ক্ষতিপূরণ গুনতে হচ্ছে 'জেঅ্যান্ডজে'কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসনের (জেঅ্যান্ডজে) পাউডার ব্যবহার করে জরায়ু ক্যানসারে আক্রান্ত হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে বাদীপক্ষকে ১১ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ পরিশোধ করতে প্রতিষ্ঠানটিকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। জনসনের বেবি পাউডার ও কয়েকটি সামগ্রী ব্যবহারে ক্যানসারের ঝুঁকির বিষয়ে সতর্ক না করায় এই জরিমানা করেছেন সেন্ট লুই আদালত।

২০১২ সালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার লয়েজ স্লেম্প নামের এক নারী অভিযোগ করেন, চার দশক ধরে ট্যালক পণ্য ব্যবহারের কারণে জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। তাঁর অভিযোগ, বেবি পাউডার ও গোসলের বিভিন্ন প্রসাধনী ব্যবহারে ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে—এমন কোনো নির্দেশনা দেয়নি জেঅ্যান্ডজে। যার কারণে এখন ক্যানসারে আক্রান্ত তিনি।

লয়েজ স্লেম্প বর্তমানে ক্যানসারের কেমোথেরাপি নিচ্ছেন। ক্যানসার তাঁর শরীরের যকৃৎ (লিভার) পর্যন্ত ছড়িয়ে গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ট্যালক ব্যবহারে জরায়ুর ক্যানসারের ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে—বিষয়টি এখনো প্রমাণিত নয়। এই রায়ের বিপরীতে আপিল করবে জেঅ্যান্ডজে।

তবে লয়েজ স্লেম্পের আইনজীবী বলেন, ‘আমরা আবারও দেখলাম, এই কোম্পানি বৈজ্ঞানিক প্রমাণ উপেক্ষা করেছে এবং যুক্তরাষ্ট্রের নারীদের প্রতি তাদের যে দায়িত্ব রয়েছে, তা অস্বীকার করেছে।’ জেঅ্যান্ডজে বলছে, ক্যানসারে আক্রান্ত হওয়ায় ওই নারীর প্রতি তাঁদের সমবেদনা রয়েছে। তবে এই রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন।

এই রায়ের ফলে আবারও সংকটে পড়েছে কোম্পানিটি। এর আগেও একই ধরনের বেশ কয়েকটি মামলায় জরিমানার মুখে পড়ে তারা। এর মধ্যে তিনটি মামলায় ৭ কোটি ২০ লাখ ডলার, ৭ কোটি ও সাড়ে ৫ কোটি ডলার জরিমানা গুনতে হয় কোম্পানিটিকে। এ ছাড়া দেশটির সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আরও বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে জেঅ্যান্ডজের বিরুদ্ধে।

বেশ কয়েক বছর ধরেই ট্যালকের ব্যবহারে ক্যানসারের ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে—এই বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে জরায়ুর ক্যানসার। তবে এ বিষয়ে সব প্রমাণ অকাট্য নয়। ক্যানসারের গবেষণায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোও এ বিষয়ে ‘সম্ভাবনা’ রয়েছে বলে উল্লেখ করেছে। খনিজ উপাদান অভ্রকে (ট্যালক) প্রাকৃতিক অবস্থায় অ্যাসবেসটস থাকে। অ্যাসবেটসের কারণে ক্যানসারের ঝুঁকি তৈরি হয়। যদিও ১৯৭০ সাল থেকে অ্যাসবেটসমুক্ত ট্যালক ব্যবহার করা হয় বিভিন্ন পাউডারসামগ্রীতে। তবে অ্যাসবেটসমুক্ত ট্যালক নিয়েও গবেষণায় বিপরীত ফলাফল পাওয়া যায়। এ ছাড়া কতটুকু ট্যালক থাকলে ক্যানসারের ঝুঁকি থাকতে পারে, তাও জানা যায়নি। সূত্র: বিবিসি অনলাইন।