ক্রিসমাসে টেলিস্কোপের ইচ্ছাপূরণ ব্রুকলিন বালকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোসিয়াহ স্যামুয়েল
জোসিয়াহ স্যামুয়েল

জোসিয়াহ স্যামুয়েলের বয়স পাঁচ বছর। ছোট্ট জোসিয়াহ’র আকাশ দেখতে ভালো লাগে। ভালো লাগে তারাদের সঙ্গে সময় কাটাতে। আর এ জন্য চাই একটি টেলিস্কোপ। এই ইচ্ছার কথাই জানিয়েছিল সে সান্তার কাছে। তার দেওয়া পছন্দের উপহারের তালিকায় ছিল একটি টেলিস্কোপ, যা স্থানীয় সংবাদমাধ্যম আইউইটনেস নিউজের কল্যাণে নিউইয়র্কবাসীর মনোযোগ কেড়েছিল। 

জোসিয়াহ বলেছিল, ‘আমার আশা সে (সান্তা ক্লজ) আমাকে একটি টেলিস্কোপ দেবে। কারণ আমি আকাশের তারা দেখতে ভালোবাসি।’
২১ ডিসেম্বর ব্রুকলিনের অন্য হাজারো শিশুর মতোই জোসিয়াহও নিউইয়র্ক পুলিশের ব্রুকলিন নর্থ পেট্রলের সামনে সান্তার কাছ থেকে আসা উপহারের জন্য অপেক্ষা করছিল। সে সময় সে অনেকটা বড়দের মতোই বলেছিল, ‘তারা আমাকে টেলিস্কোপ না দিলেও কিছু মনে করব না। একটা উপহার তো নিশ্চয় পাব।’
কিন্তু সংবাদমাধ্যমে তাকে দেখে নিউইয়র্ক পুলিশের মনে হয়েছে, অন্য কোনো উপহারই জোসিয়াহকে খুশি করতে পারবে না। আর এই ভাবনা থেকেই জোসিয়াহর হাতে এসে পৌঁছায় একটি টেলিস্কোপ।
উপহার পেয়ে জোসিয়াহ’র চিৎকার, ‘টেলিস্কোপ!’
কতটা খুশি হয়েছে এক থেকে ১০০ স্কেলে তাকে নম্বর দিতে বললে জোসিয়াহ আইউইটনেস নিউজকে বলে, ‘দুই হাজার।’
খুশি হয়েছেন জোসিয়াহ’র মা আনিয়াস কাটসও। তিনি বলেন, ‘এটা অভাবনীয়। আমি ভীষণ কৃতজ্ঞ ও আনন্দিত। কেউ বুঝবে না কতটা। আমরা প্রথমবারের মতো একটি বাসায় উঠছি, যেখানে আমরা পুরো পরিবার এক সঙ্গে থাকতে পারব। তার আগে এই উপহার। এটি সত্যিই দারুণ। আমি এবং জোসিয়াহ দুজনেই ভীষণ সুখী আমরা।’
আর জোসিয়াহ’র মনজুড়ে এখন শুধুই টেলিস্কোপ। ‘আমি এখন এটা দিয়ে সবকিছু দেখতে পারি’, বলছে জোসিয়াহ। বড় হয়ে কী হতে চায়, জানতে চাইলে সে বলেছিল, ‘পুলিশ অফিসার।’
ক্রিসমাসের উপহার হিসেবে সে একটি সাইকেলও পেয়েছিল। তবে সে তার এক বন্ধুকে সেটি দিয়ে দিয়েছে। কারণ ওই বন্ধুর সাইকেলটি কিছুদিন আগেই চুরি গিয়েছিল।
এ বিষয়ে নিউইয়র্ক পুলিশের ৭৯ প্রেসিংক্ট এলাকার কমান্ডিং অফিসার চার্লি মিঞ্চ বলেন, ‘কোনো একটি শিশুকে একটি সাইকেল উপহার দেওয়ার পর, তা সে আরেক বন্ধুকে দিয়ে দেবে, এমন ঘটনা কখনো শুনিনি। এই খবর শোনার কিছুক্ষণ পরই আমরা সংবাদমাধ্যমে দেখলাম, সে উপহার হিসেবে একটি টেলিস্কোপ চাইছে। এই বয়সের খুব কম শিশুই এ ধরনের উপহার চায়।