ক্যালিফোর্নিয়ায় উৎসবে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রসুন উৎসবে হঠাৎ বন্দুক হামলা শুরু হলে উপস্থিত জনতা দৌড়ে পালায়। ছবি: বিবিসির সৌজন্যে।
রসুন উৎসবে হঠাৎ বন্দুক হামলা শুরু হলে উপস্থিত জনতা দৌড়ে পালায়। ছবি: বিবিসির সৌজন্যে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক ঐতিহ্যবাহী খাদ্য উৎসবে বন্দুকধারীর হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীর মৃত্যু হয়। ঘটনার সঙ্গে আরেক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে সন্দেহে করছে পুলিশ। এ ব্যাপারে তদন্ত চলছে।

আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, গিলরয় গার্লিক ফেস্টিভ্যাল নামের খাবার উৎসবটি গতকাল রোববার সন্ধ্যায় শেষ হতে যাচ্ছিল। সান হোসের দক্ষিণে ৪৮ কিলোমিটার দূরে ক্রিসমাস হিল পার্কে প্রতিবছর এ উৎসবের আয়োজন করা হয়ে থাকে। উৎসবের শেষ মুহূর্তে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

জুলিসা কনট্রেরাস নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, আনুমানিক ৩০ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ হামলা চালান।

গিলরয় গার্লিক উৎসবটি প্রতিবছর হয়ে থাকে। ১৯৭৯ সাল থেকে এ উৎসব হয়ে আসছে। শহরটি রসুন উৎপাদনে খ্যাতনামা। সবচেয়ে বেশি রসুন সেখানেই উৎপাদিত হয়ে থাকে। উৎসবে রান্নার প্রতিযোগিতাসহ বিভিন্ন বিনোদনের আয়োজন থাকে। উৎসবটিতে কোনো অস্ত্র নিয়ে ঢোকা নিষিদ্ধ।

গিলরয় পুলিশপ্রধান স্কট স্মিদি সাংবাদিকদের বলেন, উৎসবস্থলের বেড়া কেটে হামলাকারী ভেতরে প্রবেশ করে। ওই সময় ঘটনাস্থলে পুলিশ ছিল। ঘটনা ঘটার এক মিনিটেরও কম সময়ের মধ্যে পুলিশ তৎপর হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, এ ঘটনায় বন্দুকধারীকে সহায়তা করার জন্য দ্বিতীয় ব্যক্তির সম্পৃক্ততা থাকতে পারে।

হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লোকজনকে সতর্ক ও নিরাপদ থাকার ওপর জোর দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হামলার ভিডিওতে দেখা যায়, লোকজন ভয়ে পালাচ্ছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম ঘটনাটি ভয়াবহ বলে উল্লেখ করেছেন টুইটে।

হামলার পর গতকাল সংবাদ সম্মেলনে উৎসবের নির্বাহী পরিচালক ব্রেন বোয়ি বলেন, এ ধরনের ঘটনার অভিজ্ঞতা ভয়ানক।

উৎসবে একটি স্টলের বিক্রেতা মাইকেল পাজ (৭২) বলেন, তিনি বন্দুকধারীকে দ্রুত গুলি করতে সক্ষম, এমন একটি বন্দুকসহ দেখেছেন। বন্দুকধারীকে দেখেই বোঝা যাচ্ছিল সে হামলার প্রস্তুতি নিয়ে এসেছে। তার পরনে ছিল সুরক্ষিত ভেস্ট। উদ্দেশ্যহীনভাবে সে ডানে–বাঁয়ে গুলি করছিল। পুলিশ বন্দুকধারীকে গুলি করার সময় সবাই মাটিতে শুয়ে পড়েছিল।

যুক্তরাষ্ট্রে অস্ত্র সহিংসতার ঘটনার তথ্যসংবলিত ওয়েবসাইট গান ভায়োলেন্সের তথ্য অনুসারে, এ বছর এ নিয়ে জনগণের ওপর নির্বিচারে গুলি করার ২৪৬টি ঘটনা ঘটেছে। গান ভায়োলেন্স একটি হামলায় অন্তত চারজন নিহত বা আহত হওয়ার ঘটনাকে নির্বিচারে গুলির সংজ্ঞা হিসেবে বর্ণনা করেছে। ভার্জিনিয়া বিচে পৌর ভবনে বন্দুকধারীর গুলিতে ১৩ জন নিহত হওয়ার ঘটনাটি দেশটিতে এ বছরের সবচেয়ে বড় অস্ত্র হামলার ঘটনা।