ক্রান্তিকালে আলোর রেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবৃদ্ধি অর্জনের নেশা ও এর জন্য মরণপণ প্রতিযোগিতার সঙ্গেই যেন একটি দেশ ও তার অস্তিত্ব টিকে থাকার প্রশ্নটি জড়িত। সেই প্রতিযোগিতার জন্য প্রয়োজনে প্রকৃতি ও পরিবেশ বিনাশ করাটাও যেন দস্তুর। কারণ, প্রবৃদ্ধি অর্জনের বিষয়টিতে তো কোনোভাবেই আপস করা যায় না।

ইকোনমিক সুপার পাওয়ার হওয়া যায় কী করে? প্রতিযোগিতা, অবশ্যই প্রতিযোগিতা করতে হবে। যোগ্যতমরাই টিকে থাকে প্রতিযোগিতায়। সবাইকে মাড়িয়ে তাই এগিয়ে যাও। যোগ্যতম হওয়ার যুদ্ধে কোনো পাপ নেই, যুদ্ধ তো দেশকে এগিয়ে নেওয়ার জন্য; নৈতিকতা, পাপ, পুণ্য এখানে বিচার্য নয়। এ জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান করো—স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি, দীর্ঘ মেয়াদি। লক্ষ্য হলো সুপার পাওয়ার হওয়া। সুপার পাওয়ার হলেই চলবে না, হতে হবে সুপার পাওয়ার নম্বর ওয়ান। হালকা, ভারী নানা রকমের শিল্প গড়ে তোল। শুধু ভোগ্যপণ্য হলে হবে না; যুদ্ধাস্ত্রও তো শিল্প। এ শিল্পে বিনিয়োগ সবচেয়ে লাভজনক। যুদ্ধাস্ত্র বিক্রিও করা যায়, আবার নিজের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখার বর্ম হিসেবেও ব্যবহার করা যায়। ভূমি থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে, এক মহাদেশ থেকে অন্য মহাদেশে তাক করে, স্টার্টারের নব অন করলেই সবকিছু ধুলায় মিশে যাবে। তা ছাড়া পারমাণবিক বোমা তৈরি করে শত্রু, মিত্রকে গুঁড়িয়ে দেওয়ার সব প্রস্তুতি সেরে, সুইচের পাসওয়ার্ড প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর হেফাজতে রেখে দাও।

নতুন করোনাভাইরাস প্রথম আঘাত হেনেছে চীনে, যে চীন মাতোয়ারা ছিল প্রবৃদ্ধি ও শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। চীনের মানুষেরা সাম্প্রতিককালে একে অন্যকে ভালো মানুষ, মানবিক মানুষ হওয়ার কামনা করে না। শুভকামনার সংস্কৃতি ঘুরপাক খায়, অর্থ অর্জনের রেসের মাঠে। নববর্ষে তাই একজন আরেকজনকে শুভেচ্ছা জানিয়ে বলে, ‘ধনবান হও’। এই যে সামরিক ও অর্থনৈতিক শ্রেষ্ঠত্ব অর্জনের জেদ, সেই জেদ থেকে নানা শিল্পাঞ্চলের সৃষ্টি। চীনকে বলা হয় পৃথিবীর কারখানা। সেই দেশের কারখানাগুলোতে সুঁই থেকে শুরু করে মহাকাশযানের যন্ত্রপাতি সবকিছু তৈরি হয়। যত বড় কারখানা, যত বেশি কারখানা, তত বেশি কার্বন গ্যাস নিঃসরণ। এত এত কার্বন নিঃসরণ প্রকৃতিকে কতটুকু বিপন্ন করে ফেলেছে—এ কথা ভাবার অবকাশ নেই। ভাবতে হবে মুনাফার কথা, বাজারের একচ্ছত্র নিয়ন্ত্রণ, সামরিক ও বাণিজ্যিক শক্তিতে অপ্রতিদ্বন্দ্বী হওয়ার কথা।

মানুষের গড়ে তোলা, এই সভ্যতার ওপর করোনাভাইরাসের আকস্মিক হামলায় গোটা পৃথিবীকেই অপ্রস্তুত মনে হচ্ছে। মহাপরাক্রমশালী দেশগুলোর রাষ্ট্রনায়কদের বিব্রত ও নার্ভাস মনে হচ্ছে। কিছুদিন আগেও যাদের পর-রাষ্ট্রীয় কর্মকাণ্ডের অগ্রাধিকার ছিল—এই দেশে বাণিজ্য অবরোধ, ওই দেশে সৈন্য প্রেরণ। এমনকি করোনার আক্রমণের পরও এই জীবাণুকে সামান্য পরিমাণ গুরুত্বও দেননি অনেক রাষ্ট্রনায়ক। আজ তাই দেখা যাচ্ছে, যাদের বিলিয়ন, ট্রিলিয়ন ডলারের অস্ত্র ও ভোগ্যপণ্যের ব্যবসা নিয়ে কাজ-কারবার, তারা অন্য দেশের কাছে জীবন রক্ষাকারী ভেন্টিলেটর ধার চাচ্ছেন। এমনকি পর্যাপ্ত পরিমাণ মাস্কও পাওয়া যাচ্ছে না অনেক উন্নত দেশে। নিজেদের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে ইউরোপ, আমেরিকার দেশগুলো এতই নির্ভার ছিল যে, তাদের সাফল্যও যেকোনো দুর্যোগে প্রস্তুতির বিষয়টি সারা বিশ্বে উপকথার মতো ছড়িয়ে ছিল।

আজ উন্নত দেশগুলোর স্বাস্থ্যব্যবস্থা অনেকটা তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখছি আমরা। সুপার পাওয়ারদের অনেককেই এত অসহায় মনে হচ্ছে যে, তাদের অসহায়ত্ব সারা পৃথিবীতে সংক্রমিত হচ্ছে। কী এক অদ্ভুত আঁধারের চাদর আজ সারা বিশ্বকে ক্রমান্বয়ে ঢেকে দিচ্ছে। কবি জীবনানন্দ কি সেই অদ্ভুত আঁধারের কথা বলেছিলেন। যে আঁধারে পৃথিবীকে আজ প্রায় অচল বলা যায়—‘অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ’—জীবনানন্দের সেই শাশ্বত পঙ্‌ক্তি, তাঁর মৃত্যুর এত বছর পরও কত প্রাসঙ্গিক মনে হচ্ছে! সত্যি অদ্ভুত এক প্রেত অন্ধকার আজ মানবজাতিকে ঘিরে ধরেছে। অচেনা, অদৃশ্য এক প্রাণঘাতী করোনাভাইরাসের কাছে পরাজিত হতে চলেছে মানবজাতির সব আস্ফালন ও অর্জন।

উন্নয়নের মেগা মডেল কিংবা ডাইনোসর মডেল নিয়ে মানুষ যখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, তখন তাদের বিবেচনাতেই ছিল না প্রকৃতি ও পরিবেশ। মানুষ একপর্যায়ে অস্বীকার করেছে প্রকৃতি ও পরিবেশকে; দখল করেছে পশুপাখির অরণ্য, কীটপতঙ্গের বুনো জঙ্গল, পাখির আকাশ, ডলফিন, হাঙর—হাজারো রকমের সামুদ্রিক জীবের সমুদ্র। মানুষের উন্নয়ন পরিকল্পনা যখন প্রকৃতি বিনাশের প্রবল ডাইনোসর রূপ ধারণ করছিল, ঠিক তখনই করোনাকে মরিয়া হতে দেখা যায় ডাইনোসর মানুষকে বিলুপ্ত করে প্রাণিজগতের অন্যান্যের জন্য তাদের আবাসস্থল পুনর্দখলে নিয়ে আসতে।

জলবায়ুর যে ধীরে ধীরে পরিবর্তন ঘটছিল, মানুষ কিন্তু প্রকৃতির কাছ থেকে সে সংকেতগুলো পাচ্ছিল। সচেতন প্রকৃতি পর্যবেক্ষকেরাও কিছুটা আঁচ পাচ্ছিলেন দুর্যোগের। কিন্তু এত বড় দুর্যোগ আসবে, এটা বোধ হয় তাঁরা কল্পনাও করেননি। জলবায়ু বিজ্ঞানী, জলবায়ুর পরিবর্তনকে কীভাবে মোকাবিলা করা যায়, এ নিয়ে যারা কাজ করছিলেন, তাঁরাও ছিলেন প্রচণ্ড সক্রিয়। প্রকৃতিতে ঘটে যাওয়া কিছু দুর্যোগ তাঁদের বড় দুর্যোগের আভাস দিচ্ছিল। কিন্তু শুধু নির্বিকার ছিলেন, শিল্পোন্নত দেশগুলোর নীতিনির্ধারকেরা।

সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা এই দুর্যোগের আশঙ্কা প্রবল করে তুলেছে। ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন অংশে বন্যা, খরা, দাবানল ও পঙ্গপালের প্রকোপে কৃষি খাত বিপর্যস্ত হয়ে পড়েছে। এসব দুর্যোগকে স্বাভাবিক কিংবা ‘বিবলিক্যাল’ বলে আখ্যা দিয়ে যাচ্ছিলেন নীতিনির্ধারকেরা। শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরার জন্য তাই সব জ্ঞান-বিজ্ঞানের গতিপথকে ভোগ, বিলাস, মারণাস্ত্র তৈরির কারখানাতে নিয়ে জড়ো করছিলেন তাঁরা। ১৯৯২ সালে রিও ডি জেনিরো স্বাক্ষরিত জাতিসংঘের পরিবেশ-সংক্রান্ত একটি বৈশ্বিক চুক্তিকে এগিয়ে নিতেও তাঁদের অনাগ্রহের মাত্রা বিশ্ববাসী লক্ষ্য করেছে। অথচ, এই চুক্তির মূল লক্ষ্য ছিল বায়ুমণ্ডলে গ্রিনহাউজ গ্যাস নির্গমনের হার এমন অবস্থায় স্থিতিশীল রাখা, যাতে জলবায়ুগত মানবিক পরিবেশের জন্য তা বিপত্তিকর না হয়।

অনেকেই অদৃশ্য করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধে মানুষের এই অপ্রস্তুতির জন্য বিজ্ঞানীদের দায়ী করেন। নীতিনির্ধারকেরা রাসায়নিক অস্ত্র ব্যবহারের মাধ্যমে প্রতিপক্ষকে নিঃশেষ করে দিয়ে যখন শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের মাথায় রাখতে চান, তখন তো বিজ্ঞানীরা অসহায়। তাই নীতিনির্ধারকদের অগ্রাধিকারকেই বিজ্ঞানীদের অগ্রাধিকার হিসেবে মেনে নিতে হয়। শ্রেষ্ঠ হওয়ার দৌড়ে যে পরিকল্পনা, কৌশল ও কর্মযজ্ঞ রাখা হয়, তাতে থাকে না দৃশ্য-অদৃশ্য ভাইরাসকে নিধনে ব্যাপক গবেষণা। গবেষকেরা গবেষণা করেন। আর এই গবেষকদের গবেষণার অর্থ বিনিয়োগ করে বড় বড় করপোরেট হাউস ও রাজনৈতিক সরকার। দু পক্ষেরই অগ্রাধিকার হলো দ্রুত মুনাফা অর্জন।

অনেকেই বলেন, বিজ্ঞানীরা এত দিন কী করলেন? একটা কথা বুঝতে হবে, পুঁজিবাদী সমাজে বিজ্ঞানীদের গবেষণাকেও নিয়ন্ত্রণ করে পুঁজি। সরকারি নীতিনির্ধারক ও বেনিয়া কোম্পানিরা ঠিক করে দেয়, গবেষণা হবে কোন কোন বিষয় নিয়ে। স্বাভাবিকভাবে মানুষের জীবনকে কত ভোগবিলাসী করে তোলা যায়, সে দিকেই নজর থাকে বিশ্ববিখ্যাত কোম্পানিগুলোর। আর সরকারের অগ্রাধিকার প্রবৃদ্ধি ও দ্রুত শ্রেষ্ঠত্ব অর্জন। পুঁজিবাদী সমাজে প্রবৃদ্ধি হলো বৈষম্য তৈরির হাতিয়ার। যে হাতিয়ার হলো চোখ ধাঁধানো বিলাসী উন্নয়ন, যার কৃত্রিম আলোতে সবকিছুকেই সোনার মতো ঝলমলে মনে হয়। কিন্তু এই সোনা হলো দড়িকে সাপ মনে করার মতো মনোবৈজ্ঞানিক ভ্রম। রাজনৈতিক বা অরাজনৈতিক সরকার, মুনাফালোভী উৎপাদনকারী—এই দুয়ের যৌথ উদ্দেশ্যকে সফল করে তোলার জন্য মানুষ ভুলে যায়, এই পৃথিবী যে শুধু মানুষের জন্য নয়! শঙ্খচিল, রাতের জোনাকি, হাজার রকমের প্রজাপতি, বৃক্ষ, লতা, কাঠঠোকরা, সমুদ্রের তলদেশে জানা-অজানা অসংখ্য রকমের অদ্ভুত সুন্দর প্রাণী, বিচিত্র জন্তু ও প্রাকৃতিকভাবে প্রাপ্ত সব সম্পদের মালা গেঁথেই পৃথিবী তার পরিবেশ ও প্রতিবেশকে এক অনিন্দ্য সুন্দর রূপ দান করে। রাজনৈতিক সরকারের সাময়িক জনপ্রিয়তা ও তাদের পেছন থেকে যারা চালান সেই মুনাফালোভীরা মানুষকে তা সাময়িককালের জন্য ভুলিয়ে দেয় পারস্পরিক লাভ-ক্ষতির হিসাব-নিকাশের গোলক ধাঁধায়।

মানুষকে কি বিস্মৃত করে রাখা যায়? মানুষকে কি ধ্বংস করে ফেলা যায়? মানুষের ইতিহাসে মানুষকে ধ্বংস করার উদাহরণ পাওয়া যায় না। মানুষ জেগে ওঠে ফিনিক্স পাখির মতো। মানুষ লড়াই করে যায় আর্নেস্ট হেমিংওয়ের ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’-এর সেই বৃদ্ধের মতো যার ধৈর্য, সাহস ও একাগ্রতার কাছে শেষ পর্যন্ত সবকিছু হার মানে। হেমিংওয়ে তাই তো বলেন, মানুষকে সাময়িক পরাজিত করা যায়, কিন্তু কোনোভাবেই ধ্বংস করা যায় না। প্রতিদিন এই যে হাজারো মানুষ অদৃশ্য করোনাভাইরাসের আক্রমণে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছেন, তাদের জন্য পৃথিবীর সব মানুষ, স্বজন হারানোর ব্যথা অনুভব করছেন। এই ব্যথা, এই বেদনাবোধ থেকে নতুনভাবে নিজেদের পরিশুদ্ধ করার ইচ্ছা জাগ্রত হচ্ছে। তৈরি হচ্ছে নতুন এক পৃথিবী গড়ার আকাঙ্ক্ষা। আমরা কিন্তু নতুন পৃথিবীর উজ্জ্বল আলো দেখতে পাচ্ছি। পৃথিবীর সব আক্রান্ত মানুষের মধ্যে যে সহমর্মিতা দেখা যাচ্ছে, ভালোবাসা দেখা যাচ্ছে, তা থেকেই নতুন পৃথিবীর ভিত্তিভূমি তৈরি হচ্ছে দ্রুত। পৃথিবীর সব দেশের বিজ্ঞানীরা করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য একাগ্রচিত্তে কাজ করে যাচ্ছেন। সারা বিশ্বের আক্রান্ত দেশগুলো, তথ্য, উপাত্ত, অভিজ্ঞতা বিনিময় করছে।

গবেষণা সংস্থাগুলোকে রাজনৈতিক নেতাদের কূটচালকে এড়িয়ে নিজেদের ‘এক বিশ্বের’ সেবাদানকারী, সহমর্মী বিশেষজ্ঞ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে দেখা যাচ্ছে। বিশ্বাস করা যায়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি বিজ্ঞান ইনস্টিটিউট কাজ করছে চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সেস ও চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও প্রিভেনশনের সঙ্গে একাত্ম হয়ে। আমেরিকা, চীন, ইতালিসহ বিভিন্ন দেশের তাবৎ বিজ্ঞানী আছেন এ গবেষণার সঙ্গে। সংকীর্ণতা, অবিশ্বাস, ঘৃণাকে ছুড়ে ফেলে মানবতার ডাকে মানব সভ্যতার অস্তিত্ব রক্ষায় তারা মগ্ন হয়ে কাজ করে যাচ্ছেন। সব মেধার সম্মিলিত প্রচেষ্টা কখনো বৃথা যেতে পারে না। আমরা বিজ্ঞানীদের কাছ থেকে, কিছু কিছু রাষ্ট্রনায়কের কাছ থেকে আশ্বাস পাচ্ছি। তাঁরা সুড়ঙ্গের অপর প্রান্তে কিছুটা আলোর আভাস দিচ্ছেন।

মানব সভ্যতার এই ক্রান্তিকালে এই যে একত্র হয়ে, সহায়তার দ্বার উন্মুক্ত করে এক নতুন বিশ্ব গড়ে ওঠার প্রচেষ্টা—একে এগিয়ে নিতে হবে। এ জন্য সর্বাগ্রে প্রয়োজন রাজনৈতিক নেতৃত্ব ও রাজনীতিকে খোল-নলচে পাল্টানো। তা করতে ব্যর্থ হলে, পৃথিবীর অস্তিত্বের সঙ্গে সঙ্গে রাষ্ট্রগুলোর অস্তিত্বও বিলীন হয়ে যাবে। করোনার আক্রমণ সচেতন বিশ্ববাসীকে বারবার মনে করিয়ে দিচ্ছে পৃথিবী নামক গ্রহের প্রতিটি জীব ও তার সঙ্গে যুক্ত পরিবেশ ও প্রতিবেশ একই সূত্রে গাঁথা। বেঁচে থাকা, অস্তিত্ব টিকিয়ে রাখার অর্থ হচ্ছে, এক ও অখণ্ড বিশ্বের ছায়াতলে সবার সম্মিলিত প্রচেষ্টাকে অব্যাহত রাখা। বিশ্বনেতৃত্ব কি সম্মিলিতভাবে বেঁচে থাকার প্রচেষ্টাকে আরও দৃঢ় ও কার্যকর করে তুলতে পারবে? এ রকম প্রশ্নের উত্তরের সঙ্গে বহমান মানবসভ্যতা টিকে থাকা না-থাকা যুক্ত। ভাবতে হবে বিশ্ব নেতৃত্বকে। সুপার পাওয়ার হওয়ার প্রতিযোগিতা থেকে সরে এসে কোটি মানুষের প্রচেষ্টায় অর্জিত এই সভ্যতাকে টিকিয়ে রাখতে উদার হয়ে সবাই মিলে বেঁচে থাকার বিষয়টিকে নিয়ে গভীরভাবে ভাবতে হবে।