ক্রিসমাসে ফার্স্ট লেডিকে কোনো উপহার দেননি ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প

ক্রিসমাসের কয়েক ঘণ্টা আগেও উপহার কেনা হয়নি ফার্স্ট লেডির জন্য! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেমনটাই জানিয়েছেন। মার্কিন সশস্ত্র বাহিনীর সঙ্গে ভিডিও টেলিকনফারেন্সে কথা বলতে গিয়ে এই নিয়ে প্রশ্ন শুনে ট্রাম্প বলেন, ‘মেলানিয়ার জন্য এখনো কিছু কেনা হয়নি।’
পরে অবশ্য ফ্লোরিডার পাম বিচের রিসোর্ট থেকে প্রেসিডেন্ট বার্তা দেন, ‘একটা সুন্দর কার্ড কেনা রয়েছে বটে। তবে তার বেশি কিছু নয়।’ ট্রাম্পের ভাষায়, ‘আমি এখনো ওটা নিয়েই ভাবছি। হাতে সময় খুব একটা নেই।’

চলতি সপ্তাহেই আমেরিকাকে ‘বড়দিনের উপহার’ দিতে পারে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। তা নিয়ে প্রশাসনে আলোচনা চললেও সব উদ্বেগ উড়িয়ে দিয়ে ট্রাম্প সাংবাদিকদের সামনে ঠাট্টার সুরে বলেন, ‘দেখা যাক, কী হয়। ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভুলে গিয়ে হয়তো বা তিনি (কিম জং উন) একটা সুন্দর ফুলদানি পাঠাবেন আমাকে। কিছুই বলা যায় না!’

তবে ফার্স্ট লেডিকে উপহার দেওয়া নিয়ে এর আগেও রসিকতা করতে দেখা গিয়েছে প্রেসিডেন্টকে। ২০১৮ সালের এপ্রিলে তিনি একটি সাক্ষাৎকারে স্ত্রীর জন্মদিনে উপহার দেওয়া প্রসঙ্গে বলেছিলেন, ‘এই সব কিছুর মধ্যে ঢোকা উচিত নয়। কারণ আমি ঝামেলায় পড়তে চাই না। এত সব বুঝিও না।’ সেবারও তিনি খুব ব্যস্ত থাকায় কার্ড আর ফুল দেবেন বলে জানিয়েছিলেন। বড়দিনে হোয়াইট হাউসে উপহার দেওয়ার পর্ব নিয়ে অনিশ্চয়তা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসিতামাশায় মেতেছেন ট্রাম্পবিরোধীরা।