ক্রিসমাসের রঙে রঙিন আটলান্টিক সিটি

যিশুখ্রিষ্টের জন্মদিন ‘ক্রিসমাস’-এর রঙে রঙিন হয়েছিল আটলান্টিক সিটি। ক্রিসমাস উপলক্ষে শহরের গির্জা, ক্যাসিনো, শপিং মল, হোটেল ও বাড়িঘর সাজানো হয়েছিল বাহারি আলোকসজ্জায়। ছিল ক্রিসমাস ট্রি ও প্রতীকী গোয়ালঘর। ক্যাসিনোগুলোর বাহারি সাজ নজর কেড়েছিল বেশ। শিশুদের মধ্যে সান্তারা উপহার বিলিয়েছেন দেদারসে। সন্ধ্যার পর রং-বেরঙের আলোয় চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল।
আটলান্টিক সিটির প্রাণভোমরা ক্যাসিনোগুলো সেজেছিল বড়দিনের সাজে। ক্যাসিনোর লবিতেই দেখা মিলেছিল সান্তা ক্লজের রেইনডিয়ার ও স্নোম্যানদের সঙ্গে। ক্যাসিনোগুলোর বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছিল অগণিত ক্রিসমাস ট্রি।
‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই মর্মবাণী অন্তরে ধারণ করে আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিরাও ক্রিসমাসের রঙে রঙিন করেছিল নিজেদের। প্রবাসী বাংলাদেশিদের অনেকের বাড়িঘরে শোভা পেয়েছিল বর্ণিল সাজে সজ্জিত ক্রিসমাস ট্রি। অনেক প্রবাসী বাংলাদেশির বাড়িতে আয়োজন করা হয়েছিল ক্রিসমাস পার্টির। ক্রিসমাস উৎসবে মেতে উঠতে পরিবার-পরিজন নিয়ে অনেকে বেরিয়ে পড়েছিলেন নগর পরিক্রমায়। বহুজাতিক সংস্কৃতিতে বেড়ে ওঠা প্রবাস প্রজন্মের এই ব্যাপারে উৎসাহটা ছিল খুব বেশি। অভিভাবকদের সমর্থনে ক্রিসমাসের আনন্দ আয়োজনে তারা বেশ ব্যস্ত সময় পার করেছে।