ক্যালিফোর্নিয়ায় পানি ব্যবহারে কড়াকড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড খরার কারণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রথমবারের মতো পানির ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। গতকাল বুধবার সিয়েরা নেভাদা এলাকায় এক সংবাদ সম্মেলনে গভর্নর জেরি ব্রাউন এ ঘোষণা দেন। তিনি শহর ও নগরের পানির ব্যবহার ২৫ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন। 
আজ বৃহস্পতিবার এএফপি ও বিসিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সাধারণত সিয়েরা নেভাদা পাহাড়ি এলাকাটি ভারী তুষারে ঢাকা থাকে। গভর্নর বলেন, ‘যেখানে পাঁচ ফুট পুরু বরফের ওপর আমাদের দাঁড়িয়ে থাকার কথা, সেখানে আজ আমরা শুকনো ঘাসের ওপর দাঁড়িয়ে আছি। ঐতিহাসিক এই খরা নজিরবিহীন পদক্ষেপ দাবি করে। যে কোনো উপায়ে আমাদের অবশ্যই পানির খরচ কমাতে হবে।’ আর এ দায়িত্ব দেওয়া হয়েছে দ্য স্টেট ওয়াটার রিসোর্সেস কন্ট্রোল বোর্ডকে।

কয়েক বছরের খরার কারণে গত বছরও গভর্নর ওই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেন।

গভর্নর বলেন, ‘লোকজনকে অবশ্যই বুঝতে হবে আমরা একটি নতুন যুগে আছি। ঘাসের জমিতে যে ইচ্ছামতো পানি দেওয়া-সেটা এখন অতীতের বিষয়।’ নতুন এ নির্দেশনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সমাধি, গলফ মাঠ এবং বিশাল ভূমির মালিকদের পানির ব্যবহার ব্যাপকভাবে কমাতে বলা হয়েছে।