ক্যালিফোর্নিয়ায় গুলিতে জঙ্গি-সংশ্লিষ্টতা দেখা হচ্ছে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সন্দেহভাজন হামলাকারী দম্পতির বাড়িতে বোমার সরঞ্জাম, অস্ত্রশস্ত্র ও হাজারো গুলি পাওয়া গেছে। তাঁদের উদ্দেশ্য অনুসন্ধান করছে কর্তৃপক্ষ। এই দম্পতির সঙ্গে ইসলামি জঙ্গিদের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান বার্নার্ডিনো কাউন্টির একটি স্বাস্থ্যসেবাকেন্দ্রে হামলা হয়। ছুটির দিনের উৎসবে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান ১৪ জন। আহত হয়েছেন ২১ জন। এটি দেশটিতে তিন বছরের মধ্যে এ ধরনের সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনা।
হামলার কয়েক ঘণ্টার মাথায় পুলিশের গুলিতে নিহত হন দুই সন্দেহভাজন হামলাকারী। পুলিশের ভাষ্যমতে, সৈয়দ রিজওয়ান ফারুক (২৮) ও তাশফিন মালিক (২৭) নামের দুজন ওই হামলা চালান। তাঁরা স্বামী-স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিজওয়ান যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তাঁর স্ত্রী তাশফিনের জন্ম পাকিস্তানে। বিয়ের আগ পর্যন্ত সৌদি আরবে ছিলেন তিনি। এই দম্পতির ছয় মাসের একটি কন্যাসন্তান রয়েছে।
কাউন্টির পুলিশপ্রধান জ্যারড বারগুয়ান জানিয়েছেন, পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার পর হামলাকারীদের ভাড়া করা গাড়িতে দুটি অ্যাসল্ট রাইফেল, দুটি আধা-স্বয়ংক্রিয় হ্যান্ডগান ও এক হাজার ৬০০টি গুলি পাওয়া যায়। পরে তাঁদের বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম, ১২টি পাইপবোমা ও সাড়ে চার হাজার গুলি পাওয়া গেছে।
নিহত ব্যক্তিদের নাম প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তাঁরা সবাই সাউথ ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তাঁদের বয়স ২৬ থেকে ৬০ বছরের মধ্যে। তাঁরা অধিকাংশই পুরুষ।
হামলার তদন্তসংশ্লিষ্ট ওয়াশিংটনের কর্মকর্তারা বলেছেন, জঙ্গিদের সঙ্গে ওই দম্পতির কোনো যোগসূত্র বা সম্পর্ক ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। তাঁদের ওয়েবসাইট ব্রাউজ ও সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারের ইতিহাস পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ওই হামলা সন্ত্রাসের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। আবার কর্মসংশ্লিষ্টও হতে পারে। তবে বিষয়টি কী, তা এখনো তাঁর জানা নেই।
মার্কিন সরকারের একটি সূত্র জানিয়েছে, ইসলামিক স্টেট (আইএস) বা অন্য কোনো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে ওই দম্পতির সম্পর্ক বা যোগাযোগের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
আরও পড়ুন..
যুক্তরাষ্ট্রে দম্পতির গুলিতে নিহত ১৪