ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কপ্রবাসী ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীরেন সিকদার
নিউইয়র্কপ্রবাসী ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীরেন সিকদার

বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনের মান বাড়াতে এবং দেশ-বিদেশে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি করতে সরকার ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই উদ্যোগ নিয়েছেন। নিউইয়র্কে প্রবাসী ক্রীড়াবিদদের সঙ্গে মত বিনিময়কালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে ২৮ জানুয়ারি রোববার বিকেলে প্রতিমন্ত্রী ড. বীরের শিকদার প্রবাসী ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় করেন। কনসাল জেনারেল শামীম আহসান এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ এবং বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশনের সভাপতি আবদুর রহিম বাদশা ও সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস-এর নেতৃত্বে প্রবাসের ক্রীড়াবিদেরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং স্পোর্টস কাউন্সিলের স্যুভেনির উপহার দেন।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরে বলেন, এখন শহর ও গ্রামের পার্থক্য কমে এসেছে। যা শহরে পাওয়া যায় তা গ্রামেও পাওয়া যায়। তিনি বলেন, দেশে বিদ্যুতের সমস্যা নেই। ফলে উন্নয়ন কর্মকাণ্ড বেড়ে চলেছে। তিনি বলেন, দেশে এত উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে যে প্রধানমন্ত্রীকে ঢাকায় বসে ডিজিটাল ব্যবস্থায় উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধন করতে হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে এবং ইতিমধ্যেই ১৩০টি স্টেডিয়াম নির্মাণ শেষ হয়েছে। প্রতিমন্ত্রী সরকারের অব্যাহত উন্নয়ন কর্মকাণ্ড ধরে রাখতে প্রবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার নবনির্বাচিত সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ প্রবাস থেকে বাংলাদেশি আমেরিকান ফুটবল ও ক্রিকেট দলের খেলোয়াড়দের টিম নিয়ে বাংলাদেশে প্রদর্শনী ম্যাচসহ প্রতিযোগিতানুষ্ঠান আয়োজনের দাবি জানান।
মতবিনিময় সভায় উল্লেখযোগ্য ক্রীড়াবিদদের মধ্যে সাবেক অলিম্পিয়াড শাহান উদ্দিন চৌধুরী, সাবেক বক্সার সৈয়দ এনায়েত আলী, সাংবাদিক মনিজা রহমানসহ বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল ও ফাউন্ডেশনের কর্মকর্তাদের মধ্যে ওয়াহিদ কাজী এলিন, মফিজুল ইসলাম রুমী, আবদুল কাদের লিপু, কাজী তোফায়েল ইসলাম, শাহাদত হোসেন, নওশাদ হোসেন সিদ্দিকী, ইয়াকুত রহমান, কমিউনিটি অ্যাকটিভিস্ট রোকেয়া আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সবাইকে প্রতিমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন মহিউদ্দিন দেওয়ান।