত্বপূর্ণ এক মহাসড়কে পর্যটকবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। গতকাল রোববারের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩১ জন।
গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যায়, দৃশ্যত ট্রাকের পেছনের অংশে বাসটির প্রচণ্ড ধাক্কায় এর সামনের দিকটা একেবারে দুমড়ে-মুচড়ে গেছে।
দ্য ডেজার্ট সান পত্রিকার খবরে বলা হয়, দুর্ঘটনাকবলিত বাসটি লস অ্যাঞ্জেলেসভিত্তিক পর্যটন কোম্পানি ‘ইউএসএ হলিডে’র মালিকানাধীন। পর্যটকদের ক্যাসিনোতে আনা-নেওয়ার কাজে বাসটি ব্যবহৃত হতো।
লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৮০ কিলোমিটার পূর্বে পাম স্প্রিং এলাকায় স্থানীয় সময় গতকাল ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এনবিসি ও ফক্স নিউজ বলেছে, বাস ও ট্রাকের এ সংঘর্ষে ১৩ জন প্রাণ হারিয়েছেন। ‘ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল’ এর কর্মকর্তা স্টেফানি হ্যামিলটনের বরাত দিয়ে খবরে আরও বলা হয়, দুর্ঘটনায় আহত ৩১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।