ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক নিয়ে জিকা ভাইরাসে আক্রান্ত শিশুর জন্ম
যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক নিয়ে জিকা ভাইরাসে আক্রান্ত এক শিশুর জন্ম হয়েছে। মশাবাহিত এই ভাইরাসে আক্রান্ত অবস্থায় কোনো শিশুর ভূমিষ্ঠ হওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রে এটাই প্রথম। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের রোগ গবেষণাবিষয়ক শীর্ষ প্রতিষ্ঠান সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, শিশুটির মা গত বছরের মে মাসে ব্রাজিলে থাকার সময় ওই ভাইরাসে আক্রান্ত হন। গর্ভে থাকা অবস্থায় তাঁর সন্তানও ভাইরাসটিতে আক্রান্ত হয়।
গত শুক্রবার মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে—ক্যারিবীয় ও লাতিন আমেরিকার এমন ১৪টি দেশে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেন।
সিডিসির ওয়েবসাইটে উল্লেখ করা তথ্য অনুযায়ী জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সাধারণ উপসর্গ হলো, অস্থিসন্ধিতে ব্যথা, জ্বর, ফুসকুড়ি ওঠা এবং চোখ লাল হওয়া। এ রোগে আক্রান্ত ব্যক্তির অসুস্থতার তীব্রতা বেশি নয়। আক্রান্ত মানুষ কয়েক দিন থেকে এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যায়। এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা বিরল।
আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ এবং আমেরিকা মহাদেশ অঞ্চলে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে। এই ভাইরাস ছড়ানোর জন্য দায়ী এডিস প্রজাতির মশা বিশ্বের সবখানেই রয়েছে।