ক্লাব বাংলার গণতন্ত্রবিষয়ক সেমিনার ২৯ মার্চ
বাংলাদেশ ডেমোক্রেসি কনফারেন্স ২০১৭ নামে একটি সেমিনারের আয়োজন করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের সংগঠন ক্লাব বাংলা ও নিউইয়র্কের থিংকট্যাংক প্রতিষ্ঠান আর্চার ব্লাড সেন্টার ফর ডেমোক্রেসি। ২৯ মার্চ বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
ক্লাব বাংলার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেমিনারে বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র, উন্নয়ন, মানবাধিকার, শ্রম অধিকার, সংখ্যালঘুর নিরাপত্তা, রাজনৈতিক উগ্রবাদ, মতপ্রকাশের স্বাধীনতা ইত্যাদি বিষয়ে আলোচনা হবে। এতে উপস্থিত থাকবেন হেরিটেজ ফাউন্ডেশনের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ ও সিনিয়র ফেলো লিসা কার্টিস, ফরেন পলিসি ম্যাগাজিনের দক্ষিণ এশিয়াবিষয়ক সাংবাদিক জোসেফ আলচিন, যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকসের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ হুমায়ুন কবির এবং মানবাধিকার ও শ্রম অধিকারবিষয়ক অ্যাটর্নি শমতলী হক। সেমিনার সঞ্চালকের দায়িত্ব পালন করবেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফেলো ও আর্চার ব্লাড সেন্টার ফর ডেমোক্রেসির প্রেসিডেন্ট অধ্যাপক দীনা সিদ্দিকী।