ক্যালিফোর্নিয়ায় মুখোমুখি দুই ডেমোক্র্যাট
ক্যালিফোর্নিয়ায় একটি সিনেট আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই ডেমোক্রেটিক প্রার্থী—এই রাজ্যের বর্তমান অ্যাটর্নি জেনারেল কমলা হ্যারিস এবং কংগ্রেস সদস্য লোরেটা স্যাঞ্চেস। সব জনমত জরিপেই হ্যারিস এগিয়ে। নির্বাচিত হলে তিনি এই রাজ্যের জনপ্রিয় সিনেটর বারবারা বক্সারের স্থলাভিষিক্ত হবেন।
একই আসনে দুই ডেমোক্র্যাট থাকার কারণ হলো, ক্যালিফোর্নিয়ার নিজস্ব নির্বাচনী আইন অনুসারে বাছাইপর্বে যে দুজন প্রার্থী সর্বোচ্চ ভোট পাবেন, তাঁরাই চূড়ান্ত নির্বাচনে একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন। এ বছর জুন মাসে ৩২ জন প্রার্থীকে পরাস্ত করে হ্যারিস ও স্যাঞ্চেজ তাঁদের প্রার্থিতা নিশ্চিত করেন।
সর্বশেষ জনমত অনুসারে, হ্যারিসের পক্ষে রয়েছে ৫১ শতাংশ ক্যালিফোর্নিয়াবাসী এবং স্যাঞ্চেজের মাত্র ১৯ শতাংশ। ভারতীয় বংশোদ্ভূত হ্যারিসের পক্ষে বড় অস্ত্র প্রেসিডেন্ট ওবামা, যিনি কৃষ্ণকায় ও হিস্পানিক স্যাঞ্চেজকে উপেক্ষা করে হ্যারিসের পক্ষে নিজের সমর্থনের কথা ঘোষণা করেন। দুই মাস আগে এক ‘ফান্ড রেইজিং ডিনারে’ ওবামা হ্যারিসকে ‘আমেরিকার সবচেয়ে সুন্দর অ্যাটর্নি জেনারেল’ হিসেবে অভিহিত করেছিলেন। কিন্তু সে মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হলে ওবামা তাঁর এই ‘নির্দোষ’ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। লোরেটা স্যাঞ্চেজও ওবামাকে নিরপেক্ষ থাকার বদলে একজন ডেমোক্র্যাট প্রার্থীকে বেছে নেওয়ায় তাঁর গভীর হতাশার কথা ব্যক্ত করেছেন।
হ্যারিস জনমতে এগিয়ে থাকলেও স্যাঞ্চেজ তাঁকে পরাস্ত করার আশা ত্যাগ করেননি। সম্প্রতি একটি রিপাবলিকান পলিটিক্যাল অ্যাকশন গ্রুপ তাঁর প্রার্থিতা সমর্থন করে টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া শুরু করেছে। এই বিজ্ঞাপনে হ্যারিসকে বারবারা বক্সারের মতো একজন অতি উদারনৈতিক রাজনীতিক হিসেবে তুলে ধরা হয়। অন্যদিকে স্যাঞ্চেজকে মধ্যপন্থী হওয়ায় তাঁকে অধিক গ্রহণযোগ্য বলে বর্ণনা করা হয়। কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন, ডেমোক্র্যাট ও উদারনৈতিকদের জন্য নিরাপদ বিবেচিত ক্যালিফোর্নিয়ায় রক্ষণশীল রিপাবলিকান গ্রুপের কাছ থেকে সমর্থন লাভ করে স্যাঞ্চেজ হয়তো নিজেই নিজের কবর খুঁড়লেন।