
ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে ভালো ফল করবেন—মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী সিনেটর টেড ক্রুজ গত মঙ্গলবার দুপুর পর্যন্ত এ আশায় ছিলেন। পরাস্ত হলেও প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবেন—জোর গলায় সে কথাও বলেছিলেন। কিন্তু ইন্ডিয়ানা প্রাইমারির সব ভোট গণনা শেষ হওয়ার আগেই তিনি স্বীকার করলেন, এই প্রতিদ্বন্দ্বিতা চালানোর আর কোনো অর্থ নেই। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার কোনো আশাই অবশিষ্ট নেই।
রাত নয়টার দিকে পরিবারের সব সদস্য ও সমর্থকের উদ্দেশে এক ভাষণে ক্রুজ ঘোষণা দেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন।
ইন্ডিয়ানায় তাঁর উল্লেখযোগ্য সমর্থন রয়েছে—এই বিশ্বাসে ক্রুজ গত দুই সপ্তাহে এখানে তাঁর সব শক্তি নিয়োগ করেছিলেন। নিজ প্রচারণা কমিটি ও দুটি সমর্থক গ্রুপ মিলে এখানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মোট ৬০ লাখ ডলার খরচ করেছিল। ওহাইওর গভর্নর জন কেইসিকের সঙ্গে ভোট ভাগাভাগির একটি চুক্তিও করেছিলেন, যার অধীনে কেইসিক ইন্ডিয়ানাতে প্রতিদ্বন্দ্বিতা না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ১৭ পয়েন্টের ব্যবধানে তিনি ট্রাম্পের হাতে পরাস্ত হলেন।
ক্রুজ সরে যাওয়ার ফলে রিপাবলিকান মনোনয়ন পাওয়ার ব্যাপারে ট্রাম্পের কার্যত আর কোনো বাধা রইল না। সর্বশেষ খবরে মার্কিন প্রচারমাধ্যম গতকাল রাতে (বাংলাদেশ সময়) খবর দেয়, ক্রুজের মতো মাঠ ছাড়বেন—এ ঘোষণা দেওয়ার এক দিনের মধ্যেই জন কেইসিকও সরে যাওয়ার আভাস দিয়েছেন। তিনি গতকাল নির্ধারিত একটি অনুষ্ঠান শেষ মুহূর্তে বাতিল করলে গুঞ্জন জোরদার হয়। বাছাই নির্বাচনের দৌড়ে কেইসিক শুধু নিজের অঙ্গরাজ্যে জিতেছেন।
টেড ক্রুজ সরে যাওয়ার ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যে রিপাবলিকান দলের সভাপতি প্রিবাস এক টুইটার বার্তায় অহেতুক লড়াই চালিয়ে যাওয়ার বদলে ট্রাম্পের প্রার্থিতার সমর্থনে ঐক্যবদ্ধ হতে সব নেতা-কর্মীর প্রতি আহ্বান জানান।
নিজের বিজয় ভাষণে ট্রাম্প তাঁর চিরাচরিত বাগাড়ম্বর ত্যাগ করে ক্রুজকে ‘একজন কঠিন প্রতিযোগী’ হিসেবে বর্ণনা করেন। উল্লেখ্য, মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প ন্যাশনাল ইনকোয়ারার পত্রিকার এক অসমর্থিত প্রতিবেদন উল্লেখ করে দাবি করেন, ক্রুজের পিতা জন এফ কেনেডির হত্যার সঙ্গে জড়িত ছিলেন। ট্রাম্প তাঁর বিজয় ভাষণে সে প্রসঙ্গ এড়িয়ে নভেম্বরের নির্বাচনে হিলারিকে হারাতে সব শক্তি নিয়োগের কথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘প্রতিশ্রুতি দিচ্ছি, আমি হিলারিকে প্রবলভাবে আক্রমণ করব। হিলারি মোটেই ভালো প্রেসিডেন্ট হবেন না, অত্যন্ত দুর্বল প্রেসিডেন্ট হবেন হিলারি।’
অন্যদিকে, ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে হিলারিকে চার পয়েন্টের ব্যবধানে পরাস্ত করে নিজের লড়াই অব্যাহত রাখার কথা ঘোষণা করেছেন বার্নি স্যান্ডার্স। অধিকাংশ বিশ্লেষক একমত, মোট ডেলিগেটের হিসাবে স্যান্ডার্সের চেয়ে হিলারি এতটা এগিয়ে যে, ইন্ডিয়ানাতে মোট ভোটের হিসাবে পরাস্ত হলেও তাঁর দলীয় প্রার্থিতা হারানোর কোনো আশঙ্কা নেই। স্যান্ডার্স নিজেও সে কথা জানেন। তিনি ইঙ্গিত করেছেন, প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য তিনি লড়াই চালাচ্ছেন না। তাঁর লক্ষ্য, জুলাই মাসে দলীয় কনভেনশনে যে পার্টি প্ল্যাটফর্ম ঘোষিত হবে, তাতে নিজের কর্মসূচি অন্তর্ভুক্ত করা।
ডেলিগেট-সংখ্যা
রিপাবলিকান প্রার্থী
মনোনয়নের জন্য লাগবে ১,২৩৭
* ডোনাল্ড ট্রাম্প: ১০০৭
* টেড ক্রুজ: ৫৪৬
* জন কেইসিক: ১৫৩
ডেমোক্রেটিক প্রার্থী
মনোনয়নের জন্য লাগবে ২,৩৮৩
* হিলারি ক্লিনটন: ১,৭০০
সুপার ডেলিগেট +৫২০
* বার্নি স্যান্ডার্স: ১,৪১০
সুপার ডেলিগেট +৩৯