ক্যালিফোর্নিয়ায় বিএনপির সাংগঠনিক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের তৃণমূলকেন্দ্রিক সাংগঠনিক কর্মশালার অনুকরণে লস অ্যাঞ্জেলেসের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে বিএনপি ক্যালিফোর্নিয়া শাখার সাংগঠনিক কর্মশালা। ২ জুন এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার মূল পরিকল্পনা, পরিচালনা ও নির্দেশনায় ছিলেন লন্ডন থেকে আসা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
কর্মশালায় আনোয়ার হোসেন বলেন, ‘ক্যালিফোর্নিয়া থেকেই এ কর্মশালা শুরু হলো, যার মধ্য দিয়ে সারা বিশ্বে বিএনপি পুনর্গঠিত হবে।’ তিনি ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশের বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে তাঁর সাংগঠনিক মতবিনিময়ের প্রসঙ্গ তুলে বলেন, ‘লস অ্যাঞ্জেলেসই একমাত্র শহর, যেখানে নেতা-কর্মীরা কেউ কারও বিরুদ্ধে কিছু বলেনি। দুই গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে এখন পর্যন্ত যে তিনটি পদ আপনারা নির্ধারণ করেছেন, পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের আগ পর্যন্ত তা-ই একটি বেসরকারি কমিটি হিসেবে বিবেচিত হবে।’
শিকাগো শহরের একটি সড়কের নাম ‘জিয়াউর রহমান ওয়ে’ করায় এর প্রস্তাবক শিকাগো বিএনপির সভাপতি মোজাম্মেল হক মিন্টুকে ধন্যবাদ জানিয়ে আনোয়ার হোসেন বলেন, এ ধরনের গঠনমূলক কাজের মাধ্যমে দলকে এগিয়ে নিতে হবে।
২ জুন বিকেল থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা এই কর্মশালায় দলটির নেতা-কর্মীরা বাংলাদেশের রাজনীতিতে দলের করণীয় এবং নিজ নিজ অবস্থান থেকে তাঁরা কী ভূমিকা রাখতে পারবেন তার একটি প্রস্তাব তুলে ধরেন কর্মশালায়।
কর্মশালায় দলের সাবেক সভাপতি আব্দুল বাসিত বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আইনশৃঙ্খলা ও বিচার বিভাগের চরম ব্যর্থতার জন্য তিনি নিজ নিজ ক্ষেত্রের প্রধানদের রাজনৈতিক অভিলাষ ও তোষণই দায়ী। এদের কারণেই আজ দেশের জনগণ গণতন্ত্র ও গণতন্ত্রের প্রধান শর্ত একটি নিরপেক্ষ নির্বাচন থেকে বঞ্চিত।’
দলের আরেক সাবেক সভাপতি শামসুজ্জোহা বাবলু কেন্দ্র থেকে কেন আন্দোলন হচ্ছে না তা খতিয়ে দেখার দাবি জানান। দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়াজ মুহাইমেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইউরোপ-আমেরিকার বিভিন্ন শহরে সমন্বিত কর্মসূচি গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশেও শুধু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছোট ছোট মিছিল না করে সারা দেশে একই দিন মিছিলের মাধ্যমে কর্মসূচি শুরুর আবেদন জানান।
বিএনপি ক্যালিফোর্নিয়া শাখার নবনির্বাচিত সভাপতি বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের পরিচালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান শাহীন, সাবেক সিনিয়র সহসভাপতি মোরশেদুল ইসলাম, জুনেল আহমেদ, সাঈদ আবেদ নিপু, সৈয়দ নাসিরুদ্দিন জেবুল, রফিকুজ্জামান জুয়েল, দেলোয়ার জাহান চৌধুরী, বদরুল আলম মাসুদ, লায়েক আহমেদ, মোয়াজ্জেম হোসেন রাসেল, আব্দুর রহমান বেলাল, আ. আল ফরহাদ, হোসেন আহম্মেদ ভূঁইয়া, শাহাদাত শান্ত, শফিকুল ইসলাম, মিজানুর রহমান, ইফতেখার হোসেন, মোশারফ হোসেন প্রমুখ।
দলকে ঐক্যবদ্ধ করতে গিয়ে দলের চার সিনিয়র নেতা আব্দুল বাসিত, শামসুজ্জোহা বাবলু, মোরশেদুল ইসলাম ও নিয়াজ মোহাইমেনের ত্যাগকে সবাই দাঁড়িয়ে সম্মান জানান। সভার মাঝে ইফতার ও নামাজের বিরতি দেওয়া হয়। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও কারামুক্তি এবং সারা দেশে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের কারামুক্তি কামনা করে দোয়া করা হয়।