ক্রীড়ায় কমিউনিটিকে পথ দেখাচ্ছেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাবির মুক্তাদির

জাবির মুক্তাদির, সবার কাছে দোয়েল নামে পরিচিত। প্রায় ১৩ বছর আগে আমেরিকায় পাড়ি জমান। অভিবাসী ভিসা নিয়ে কলেজ শেষ করে যখন পরিবার নিয়ে আমেরিকা আসেন, তখন তাঁর চলার পথ খুব একটা সহজ ছিল না।

জীবিকার তাগিদে প্রথমে মিশিগান, এরপর ম্যারিল্যান্ড হয়ে শেষ পর্যন্ত নিউজার্সির প্যাটারসন সিটিতে থিতু হন। সেখানে শুরু করেন জীবনের নতুন সংগ্রাম। এখন পুরোদমে একজন অটোমবিলের ব্যবসায়ী। নিউজার্সি অঙ্গরাজ্যের সাউথ হাকেনসেক সিটিতে শুরু করেছেন ‘অটোব্লিজ’ অটো রিপেয়ার শপ।

শুধু ব্যবসা আর অর্থের পেছনে ছুটছেন না জাবির। ব্যবসার পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসেবে নিউজার্সি তথা আমেরিকায় বাংলাদেশি কমিউিনিটর কাছে পরিচিত মুখ হয়েছে উঠেছেন তিনি। সাউথ এশিয়ান স্পোর্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করছেন। দেশেও বিভিন্ন দুর্যোগ–দুর্বিপাকে অসহায় মানুষের পাশে দাঁড়ান। বাড়িয়ে দেন সহযোগিতা হাত।

একজন ব্যবসায়ী থেকে ক্রীড়া সংগঠক হলেন কীভাব? এমন প্রশ্নের জবাবে জাবির মুক্তাদির প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেন, ‘দেশে (সিলেটের কুলাউড়া) বেড়ে ওঠা। কলেজজীবন পর্যন্ত যুক্ত ছিলাম ছাত্ররাজনীতি, এমনকি কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে। জীবিকার তাগিদে আমেরিকা আসার পর শেখড়ের টান ভুলতে পারিনি।’

জাবির বলেন, নিউজার্সির প্যাটারসন সিটিতে বর্তমানে প্রচুর বাংলাদেশি অভিবাসীর বসবাস। এখানে এখন বাংলাদেশি বংশোদ্ভূত অনেকেই যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত। দিন দিন কমিউনিটি আরও বড় হচ্ছে। তাই আগামী প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করাই আমার এবং সাউথ এশিয়ান স্পোর্টস অ্যাসোসিয়েশনের লক্ষ্য।

এই বাংলাদেশি আমেরিকান ক্রীড়া সংগঠক বলেন, সাউথ এশিয়ান স্পোর্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশি কোনো ক্রীড়া সংগঠন নয়। এই সংগঠন যুক্তরাষ্ট্রের মানুষসহ পুরো সাউথ এশিয়ান কমিউনিটি নিয়ে কাজ করছে। শুধু ফুটবল টুর্নামেন্ট নয়, সংগঠনটি বিভিন্ন শিক্ষামূলক কাজ, সামাজিক কর্মকাণ্ড, ক্রিকেট, ব্যাডমিন্টন, বেসবলসহ অন্যান্য খেলাধুলার আয়োজন করার পরিকল্পনা করছে। অবশ্য কোভিড-১৯ সবকিছু উলটপালট করে দিয়েছে। এরপরও করোনা মহামারির আতঙ্কের মধ্যেও সবার সহযোগিতায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি। আশা করি, ভালোভাবে আমরা এই আয়োজন শেষ করতে পারব।

গত ২৬ সেপ্টেম্বর নিউজার্সির প্যাটারসন সিটির পেনিংটন মাঠে আট দলের অংশগ্রহণে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট। আয়োজনটি করেছে সাউথ এশিয়ান স্পোর্টস অ্যাসোসিয়েশন। খেলা চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রচুর দর্শক সমাগম হয়। খেলায় উপস্থিত থেকে সহযোগিতা করেন প্যাটারসন সিটির ২ নম্বর ভারপ্রাপ্ত সিটি কাউন্সিলর গিলমান।