ক্রেডিট কার্ড জালিয়াতি বাংলাদেশি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রেডিট কার্ড ও ট্যাক্স জালিয়াতির অভিযোগে গত সপ্তাহে নিউইয়র্কের কুইন্স থেকে গ্রেপ্তার হয়েছেন একজন প্রবাসী বাংলাদেশি। ভুয়া নাম ঠিকানা ও ট্যাক্স প্রদানকারীর তথ্য ব্যবহার করে প্রতারণার মাধ্যমে প্রায় ১৪ লাখ ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ওই ব্যক্তির নাম জহিরুল হৃদয়।
২ অক্টোবর জহিরুলের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাঁর অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে ৪০ হাজার নগদ ডলার এবং ৫৭ হাজার ডলারের চেক উদ্ধার করা হয়। তাঁর কাছ থেকে ৩৬৫টি ক্রেডিট কার্ড ও দুইটি লাইসেন্সবিহীন বন্দুক উদ্ধার করা হয়েছে।
২০১৩ সাল থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে জহিরুল আইআরএসে ট্যাক্স বিবরণী দাখিল করেন। জাল কাগজপত্র দাখিল করে প্রায় ১৪ লাখ ডলারের রিফান্ড গ্রহণ করেন। ভুয়া নাম, যেমন শুধু মোহাম্মদ হোসেন নাম ব্যবহার করে তিনি ট্যাক্স রিফান্ডের বেশ কয়েকটি পেমেন্ট গ্রহণ করেন। এ নিয়ে সন্দেহের উদ্রেক হলে অনুসন্ধানের নামে আইআরএস।
তদন্তে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার এই চিত্র বেরিয়ে আসে। জহিরুলের বিরুদ্ধে প্রতারণা ও রাষ্ট্রীয় অর্থ আত্মসাতসহ ফৌজদারি অপরাধে অভিযোগ আনা হয়েছে। জহিরুল হৃদয়কে গ্রেপ্তারের পরপরই ব্রুকলিনের আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন শুনানি পর্যন্ত কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন।
নিউইয়র্কভিত্তিক বেশ কিছু প্রবাসী ক্রেডিট কার্ড জালিয়াতিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। অন্য কোনো ভালো ব্যবসার আড়ালে তারা ক্রেডিট কার্ড জালিয়াতি করে থাকেন। এর আগেও বেশ কয়েকজন ধরা পড়েছেন। আমেরিকার নানা সংস্থা দীর্ঘ সময় নিয়ে এসব জালিয়াতি তদন্ত করে থাকে। কোনো কোনো তদন্ত এক দশক ধরে চললেও অপরাধীরা শেষ পর্যন্ত ধরা পড়েন। এর সর্বশেষ উদাহরণ কুইন্সে বসবাসরত বাংলাদেশি জহিরুল হৃদয়।