ক্যালিফোর্নিয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথের মধ্য দিয়ে ১৮ নভেম্বর যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য শাখা যুবলীগ। লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউড রিক্রিয়েশন সেন্টারে মুক্তিযুদ্ধের সংগঠক যুবনেতা শেখ ফজলুল হক মনি প্রতিষ্ঠিত যুবলীগের বিপুলসংখ্যক
নেতা-কর্মীর উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য শাখা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান। যুবলীগ সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আলম চৌধুরী, যুবলীগ নেতা আজিজ আহমেদ, আফরোজ আলম, মহিলা লীগ নেত্রী ডা. রুবি হোসেনসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান রুবেল।
ক্যালিফোর্নিয়া শাখা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভক্তির মধ্যে এসব অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শফিকুর রহমান ও আলী আহমেদ ফারিস প্রমাণ করেছেন, উড়ে এসে জুড়ে বসা জনৈক দ্বারা বিল্লাহর সব চক্রান্ত মোকাবিলা করে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম। অনুষ্ঠানে প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয় ৷