ক্রান্তিকাল থেকে মুক্তির প্রত্যাশা

আনা ফ্রাঙ্ক তার ডায়েরিতে লিখেছিলেন, ‘লাখো মানুষের যন্ত্রণা বুঝতে পারি আমি। তবু যখন আকাশের দিকে তাকাই, কেন যেন মনে হয়, সব ঠিক হয়ে যাবে। মনে হয় এ নির্মম নিষ্ঠুরতারও অবসান হবে। আবারও ফিরে আসবে শান্তি...।’
কোন ক্রান্তিকালই দীর্ঘস্থায়ী হয় না। শ্রীকান্ত উপন্যাসে শরৎচন্দ্র কোয়ারেন্টিনের কথা উল্লেখ করেছিলেন প্লেগের কারণে তৎকালীণ বার্মায় (মিয়ানমার) প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সুতরাং মহামারি আসবে মহামারি কাটিয়ে পৃথিবী আবার ঘুরে দাঁড়াবে। আমারও প্রতিদিন মনে হয় সব ঠিক হয়ে যাবে। নিউইয়র্কে লকডাউন শুরু হয় মার্চের দ্বিতীয় সপ্তাহে। আমাদের বাসায় পুরোপুরি শুরু হয় ২৭ মার্চ থেকে। ২ মাস ১০ দিন। আর আমার আড়াই মাস পর বাসা থেকে বের হয়ে সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে যেন। ৯–১০ বছরে ম্যানারগুলো যা রপ্ত করেছিলাম, সব সেভাবেই করব নাকি করব না, দ্বন্দ্বে পড়ে গেলাম। লিফটে একজন আছে তার সঙ্গে উঠব কি না? লিফটের দরজা খুলে দাঁড়াব নাকি ছেড়ে দিয়ে দৌড়াব? কাচের দুটি দরজা। ভদ্রতাবশত আগে খুলে দিয়ে দাঁড়িয়ে থাকতাম, এখন কী করব? ধরে দাঁড়িয়ে থাকব নাকি নাকের ওপর ছেড়ে ‘চাচা আপণ প্রাণ বাঁচা’ থিওরি অবলম্বন করব?
‘রাইট এইড’ ফার্মেসিতে গিয়ে দেখি, সেল্ফচেক বা লাইনে দাঁড়িয়ে কাস্টমার্স কেয়ারেও চেকিং করা যায়। লাইন শুরু যেখানে জোড়া পায়ের চিহ্ন একে দেওয়া। তারপর ছয় ফুট দূরত্বে আরেক জোড়া পা। লাফ দিয়ে ওখানে পৌঁছাব নাকি পায়ে হেঁটে? বড় মুসিবতে পড়তে হলো। দীর্ঘ লাফ নামে একটা খেলা ছিল। কখনো পারতাম না। সিদ্দিকা আপা প্রথম হতো দীর্ঘ লাফ আর উচ্চ লাফ দুটোতেই। আমি অন্যরা কীভাবে যাচ্ছে মনোযোগ দিয়ে দেখে দেখে অনুসরণ করি। লকডাউনে যাওয়ার শুরুতেই ‘ইংলিশ বিংলিশ’ নামের হিন্দি ছবিটা দেখেছিলাম। নিউইয়র্কের পটভূমিতে তৈরি। এই ছবিতে ইংলিশে ভালো লিসেনিং আর স্পিকিং পাওয়ার না থাকায় হেনস্তা হতে হয়েছিল নায়িকা শশীকে। আমরা যখন প্রথম এসেছি, তখন এমন অবস্থা কম–বেশি আমাদেরও পার হতে হয়েছে। নিউইয়র্কে নানা জাতির বসবাস। নানা অ্যাকসেন্টে কথা বলে এখানে মানুষ। আপনি খুব ভালো ইংরেজি জানলেই হবে না। আপনার শ্রবণেন্দ্রিয় তুখোড় হতে হবে। সোশ্যাল ডিসট্যান্সিং বা সামাজিক দূরত্বের পাল্লায় পড়ে হতবুদ্ধ হয়ে যাই। মাঝে মাঝে সেই প্রথম সময়ের মতো কোনটি বলা যাবে আর কোনটি করা যাবে, বুঝতে সময় লাগছে এখন।
করোনার ছোবল সাপের লক লকে জিভ দিয়ে যখন একের পর এক স্বজন বা পরিচিতজনকে ছিনিয়ে নিচ্ছে, নিউইয়র্কে আমাদের মতো নিরীহ মানুষেরা দ্রুতই ছেলেমেয়ে নিয়ে মুরগি যেমন ডানার নিচে ছানাদের আগলায় তেমনি আমরাও নিরাপদ আশ্রয়ে ঠাঁই নিই। আমাদের এনওয়াইপিডি অফিসার, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা তখন থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। এখন যখন করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, যখন তাদের ১২ ঘণ্টার বদলে সপ্তাহে আট ঘণ্টা কাজের আওয়ারে ফিরে যাওয়ার কথা, তখনই এই যে আবারও জরুরি অবস্থা জারি হলো, হাঙ্গামা লুটপাট শুরু হলো। অফিসাররা বিশ্রাম নিতে যেতে পারল না, তাদের সাত দিনে বারো ঘণ্টা করে কাজ করতে হচ্ছে; তারাও তো ক্লান্ত শ্রান্ত। তাদেরও পরিবার আছে। তারা স্ত্রী–সন্তান, মা-বাবার সঙ্গে দুই/আড়াই মাস দেখা সাক্ষাৎ করতে পারেনি। এই অফিসাররাও তো মানুষ। এদের মধ্যে কালো, বাদামি, অফিসারও আছে; সবাইতো সাদা না। আবার সবাই চাওভিন ডেরেকের মতোও না।
এখন যখন করোনার প্রকোপ কমে আসছে, নিউইয়র্ক যখন করোনার কবল থেকে কিছুটা মুক্ত হয়ে স্বস্তির নিশ্বাস ফেলছে, যখন কর্মক্লান্ত অফিসাররা ঘরে সন্তান–পরিবারের কাছে যাওয়ার কথা, প্রিয়তমা স্ত্রীর কাছে ফিরে গিয়ে কিছুটা সময় হেলান দিয়ে বসার কথা, তখনই পুরো নিউইয়র্কে অগ্ন্যুৎপাত ঘটল ফ্লয়েডের মৃত্যুর ঘটনায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, মহামারির শুরুতেই ভয়ে যখন আমরা নিউইয়র্কবাসী গৃহ প্রবেশ মানে গৃহে অন্তরীণ হয়েছিলাম, ঠিক সে সময় এনওয়াইপিডির দেশি–বিদেশি সব অফিসার নিজের জীবন বাজি রেখে আমাদের ঘরে ঘরে খাবারসহ নিত্য প্রয়োজনীয় সব দ্রব্যাদি পৌঁছে দিয়ে গেলেন, আমরা তা ভুলে যাই কীভাবে? একজন চাওভিন কী সব অফিসারকে প্রতিনিধিত্ব করে?
না। নিশ্চয়ই না!
মহান আল্লাহতায়ালা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। কেউ সাদা, কেউ কালো, কেউ বাদামি। কিন্তু প্রবহমান রক্তের ধারা সবারই লাল। সোনালি কিংবা নীল নয়। কৌলীন্য বা আভিজাত্য বোঝাতে রক্তের কোন পার্থক্য নেই।
শুধু একবার ভেবে দেখুন, এনওয়াইপিডি পুলিশ বাহিনী ডিউটিতে নেই; কেমন চলছে নিউইয়র্ক নগরী? এ নগরীতে যেমন বিশ্বের সেরা নাগরিকের বাস। তেমনি বিশ্বসেরা মাফিয়াদেরও আবাস এখানে। কাগজপত্রহীন নাগরিকও এখানেই বাস করে বেশি। বৈধ–অবৈধ অস্ত্রবাজি আর আপন–আপন ক্ষমতা দেখানোর খেলা শুরু হলে মূহুর্তেই এনওয়াইপিডিকে লাগবে। সুতরাং আমরা চাই, একজন ডেরেক চাওভিন যা করেছে, তার জন্য তার যোগ্য শাস্তি হোক। আবার আমাদের নগর জীবনে স্বাভাবিকতা ফিরে আসুক দ্রুত।